নিউইয়র্কে সিটি পার্কের কাজে ২০ জন নিয়োগ, ঘণ্টায় বেতন ১৯ ডলার
নিউইয়র্ক সিটির পরিবেশ সুরক্ষা বিভাগে মৌসুমি কর্মী নিয়োগ চলছে। শিক্ষাগত যোগ্যতা বা পূর্ব অভিজ্ঞতার বাধ্যবাধকতা নেই, তবে নিউইয়র্ক স্টেটের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
১ মিনিটে পড়ুন
নিউইয়র্ক সিটির পরিবেশ সুরক্ষা বিভাগে ‘সিজনাল সিটি পার্ক ওয়ার্কার’ পদে ২০ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গত ১৭ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এটি পূর্ণকালীন মৌসুমি চাকরি।
নিয়োগপ্রাপ্ত কর্মীরা ঘণ্টায় ১৯ দশমিক ৩২ ডলার বেতন পাবেন। কর্মস্থল ব্রুকলিনের ৩২৯ গ্রিনপয়েন্ট অ্যাভিনিউ। তবে দায়িত্ব অনুযায়ী নিউইয়র্ক সিটির বিভিন্ন এলাকায় কাজ করতে হতে পারে।
কাজের মধ্যে রয়েছে বাগান ও সবুজ অবকাঠামো রক্ষণাবেক্ষণ, গাছপালা পরিচর্যা, আগাছা পরিষ্কার, তুষার সরানো, ময়লা-আবর্জনা পরিষ্কার, ড্রেনেজ ব্যবস্থা দেখাশোনা এবং প্রয়োজনীয় ছোটখাটো মেরামত।
আবেদনের জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা বা পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়। তবে নিউইয়র্ক স্টেটের বৈধ মোটরযান চালানোর লাইসেন্স থাকতে হবে। শারীরিকভাবে কাজ করার সক্ষমতাও প্রয়োজন।
নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী রাত ও সপ্তাহান্তেও কাজ করতে হতে পারে। পদটি এন্ট্রি-লেভেলের এবং আলাদা কোনো নিয়োগ পরীক্ষা প্রয়োজন নেই।
আগ্রহীরা ১৬ জানুয়ারি ২০২৭ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে সরকারি বিজ্ঞপ্তিতে যোগ্যতা, দায়িত্ব ও অন্যান্য শর্ত ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।