দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে বাংলাদেশ ফিলিপাইন সহযোগিতা বাড়াতে রাষ্ট্রদূতের সঙ্গে প্রতিনিধিদলের বৈঠক
বাংলাদেশের দক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ ও আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে ফিলিপাইনের অভিজ্ঞতা কাজে লাগাতে দেশটির রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় করেছে বিপিএসএসডি ফাউন্ডেশনের প্রতিনিধিদল। সোমবার (২৩ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের মধ্যে প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকায় ফিলিপাইন দূতাবাসে দেশটির রাষ্ট্রদূত মিসেস নিনা পি. কেইংলেটের (H.E. Nina P. Cainglet) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ফাউন্ডেশনের একটি প্রতিনিধিদল।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ফাউন্ডেশনের সভাপতি ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম।
সাক্ষাৎকালে বাংলাদেশের বেসরকারি দক্ষতা উন্নয়ন খাতের কার্যক্রম, প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সক্ষমতা, শিল্পের চাহিদাভিত্তিক প্রশিক্ষণ এবং দেশি-বিদেশি শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি তৈরির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি), আন্তর্জাতিক শ্রমবাজারের জন্য কর্মী প্রস্তুতকরণ এবং বিদেশে কর্মসংস্থান সৃষ্টিতে ফিলিপাইনের দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন তারা।
আলোচনায় বাংলাদেশের দক্ষতা উন্নয়ন কার্যক্রমের সঙ্গে ফিলিপাইনের সফল প্রশিক্ষণ মডেল ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরির বিষয়টি গুরুত্ব পায়।
রাষ্ট্রদূত ফিলিপাইনের দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক কর্মসংস্থান খাতের অভিজ্ঞতা তুলে ধরেন। বাংলাদেশের প্রেক্ষাপটে এসব অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে তিনি বিভিন্ন পরামর্শ দেন। পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মীদের উপযোগিতা বাড়াতে ভাষাগত দক্ষতা, ব্যবহারিক অভিজ্ঞতা, পেশাগত প্রস্তুতি এবং আন্তর্জাতিক কর্মপরিবেশ সম্পর্কে ধারণা অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে বিপিএসএসডি ফাউন্ডেশনের প্রতিনিধিদল বাংলাদেশের বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, অবদান ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরে। উভয় পক্ষ ভবিষ্যতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন ফাউন্ডেশনের সহসভাপতি এস. আই. মজুমদার ও মোছা. মমতাজ বেগম, সাধারণ সম্পাদক মো. মারুফ হোসেন, কোষাধ্যক্ষ আলিউজ্জামান মিনা, উপদেষ্টা মো. আনিসুজ্জামান এবং কনসালটেন্ট মো. মোসলেহ উদ্দিন দিপু।
ফাউন্ডেশনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও ফিলিপাইনের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে দক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ ও আন্তর্জাতিক কর্মসংস্থান বিষয়ে সহযোগিতা, জ্ঞান বিনিময় এবং যৌথ উদ্যোগের নতুন সুযোগ তৈরি হবে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।