যুক্তরাষ্ট্রে ঘণ্টায় ২২ ডলারে চাকরি, বাংলা জানা বাংলাদেশিদের জন্য নিউইয়র্কে বাড়তি সুযোগ তৈরি হচ্ছে
যুক্তরাষ্ট্রে চাকরি করতে আগ্রহী বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। নিউইয়র্ক পাবলিক লাইব্রেরিতে ঘণ্টায় ২২ ডলার বেতনে পার্টটাইম আফটার স্কুল টিউটর পদে কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। বিশেষ সুবিধা হলো, বাংলা ভাষায় দক্ষ প্রার্থীরা নিয়োগের ক্ষেত্রে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবেন।
নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির অফিসিয়াল ক্যারিয়ার ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, লাইব্রেরির আফটার স্কুল কর্মসূচির আওতায় এ নিয়োগ দেওয়া হচ্ছে। নির্বাচিত প্রার্থীদের ছয় থেকে ১২ বছর বয়সী শিশুদের পড়াশোনায় সহায়তা করতে হবে। স্কুল শেষে লাইব্রেরিতে আসা শিশুদের বিনা মূল্যে হোমওয়ার্কে সহায়তা এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করাই হবে এ পদের মূল দায়িত্ব।
নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে নিউইয়র্কের ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইডে অবস্থিত ব্লুমিংডেল লাইব্রেরি। এটি সরাসরি লাইব্রেরিতে উপস্থিত থেকে করার পার্টটাইম চাকরি। এ পদে ঘণ্টাপ্রতি ২২ ডলার বেতন দেওয়া হবে।
কর্মঘণ্টা ও বেতন
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সপ্তাহে চার দিন, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কাজ করতে হবে। প্রতিদিন চার ঘণ্টা করে সপ্তাহে মোট ১৬ ঘণ্টা দায়িত্ব পালন করতে হবে। প্রতিদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে চার ঘণ্টার শিফট নির্ধারণ করা হবে।
সে হিসাবে সপ্তাহে মোট বেতন দাঁড়াবে ৩৫২ ডলার। চার সপ্তাহে আয় হবে ১ হাজার ৪০৮ ডলার। আর বছরে ৫২ সপ্তাহ ধরে মাসিক গড় আয় দাঁড়াবে প্রায় ১ হাজার ৫২৫ ডলার। এসব হিসাব কর কাটার আগের সম্ভাব্য আয়। তবে স্কুলের ছুটি, সরকারি ছুটি ও কর্মসূচির বিরতির কারণে প্রকৃত আয় কম হতে পারে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
এ পদে আবেদন করতে হলে স্বীকৃত ও অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে যারা বর্তমানে কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক পর্যায়ে পড়াশোনা করছেন, তারাও আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে স্নাতক পর্যায়ের অন্তত দুই বছরের পড়াশোনা সম্পন্ন হতে হবে।
এ ছাড়া শিশু বা কিশোরদের নিয়ে আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক শিক্ষামূলক পরিবেশে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের গণিত, বিজ্ঞান, পড়া, ইংরেজি ভাষা ও সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে পড়ানো বা টিউশনি করানোর অভিজ্ঞতাও প্রয়োজন।
যেসব দক্ষতা থাকতে হবে
আবেদনকারীদের ছয় থেকে ১২ বছর বয়সী শিশুদের সঙ্গে কার্যকরভাবে যোগাযোগ এবং তাদের বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত করার দক্ষতা থাকতে হবে। একই সঙ্গে শিশুদের অভিভাবক, সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভালোভাবে যোগাযোগ করতে জানতে হবে।
ব্যস্ত পরিবেশে একাধিক কাজ সামলানোর সক্ষমতা এবং পরিস্থিতি অনুযায়ী নমনীয়ভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে। প্রাথমিক পর্যায়ের গণিত, বিজ্ঞান, ইংরেজি ভাষা ও সামাজিক বিজ্ঞানের মৌলিক বিষয়গুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
এ ছাড়া কম্পিউটার ও প্রযুক্তির সাধারণ ব্যবহার জানতে হবে। বিশেষ করে গুগল অ্যাপ্লিকেশন এবং মাইক্রোসফট অফিস ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
বাংলা জানা প্রার্থীরা পাবেন বাড়তি সুবিধা
এ নিয়োগ বিজ্ঞপ্তির অন্যতম আকর্ষণীয় দিক হলো, দ্বিতীয় ভাষায় দক্ষতাকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। বিশেষ করে আরবি, বাংলা, চীনা, ফরাসি, স্প্যানিশ ও উর্দু ভাষায় যোগাযোগের দক্ষতা থাকলে তা নিয়োগের ক্ষেত্রে বাড়তি সুবিধা দিতে পারে।
ফলে বাংলা ভাষায় যোগাযোগে দক্ষ নিউইয়র্কের বাংলাদেশি প্রার্থীদের জন্য এটি একটি সম্ভাবনাময় সুযোগ। তবে বাংলা জানা এ পদের জন্য বাধ্যতামূলক নয়। একই সঙ্গে শুধু বাংলা ভাষা জানার কারণে চাকরি নিশ্চিত হবে না; বিজ্ঞপ্তিতে উল্লেখ করা অন্যান্য শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতাও পূরণ করতে হবে।
কী কী দায়িত্ব পালন করতে হবে
নিয়োগপ্রাপ্ত টিউটরদের মূলত লাইব্রেরির আফটার স্কুল কর্মসূচি পরিচালনার দায়িত্ব পালন করতে হবে। এ কর্মসূচিতে শিশুদের বিনা মূল্যে হোমওয়ার্ক সহায়তা ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এতে আগে থেকে নিবন্ধনের প্রয়োজন নেই; শিশুরা প্রতিদিন নিজেদের সুবিধামতো এসে অংশ নিতে পারবে।
দায়িত্বের মধ্যে থাকবে ছয় থেকে ১২ বছর বয়সী শিশুদের স্বাগত জানানো, তাদের হোমওয়ার্ক ও শিক্ষামূলক কার্যক্রমে সহায়তা করা এবং ব্যক্তিগতভাবে কিংবা দলগতভাবে পড়াশোনায় সহযোগিতা করা।
গণিত, পড়া, সামাজিক বিজ্ঞান ও বিজ্ঞানের মতো বিভিন্ন বিষয়ে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী সহায়তা দিতে হবে। পাশাপাশি শিশুদের পড়ার অভ্যাস গড়ে তুলতে আকর্ষণীয় শিক্ষামূলক কার্যক্রম তৈরি ও পরিচালনা করতে হবে।
এ ছাড়া অভিভাবকদের কর্মসূচি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানানো, শিক্ষার্থীদের উপস্থিতি ও পরিসংখ্যান সংরক্ষণ, শিক্ষা উপকরণ গুছিয়ে রাখা এবং লাইব্রেরির অন্যান্য কর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। প্রয়োজনে কর্মসূচির সঙ্গে যুক্ত তরুণ কর্মীদেরও দিকনির্দেশনা দিতে হবে।
কত দিন চলবে নিয়োগ কার্যক্রম
নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির বিজ্ঞপ্তিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আফটার স্কুল কর্মসূচির সময়কাল ১৪ সেপ্টেম্বর ২০২৬ থেকে ৯ জুন ২০২৭ পর্যন্ত উল্লেখ করা হয়েছে। কর্মীদের জন্য ৩১ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বরের মধ্যে বাধ্যতামূলক ওরিয়েন্টেশন কর্মশালার ব্যবস্থাও রাখা হয়েছিল।
নিউইয়র্ক সিটির স্কুল বন্ধ থাকা, সরকারি ছুটি এবং কর্মসূচির নির্ধারিত বিরতির দিনগুলোতে টিউটরদের নিয়মিত কাজ করতে হবে না। গ্রীষ্মকালীন ছুটির সময়ও নিয়মিত কর্মসূচি বন্ধ থাকবে। তবে মাঝেমধ্যে অতিরিক্ত সময় দিয়ে স্টাফ মিটিং ও পেশাগত প্রশিক্ষণে অংশ নিতে হতে পারে।
কীভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীরা নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির অফিসিয়াল ক্যারিয়ার ওয়েবসাইটে গিয়ে ‘NYPL After School Tutor - Bloomingdale Library’ পদটি খুঁজে আবেদন করতে পারবেন।
আবেদনের আগে শিক্ষাগত যোগ্যতা, শিশুদের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং ভাষাগত দক্ষতার তথ্য সঠিকভাবে উল্লেখ করতে হবে। চাকরিটি নিউইয়র্কে সরাসরি উপস্থিত থেকে করতে হবে। তাই যুক্তরাষ্ট্রে বৈধভাবে কাজ করার অনুমতি ও প্রয়োজনীয় অন্যান্য শর্ত পূরণ করতে হবে। শুধু বাংলাদেশে অবস্থান করে আবেদন করলেই যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি বা ভিসা পাওয়া যাবে—এমন কোনো নিশ্চয়তা নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া হয়নি।
নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ও আবেদন করতে ভিজিট করুন নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির অফিসিয়াল ক্যারিয়ার ওয়েবসাইট:
https://nypl.pinpointhq.com/en/postings/fc8f35cf-7d83-4ba7-b6fb-64aa0d977232
আবেদনের আগে পদটি এখনো খালি আছে কি না এবং আবেদন গ্রহণ করা হচ্ছে কি না, তা ওয়েবসাইটে যাচাই করে নেওয়া জরুরি।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।