যুক্তরাষ্ট্রে প্রথমবার পাসপোর্টের আবেদনও ঘরে বসে, ১৬ নভেম্বর থেকে নতুন সেবা
যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য প্রথমবার পাসপোর্টের আবেদন অনলাইনে করার পরীক্ষামূলক সুযোগ চালু হচ্ছে ১৬ নভেম্বর থেকে। তবে এ সুবিধা পেতে বয়স, নাগরিকত্ব ও পরিচয় যাচাইসহ নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে।
যুক্তরাষ্ট্রের নাগরিকদের পাসপোর্ট আবেদনপ্রক্রিয়া সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। আগামী ১৬ নভেম্বর ২০২৬ থেকে প্রথমবার পাসপোর্টের আবেদনসহ নির্দিষ্ট কিছু আবেদন অনলাইনে গ্রহণের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হচ্ছে। এর ফলে যোগ্য নাগরিকেরা ঘরে বসেই পাসপোর্টের আবেদন জমা দিতে পারবেন। আবেদন জমা দেওয়ার জন্য তাঁদের আর সরাসরি ডাকঘর, গ্রন্থাগার কিংবা নির্ধারিত আবেদনকেন্দ্রে যেতে হবে না।
এত দিন যুক্তরাষ্ট্রে প্রথমবার পাসপোর্ট করতে চাইলে আবেদনকারীকে সাধারণত নির্ধারিত আবেদনকেন্দ্রে সশরীরে উপস্থিত হয়ে আবেদনপত্র, পরিচয়পত্র ও নাগরিকত্বের প্রমাণ জমা দিতে হতো। নতুন উদ্যোগে নির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন প্রাপ্তবয়স্ক নাগরিকেরা অনলাইনে এই প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ পাবেন। তবে শুরুতেই সব নাগরিক এই সুবিধার আওতায় আসছেন না।
প্রথম পর্যায়ে ১৮ বছর বা তার বেশি বয়সী এবং যুক্তরাষ্ট্রের ভেতরে অবস্থানরত নাগরিকেরা এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন। যাঁরা আগে পূর্ণ মেয়াদের বৈধ মার্কিন পাসপোর্ট পেয়েছেন, কিন্তু প্রচলিত নিয়মে অনলাইনে নবায়নের যোগ্য নন, তাঁরাও নির্দিষ্ট শর্তে আবেদন করতে পারবেন।
এ ছাড়া প্রথমবার পাসপোর্টের আবেদনকারী প্রাপ্তবয়স্ক নাগরিকদের জন্যও সুযোগ রাখা হয়েছে। তবে তাঁদের যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের প্রমাণ হিসেবে নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থার দেওয়া স্বাভাবিকীকরণ সনদ ব্যবহার করতে হবে।
আবেদনকারীর পরিচয় যাচাইয়ের জন্য গ্রহণযোগ্য পরিচয়পত্র থাকতে হবে। এর মধ্যে বৈধ মার্কিন পাসপোর্ট, অঙ্গরাজ্যের দেওয়া বৈধ চালকের অনুমতিপত্র অথবা ছবি সংযুক্ত অচালক পরিচয়পত্র থাকতে পারে। তবে মুঠোফোনে সংরক্ষিত চালকের অনুমতিপত্র এই পরীক্ষামূলক ব্যবস্থায় গ্রহণযোগ্য হবে না।
অনলাইনে আবেদন করতে আগ্রহীদের প্রথমে আমেরিকা ডট গভ ওয়েবসাইটে গিয়ে নিজেদের যোগ্যতা যাচাই করতে হবে। সেখানে আবেদনকারীর নাগরিকত্ব, বয়স এবং জরুরি ভ্রমণের পরিকল্পনা সম্পর্কে তথ্য জানতে চাওয়া হবে।
যোগ্য বলে বিবেচিত হলে আবেদনকারীকে সরকারি পরিচয় যাচাই ব্যবস্থা লগইন ডট গভ-এ প্রবেশ করতে হবে। সেখানে পরিচয়পত্রের তথ্য, সামাজিক নিরাপত্তা নম্বর ও ঠিকানা দিতে হবে। পাশাপাশি ক্যামেরার মাধ্যমে আবেদনকারীর উপস্থিতি যাচাই করা হবে। মুখের ছবি ও পরিচয়পত্রের তথ্য মিলিয়ে পরিচয় নিশ্চিত করার পর মূল আবেদনপ্রক্রিয়ায় প্রবেশ করা যাবে।
এরপর আবেদনকারীকে নিজের নাম, জন্মতারিখসহ ব্যক্তিগত তথ্য যাচাই করতে হবে। প্রয়োজনে বিদেশি নিবন্ধন নম্বর, জরুরি যোগাযোগের তথ্য ও পেশার বিবরণ দিতে হবে। পাসপোর্টের উপযোগী ছবি জমা দিয়ে পাসপোর্টের ধরন এবং সরবরাহের পদ্ধতি নির্বাচন করতে হবে।
আবেদনের শেষ পর্যায়ে আবেদনকারীকে শপথবাক্য পাঠ করে একটি ভিডিও ধারণ করতে হবে। সেখানে তাঁকে ঘোষণা করতে হবে, আবেদনপত্রে দেওয়া সব তথ্য সত্য ও সঠিক। জমা দেওয়া ভিডিও, পরিচয়পত্র ও অন্যান্য তথ্য পাসপোর্ট বিভাগের কর্মকর্তারা যাচাই করবেন। আবেদন গ্রহণযোগ্য হলে নিয়মিত প্রক্রিয়ায় অনুমোদনের জন্য পাঠানো হবে। অনুমোদন পেলে পাসপোর্ট আবেদনকারীর দেওয়া ঠিকানায় ডাকযোগে পাঠানো হবে।
অনলাইনে আবেদন করা গেলেও পাসপোর্টের নির্ধারিত ফি দিতে হবে। সরাসরি উপস্থিত হয়ে আবেদন করার ক্ষেত্রে যে ৩৫ ডলারের আবেদন সম্পাদন ফি নেওয়া হয়, পরীক্ষামূলক অনলাইন ব্যবস্থাতেও তা বহাল থাকবে। এর সঙ্গে পাসপোর্টের ধরন অনুযায়ী মূল পাসপোর্ট ফি যুক্ত হবে। অর্থাৎ অনলাইনে আবেদন করলেই পাসপোর্ট বিনা খরচে পাওয়া যাবে না।
তবে প্রথম পর্যায়ে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া যেসব নাগরিক জন্মসনদ দিয়ে প্রথমবার পাসপোর্ট করতে চান, তাঁরা এই অনলাইন ব্যবস্থায় আবেদন করতে পারবেন না। একইভাবে শুধু স্থায়ী বসবাসের অনুমতিপত্র, কাজের অনুমতিপত্র কিংবা অন্য কোনো অস্থায়ী অভিবাসন নথি থাকলেই মার্কিন পাসপোর্টের আবেদন করা যাবে না। এ সুবিধা পেতে যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়া বাধ্যতামূলক।
যাঁদের আবেদনে আদালতের আদেশ বা বিশেষ হলফনামা প্রয়োজন, তাঁদের প্রচলিত কাগজের আবেদনপদ্ধতি অনুসরণ করতে হতে পারে। প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণেও যোগ্য কোনো কোনো আবেদনকারী প্রথম পর্যায়ে অনলাইনে আবেদন করতে পারবেন না।
পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পরীক্ষামূলক কার্যক্রমের অগ্রগতি ও প্রযুক্তিগত সক্ষমতা বিবেচনা করে ভবিষ্যতে আরও নাগরিককে এই ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে জন্মসনদ, নাগরিকত্বের সনদ এবং বিদেশে জন্মের কনস্যুলার প্রতিবেদন ব্যবহার করে আবেদনকারীদের অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা হবে। বিদেশে অবস্থানরত যোগ্য মার্কিন নাগরিকদের জন্যও ভবিষ্যতে সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তবে এসব সুবিধা চালুর নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
পরিকল্পনা অনুযায়ী, পরীক্ষামূলক কার্যক্রমটি ১৬ নভেম্বর ২০২৬ থেকে ২০ নভেম্বর ২০২৭ পর্যন্ত চলবে। কার্যক্রমের ফলাফল পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও যাঁরা মার্কিন নাগরিকত্ব পেয়েছেন এবং স্বাভাবিকীকরণ সনদ ব্যবহার করে প্রথমবার পাসপোর্টের আবেদন করতে চান, তাঁরা নির্ধারিত শর্ত পূরণ করলে এই সুবিধা পেতে পারেন। এতে আবেদন জমা দেওয়ার জন্য যাতায়াত ও সময়ের ঝামেলা কমবে।
তবে যুক্তরাষ্ট্রে বসবাসরত সব বাংলাদেশি অভিবাসী এই সুবিধা পাবেন না। যাঁরা এখনো নাগরিকত্ব পাননি, তাঁরা এই ব্যবস্থায় মার্কিন পাসপোর্টের আবেদন করতে পারবেন না।
পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ অর্থবছরে প্রথমবার ও নতুন পাসপোর্টের জন্য ব্যবহৃত আবেদনপত্রের মাধ্যমে প্রায় এক কোটি ৩৯ লাখ আবেদন প্রক্রিয়া করা হয়েছে। প্রচলিত কাগজের আবেদন পূরণ করতে গড়ে প্রায় ৮৫ মিনিট সময় লাগে। নতুন অনলাইন ব্যবস্থার মাধ্যমে কতটা সময় ও শ্রম সাশ্রয় করা সম্ভব, তা পরীক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে যাচাই করা হবে।
নতুন ব্যবস্থায় আগ্রহীদের আবেদন করার আগে সরকারি ওয়েবসাইটে যোগ্যতা যাচাই করা উচিত। কারণ অনলাইনে আবেদন করার সুযোগ তৈরি হলেও নাগরিকত্ব, পরিচয় ও অন্যান্য প্রয়োজনীয় শর্ত অপরিবর্তিত থাকছে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।