বায়তুল মোকাররমে আন্তর্জাতিক কোরআন সম্মেলন, থাকছেন সাত দেশের বিশ্বখ্যাত তিলাওয়াতকারীরা
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হচ্ছে অষ্টম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন। এতে বাংলাদেশসহ সাত দেশের খ্যাতিমান ক্বারিরা অংশ নিচ্ছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।
পবিত্র কোরআনের তিলাওয়াত ও ক্বিরাতচর্চাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে রাজধানী ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আয়োজন করা হয়েছে অষ্টম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন। বৃহস্পতিবার মসজিদের পূর্ব চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে বাংলাদেশসহ সাত দেশের খ্যাতিমান ক্বারিরা অংশ নিচ্ছেন। আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুরের পর শুরু হওয়া এই আয়োজন রাত ১০টা পর্যন্ত চলার কথা রয়েছে।
সম্মেলনে বাংলাদেশের পাশাপাশি মিশর, আফগানিস্তান, পাকিস্তান, ইরান, ভারত ও দক্ষিণ আফ্রিকার ক্বারিরা পবিত্র কোরআন তিলাওয়াত করবেন। বিদেশি অতিথিদের মধ্যে রয়েছেন মিশরের শায়েখ আবদুন নাসের হারাক, আফগানিস্তানের শায়েখ আবদুল কাবীর হায়দারী, পাকিস্তানের ক্বারি আনোয়ারুল হাসান শাহ বোখারী, ইরানের ক্বারি ওয়াহীদ খাজাইয়ী, ভারতের ক্বারি হেদায়াতুল্লাহ ফুরকান রাজস্থানী এবং দক্ষিণ আফ্রিকার ক্বারি ব্যারিস্টার যুবায়ের বারদাই।
বাংলাদেশের পক্ষে তিলাওয়াত করার কথা রয়েছে ক্বারি মাওলানা সাইদুল ইসলাম আসাদের। এ ছাড়া আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সাফল্য পাওয়া বাংলাদেশের ক্বারি ও হাফেজরাও এতে অংশ নিচ্ছেন আয়োজকদের ভাষ্য অনুযায়ী, দেশে বিশুদ্ধ কোরআন তিলাওয়াতের চর্চা বাড়ানো, নতুন প্রতিভা খুঁজে বের করা এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্বারিদের অংশগ্রহণ আরও বাড়ানোই এ ধরনের আয়োজনের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকনের। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নূর উদ্দিন আহমেদ অপু আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ দীর্ঘদিন ধরে কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত শেখানো এবং ক্বারি ও হাফেজদের দক্ষতা বাড়াতে কাজ করছে। এবারের সম্মেলনের মাধ্যমে দেশি-বিদেশি ক্বারিদের এক মঞ্চে আনার পাশাপাশি বাংলাদেশের কোরআনচর্চার ঐতিহ্য তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।