ওয়াশিংটনে হোয়াইট হাউসের কাছে গুলি, নিহত ১ ও আহত ৪ জন
হোয়াইট হাউস থেকে প্রায় এক মাইল দূরের এলাকায় সকালে গুলির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। পরে সন্দেহভাজন হামলাকারীও নিজের গুলিতে মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছেই গুলির ঘটনায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে শহরের লোগান সার্কেল এলাকায় এই ঘটনা ঘটে। পরে সন্দেহভাজন হামলাকারীও নিজের গুলিতে মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৮টার কিছু আগে ১৫ নম্বর স্ট্রিট ও পি স্ট্রিটের কাছাকাছি একটি ব্যায়ামাগার এবং আশপাশের এলাকায় গুলির ঘটনা ঘটে। এলাকাটি হোয়াইট হাউস থেকে প্রায় এক মাইল দূরে।
গুলিতে নিহত ব্যক্তি ওই ব্যায়ামাগারের ভেতরে ছিলেন। আহত চারজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। অন্য তিনজনের আঘাত প্রাণঘাতী নয় বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর সন্দেহভাজন হামলাকারী কাছের একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে গিয়ে অবস্থান নেন। পুলিশ ভবনটি ঘিরে ফেলে এবং তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। এ সময় তিনি ফ্ল্যাটের দরজা দিয়ে পুলিশের দিকে গুলি চালান বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পরে পুলিশের সঙ্গে ফোনে কথা বলার সময় ওই ব্যক্তি নিজের অস্ত্র দিয়ে গুলিবিদ্ধ হন। এরপর তাঁকে মৃত ঘোষণা করা হয়। পুলিশের ভারপ্রাপ্ত প্রধান জেফরি ক্যারল জানান, সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে ভবনের মালিকদের সংগঠনের বিরোধ ছিল বলে জানা গেছে। তবে এই বিরোধের কারণেই গুলির ঘটনা ঘটেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর নিরাপত্তার কারণে আশপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়। কাছের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। এলাকার মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেয় পুলিশ।পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ এবং হামলার সঙ্গে জড়িত অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হামলার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।