দিল্লিসহ বিশ্বের যেকোনো বাংলাদেশ মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা
বিদেশে বাংলাদেশের যেকোনো কূটনৈতিক মিশনে শেখ হাসিনা গেলে তাঁকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণাকে রাজনৈতিক কৌশল বলে মন্তব্য করেছেন তিনি।
৬৯,৪৮৯ বার পড়া হয়েছে ৩ মিনিটে পড়ুন
বিদেশে বাংলাদেশের ৮৪টি কূটনৈতিক মিশনের যেকোনোটিতে গেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এর মধ্যে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনও রয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, বিদেশে বাংলাদেশের ৮৪টি মিশনকে বাংলাদেশি ভূখণ্ড হিসেবে বিবেচনা করা হয়। এসব মিশনের যেকোনোটিতে শেখ হাসিনা গেলে তাঁকে গ্রেপ্তার করা হবে। তবে তিনি বর্তমানে কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে সরকার নিশ্চিত নয় বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৬ বা ১৭ ডিসেম্বর তিনি দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। এ ক্ষেত্রে আইনের বাইরে কোনো সুযোগ দেওয়া হবে না।
সম্প্রতি রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে ভারতে অবস্থান থেকে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন। তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাতে প্রতিবেদনে বলা হয়, দিল্লি থেকে ঢাকায় ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের ব্যবস্থা করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
তবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বিমান, হেলিকপ্টার, বাস, গাড়ি কিংবা অন্য কোনো যানবাহন পাঠানোর বিষয়ে সরকারের কারও সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন শামা ওবায়েদ। তিনি দেশে ফেরার ঘোষণাকে রাজনৈতিক কৌশল হিসেবেও উল্লেখ করেন।
শেখ হাসিনাসহ বিদেশে অবস্থানরত দণ্ডিত ও অভিযুক্ত ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনতে ভারতসহ সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, জুলাই-আগস্টের হত্যাকাণ্ড, গুম এবং সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের পাশাপাশি ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
শামা ওবায়েদের বক্তব্য অনুযায়ী, এ বিষয়ে ভারতের সঙ্গে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ রাখা হচ্ছে। তবে প্রত্যর্পণ প্রক্রিয়ার অগ্রগতি বা নির্দিষ্ট সময়সীমা সম্পর্কে তিনি বিস্তারিত জানাননি।
শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার বিষয়ে করা আবেদনের প্রসঙ্গেও সরকারের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি জানান, যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্সের পক্ষ থেকে শেখ হাসিনার হয়ে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ই-মেইল পাঠানো হয়েছে। পরে এ বিষয়ে আবারও যোগাযোগ করা হয়েছে।
শামা ওবায়েদ বলেন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র দিতে সরকার বাধ্য নয়। তবে এ বিষয়ে প্রযোজ্য আইনি প্রক্রিয়া আইন মন্ত্রণালয় দেখছে বলে তিনি জানান।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান। পরবর্তী সময়ে ২০২৪ সালের আন্দোলন দমনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। শেখ হাসিনা এই রায় প্রত্যাখ্যান করেছেন।
বাংলাদেশ সরকার তাঁকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে। ভারত এর আগে জানিয়েছিল, বাংলাদেশের অনুরোধটি পর্যালোচনা করা হচ্ছে। তবে সর্বশেষ অনুরোধের বিষয়ে ভারতের পক্ষ থেকে নতুন কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।