প্রথমবার তিন বাহিনীর বিশেষ কমান্ডোদের যৌথ মহড়া দেখলেন তারেক রহমান
স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষায়িত কমান্ডো ইউনিটের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো প্রথম ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’। চূড়ান্ত অনুশীলন ও দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জাম প্রদর্শনী পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৬,৯৬৩ বার পড়া হয়েছে ১ মিনিটে পড়ুন
বাংলাদেশের সশস্ত্র বাহিনীর তিনটি বিশেষায়িত ইউনিটের অংশগ্রহণে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে অবস্থিত স্বর্ণদ্বীপে অনুষ্ঠিত এই বিশেষ মহড়ায় তিন বাহিনীর সদস্যরা অংশ নেন।
মহড়া চলাকালে প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন। পাশাপাশি অনুশীলনস্থলে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তা এবং সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
বিশেষ এই যৌথ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ (সোয়াডস) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়। তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বয়ে এ ধরনের মহড়া প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে।
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে প্রাকৃতিকভাবে জেগে ওঠা দ্বীপটি স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
গত এক যুগেরও বেশি সময়ে স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর বিভিন্ন সামরিক মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। তবে এবারই প্রথম সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট একই বিশেষ মহড়ায় অংশ নিয়েছে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।