বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও ডিজিটাল রূপান্তরে সহযোগিতা করতে আগ্রহী ইউনেস্কো
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়ন, ডিজিটাল রূপান্তর ও শিক্ষক প্রশিক্ষণের আধুনিকায়নে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো। এ লক্ষ্যে শিক্ষা খাতের সক্ষমতা বৃদ্ধি ও সময়োপযোগী শিক্ষানীতি প্রণয়নে সরকারের সঙ্গে কাজ করতে চায় সংস্থাটি।
সোমবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিনের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজ।
বৈঠকে বাংলাদেশের শিক্ষা খাতের সক্ষমতা বৃদ্ধি, সময়োপযোগী শিক্ষানীতি প্রণয়ন এবং শিক্ষকতা পেশার পেশাদারিত্ব উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন সুসান ভাইজ। তিনি সব মাধ্যমের শিক্ষকদের জন্য সমন্বিত নীতিমালা প্রণয়ন, প্রাক্-চাকরি প্রশিক্ষণ এবং নিয়মিত পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এ সময় শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করা, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, যথাযথ মূল্যায়ন পদ্ধতি, স্বাস্থ্য শিক্ষা ও টেকসই উন্নয়ন নিয়েও আলোচনা হয়। পাশাপাশি ভালো ফলাফল অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ বাজেট বরাদ্দের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
বৈঠকে দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন মাহ্দী আমিন। তিনি জানান, শিক্ষার মানোন্নয়নে ডিজিটাল কনটেন্ট ও এডটেক (শিক্ষা প্রযুক্তি) খাতে বেসরকারি অংশীদারত্ব বাড়াতে কাজ করছে সরকার।
শিক্ষকদের দক্ষতা ও পাঠদানের মান বাড়াতে ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মাল্টিমিডিয়া ও আধুনিক শ্রেণিকক্ষ প্রতিষ্ঠার কার্যক্রমও চলছে। এসব উদ্যোগের মাধ্যমে উন্নত শিক্ষা উপকরণ ও ডিজিটাল কনটেন্ট দেশের প্রত্যন্ত ও গ্রামীণ অঞ্চলের শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ ছাড়া পাঠদানের গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকদের জন্য কার্যকর মনিটরিং ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা।
বৈঠকে ইউনেস্কো ঢাকা অফিসের হেড অব এডুকেশন নরিহিদে ফুরাওকাও উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ ঐকমত্য পোষণ করে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।