ভ্রমণের খরচে ক্রেডিট কার্ডের বাড়তি সুবিধা মিলবে কি, জানুন গুরুত্বপূর্ণ নিয়মগুলো
ক্রেডিট কার্ডে ভ্রমণ সুবিধা থাকলেও সব ভ্রমণসংক্রান্ত কেনাকাটায় বাড়তি পয়েন্ট বা নগদ অর্থ ফেরত পাওয়া যায় না। বিমান, হোটেল, গাড়ি ভাড়া কিংবা বুকিংয়ের মাধ্যম অনুযায়ী লেনদেনের শ্রেণি বদলে যেতে পারে। তাই কেনাকাটার আগে কার্ডের নিয়ম জানা জরুরি।
ভ্রমণের সময় ক্রেডিট কার্ড ব্যবহার করে বাড়তি পয়েন্ট, পুরস্কার কিংবা নগদ অর্থ ফেরত পাওয়ার সুযোগ খোঁজেন অনেক গ্রাহক। বিশেষ করে যুক্তরাষ্ট্রে বিভিন্ন ব্যাংকের ভ্রমণভিত্তিক ক্রেডিট কার্ডে বিমান টিকিট, হোটেল বুকিং, গাড়ি ভাড়া এবং অন্যান্য ভ্রমণসেবায় অতিরিক্ত সুবিধা দেওয়া হয়। তবে ভ্রমণের সঙ্গে সম্পর্কিত হলেই সব কেনাকাটা এই সুবিধার আওতায় পড়ে না। অনেক সময় ভ্রমণের জন্য করা কেনাকাটাও সাধারণ কেনাকাটা হিসেবে বিবেচিত হয়। ফলে গ্রাহক প্রত্যাশিত পয়েন্ট বা আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হন।
গত ১৩ নভেম্বর প্রকাশিত ইয়াহু ফাইন্যান্সের এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ক্রেডিট কার্ডে কোনো কেনাকাটা ভ্রমণ খরচ হিসেবে গণ্য হবে কি না, তা নির্ভর করে কার্ড প্রদানকারী প্রতিষ্ঠানের নিয়ম এবং সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানের লেনদেনের শ্রেণিবিন্যাসের ওপর।
সাধারণত এ ক্ষেত্রে চার অঙ্কের একটি ব্যবসায়িক শ্রেণিবিন্যাস নম্বর ব্যবহার করা হয়। এই নম্বরের মাধ্যমে কোনো প্রতিষ্ঠান কী ধরনের পণ্য বিক্রি করে কিংবা কী ধরনের সেবা দেয়, তা নির্ধারণ করা হয়। ব্যাংক ও কার্ড প্রদানকারী প্রতিষ্ঠান এই শ্রেণিবিন্যাস অনুসরণ করে গ্রাহকের কেনাকাটাকে ভ্রমণ, খাবার, জ্বালানি অথবা সাধারণ কেনাকাটার অন্তর্ভুক্ত করে।
এ কারণে একজন গ্রাহক ভ্রমণের উদ্দেশ্যে কোনো দোকান থেকে প্রয়োজনীয় জিনিস কিনলেও সেটি ভ্রমণ খরচ হিসেবে বিবেচিত নাও হতে পারে। উদাহরণস্বরূপ, বিমানযাত্রার আগে কোনো বড় দোকান থেকে ভ্রমণের ব্যাগ, পোশাক, প্রসাধনী কিংবা অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী কিনলে সেগুলো সাধারণ কেনাকাটা হিসেবে গণ্য হতে পারে। কারণ পণ্য কেনার উদ্দেশ্য নয়, বরং বিক্রেতা প্রতিষ্ঠানের ব্যবসায়িক পরিচয় লেনদেনের শ্রেণি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সাধারণত বিমান টিকিট, হোটেলে অবস্থান, গাড়ি ভাড়া, প্রমোদতরিতে ভ্রমণ, যাত্রীবাহী ট্রেন, বাস, ফেরি এবং নির্দিষ্ট পরিবহনসেবার খরচ অনেক কার্ডে ভ্রমণ খরচ হিসেবে স্বীকৃত। তবে সব ব্যাংক একই নিয়ম অনুসরণ করে না। কোনো কার্ডে নির্দিষ্ট সেবা ভ্রমণ খরচ হিসেবে বিবেচিত হলেও অন্য কার্ডে সেটি সাধারণ কেনাকাটা হিসেবে গণ্য হতে পারে।
তৃতীয় পক্ষের মাধ্যমে বিমান টিকিট কিংবা হোটেল বুকিংয়ের ক্ষেত্রেও বিশেষ সতর্কতা প্রয়োজন। সরাসরি বিমান সংস্থা বা হোটেল থেকে বুকিং করলে যে সুবিধা পাওয়া যায়, অন্য কোনো বুকিং প্রতিষ্ঠানের মাধ্যমে একই সেবা কিনলে তা নাও পাওয়া যেতে পারে। আবার কোনো কোনো কার্ডে নিজস্ব ভ্রমণ বুকিং ব্যবস্থার মাধ্যমে কেনাকাটা করলে বেশি পয়েন্ট দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের চেজ ব্যাংকের স্যাফায়ার রিজার্ভ কার্ড এর একটি উদাহরণ। এই কার্ডে নিজস্ব ভ্রমণ বুকিং ব্যবস্থার মাধ্যমে যোগ্য বিমান, হোটেল, গাড়ি ভাড়া, প্রমোদতরি এবং অন্যান্য ভ্রমণসেবা কিনলে প্রতি ডলারে আট গুণ পর্যন্ত পয়েন্ট পাওয়া যায়। অন্যদিকে সরাসরি বিমান ও হোটেল বুকিংয়ের ক্ষেত্রে প্রতি ডলারে চার গুণ পয়েন্ট দেওয়া হয়।
একই ব্যাংকের স্যাফায়ার প্রেফার্ড কার্ডে নিজস্ব ভ্রমণ বুকিং ব্যবস্থায় যোগ্য কেনাকাটায় প্রতি ডলারে পাঁচ গুণ এবং অন্যান্য যোগ্য ভ্রমণ খরচে দুই গুণ পয়েন্ট পাওয়া যায়। নির্দিষ্ট ছুটির বাসস্থান ভাড়ার ক্ষেত্রেও এই কার্ডে বাড়তি পয়েন্টের সুযোগ রয়েছে। তবে কার্ডের ধরন এবং বুকিংয়ের পদ্ধতি অনুযায়ী সুবিধা আলাদা হয়।
এয়ারবিএনবি ও ভিআরবিওর মতো অনলাইন মাধ্যমে ছুটির বাসস্থান ভাড়া নেওয়ার ক্ষেত্রেও একই ধরনের পার্থক্য রয়েছে। কিছু কার্ডে এসব প্রতিষ্ঠানের মাধ্যমে বুকিং করলে অতিরিক্ত পয়েন্ট পাওয়া যায়, আবার কিছু কার্ডে সেই সুবিধা নেই। চেজের স্যাফায়ার প্রেফার্ড কার্ডে নির্দিষ্ট ছুটির বাসস্থান ভাড়ায় তিন গুণ পয়েন্টের সুবিধা থাকলেও স্যাফায়ার রিজার্ভ কার্ডে একই ধরনের সাধারণ পুরস্কার সুবিধা নেই।
বিমানবন্দরের দোকান থেকে কেনাকাটা, বিমানের ভেতরে খাবার ও পানীয় কেনা কিংবা ভ্রমণের সময় বিভিন্ন দোকানে অর্থ ব্যয় করার ক্ষেত্রেও গ্রাহকদের সতর্ক থাকতে হবে। এসব লেনদেন সব সময় ভ্রমণ খরচ হিসেবে বিবেচিত হয় না। এমনকি হোটেলের ভেতরে থাকা রেস্তোরাঁয় খাবার খেলে সেটি হোটেল খরচের পরিবর্তে খাবারের খরচ হিসেবে চিহ্নিত হতে পারে।
প্রমোদতরিতে ভ্রমণের সময় জাহাজের ভেতরে কেনাকাটা, বিনোদনমূলক কার্যক্রম কিংবা তীরভ্রমণের খরচও আলাদা শ্রেণিতে পড়তে পারে। তাই ভ্রমণের সময় করা প্রতিটি লেনদেনের জন্য একই ধরনের পুরস্কার পাওয়া যাবে, এমন ধারণা সঠিক নয়।
চেজের প্রকাশিত নিয়ম অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানের ব্যবসায়িক শ্রেণি নির্ধারণের ক্ষেত্রে তার প্রধান ব্যবসার ধরন গুরুত্বপূর্ণ। কোনো প্রতিষ্ঠান দেখতে ভ্রমণসংশ্লিষ্ট মনে হলেও তার লেনদেন অন্য শ্রেণিতে নিবন্ধিত থাকলে অতিরিক্ত পয়েন্ট পাওয়া নাও যেতে পারে। তৃতীয় পক্ষের অর্থ পরিশোধ ব্যবস্থা ব্যবহার করলেও একই সমস্যা দেখা দিতে পারে।
এ পরিস্থিতিতে গ্রাহকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কেনাকাটার আগে নিজেদের ক্রেডিট কার্ডের শর্ত ভালোভাবে পড়ে নেওয়া। কোন প্রতিষ্ঠান থেকে কেনাকাটা করলে অতিরিক্ত পয়েন্ট পাওয়া যাবে, সরাসরি বুকিং প্রয়োজন কি না এবং কোন ধরনের খরচ সুবিধার বাইরে থাকবে, তা আগে জেনে নেওয়া উচিত।
এ ছাড়া শুধু বাড়তি পয়েন্ট পাওয়ার আশায় প্রয়োজনের বাইরে কেনাকাটা করা উচিত নয়। কার্ডের বার্ষিক ফি, সুদের হার, বিদেশে লেনদেনের মাশুল এবং পুরস্কারের প্রকৃত আর্থিক মূল্য বিবেচনা করা প্রয়োজন। প্রতি মাসের বিল নির্ধারিত সময়ে পরিশোধ না করলে সুদের কারণে অর্জিত সুবিধার চেয়ে আর্থিক ক্ষতি বেশি হতে পারে।
ক্রেডিট কার্ডে ভ্রমণ সুবিধা পাওয়ার ক্ষেত্রে শুধু কেনাকাটার উদ্দেশ্য নয়, লেনদেনের ব্যবসায়িক শ্রেণি এবং বুকিংয়ের মাধ্যমও গুরুত্বপূর্ণ। তাই ভ্রমণের পরিকল্পনার পাশাপাশি নিজের কার্ডের নিয়ম জানা থাকলে অপ্রত্যাশিত সমস্যা এড়ানো এবং প্রাপ্য আর্থিক সুবিধা কাজে লাগানো সম্ভব।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।