দুই বছরে পাকিস্তানের সৌন্দর্য দেখতে গেছেন ৪৪ লাখের বেশি বিদেশি পর্যটক
পাকিস্তানে বিদেশি পর্যটক আসার সংখ্যা বাড়ছে। সরকারি হিসাবে, ২০২৪ ও ২০২৫ সালে দেশটিতে ৪৪ লাখের বেশি বিদেশি পর্যটক গেছেন। সবচেয়ে বেশি এসেছেন আফগানিস্তান ও যুক্তরাজ্য থেকে।
বিদেশি পর্যটকদের আগমনে পাকিস্তানের পর্যটন খাতে ইতিবাচক চিত্র দেখা যাচ্ছে। ২০২৪ ও ২০২৫ সালে দেশটিতে ৪৪ লাখ ৭৩ হাজারের বেশি বিদেশি পর্যটক এসেছেন। পাকিস্তানের জাতীয় সংসদে উপস্থাপিত সরকারি পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে। দেশটির আন্তঃপ্রাদেশিক সমন্বয় মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে পাকিস্তানে ২১ লাখ ৮৩ হাজারের বেশি বিদেশি পর্যটক এসেছিলেন। পরের বছর অর্থাৎ ২০২৫ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ২২ লাখ ৯০ হাজারে। দুই বছরের হিসাব মিলিয়ে মোট পর্যটক আগমনের সংখ্যা প্রায় ৪৪ লাখ ৭৩ হাজার।
দেশভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মানুষ এসেছেন প্রতিবেশী আফগানিস্তান থেকে। ২০২৪ সালে দেশটি থেকে ৬ লাখ ৪১ হাজার ১৯৯ জন এবং ২০২৫ সালে ৫ লাখ ৭৫ হাজার ৬৭৪ জন পাকিস্তানে গেছেন। দুই বছরে আফগানিস্তান থেকে আসা মানুষের মোট সংখ্যা ১২ লাখ ১৬ হাজারের বেশি।দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। ২০২৪ সালে দেশটি থেকে ৫ লাখ ৩ হাজার ৪০৯ জন এবং ২০২৫ সালে ৫ লাখ ১৪ হাজার ৪১২ জন পাকিস্তানে এসেছেন। দুই বছরে যুক্তরাজ্য থেকে আসা মানুষের সংখ্যা ১০ লাখ ১৭ হাজার ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্র থেকেও উল্লেখযোগ্যসংখ্যক মানুষ পাকিস্তানে গেছেন। ২০২৪ সালে দেশটি থেকে ২ লাখ ৬১ হাজার ২৮২ জন এবং ২০২৫ সালে ২ লাখ ৪৮ হাজার ৬৬৫ জনের আগমন রেকর্ড করা হয়েছে। এ ছাড়া ইরান থেকে দুই বছরে ২ লাখ ৫৯ হাজারের বেশি এবং কানাডা থেকে ২ লাখ ৩৪ হাজারের বেশি মানুষ পাকিস্তানে এসেছেন।
চীন থেকেও পর্যটক আগমনের সংখ্যা বেড়েছে। ২০২৪ সালে দেশটি থেকে ৭৪ হাজার ৯৩ জন এলেও ২০২৫ সালে এসেছেন ৮৫ হাজার ৫৭৫ জন। জার্মানি ও অস্ট্রেলিয়া থেকেও উল্লেখযোগ্যসংখ্যক মানুষের আগমন হয়েছে। তবে বিদেশি পর্যটক বাড়লেও পাকিস্তানের পর্যটন খাতে কিছু বাধা রয়েছে বলে সংসদে দেওয়া তথ্যে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক বিমান যোগাযোগ সীমিত থাকা, বিমানভাড়া তুলনামূলক বেশি হওয়া, নিরাপত্তা নিয়ে পুরোনো নেতিবাচক ধারণা এবং পর্যটন অবকাঠামোর ঘাটতি অন্যতম।
পর্যটন খাতের উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে পাকিস্তানের পর্যটন পরিচিতি বাড়াতে ‘সালাম পাকিস্তান’ নামে জাতীয় পর্যটন প্রচার কার্যক্রমও রয়েছে। সরকারি পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে আগের বছরের তুলনায় পাকিস্তানে বিদেশি পর্যটক আগমনের সংখ্যা বেড়েছে। তবে এই সংখ্যা দিয়ে দেশটিতে শুধু অবকাশ যাপনে আসা পর্যটকের সংখ্যা বোঝায় না; বিভিন্ন উদ্দেশ্যে আসা বিদেশি যাত্রীরাও এই হিসাবের অন্তর্ভুক্ত হতে পারেন।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।