ফ্রান্সে মাস্টার্স ও পিএইচডি পড়ার সুযোগ, মাসে মিলবে ১২০০ থেকে ২১০০ ইউরো পর্যন্ত
উচ্চশিক্ষার জন্য ফ্রান্সে যাওয়ার সুযোগ দিচ্ছে দেশটির সরকারি বৃত্তি কর্মসূচি। নির্বাচিত শিক্ষার্থীরা মাসে সর্বোচ্চ ২ হাজার ১০০ ইউরো পর্যন্ত অর্থসহায়তা পাবেন। সঙ্গে থাকছে যাতায়াত, বিমা ও আবাসন খুঁজে পেতে সহায়তা।
বিদেশে উচ্চশিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সুখবর দিয়েছে ফ্রান্স সরকার। দেশটির ‘ফ্রান্স এক্সেলেন্স আইফেল’ বৃত্তি কর্মসূচির আওতায় বিদেশি শিক্ষার্থীরা মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন। এই বৃত্তিতে নির্বাচিত হলে মাসে ১ হাজার ২০০ থেকে ২ হাজার ১০০ ইউরো পর্যন্ত অর্থসহায়তা দেওয়া হবে।
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত এই কর্মসূচির মূল লক্ষ্য হলো মেধাবী বিদেশি শিক্ষার্থীদের দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া। ২০২৭ শিক্ষাবর্ষের জন্যও আবেদন গ্রহণের কার্যক্রম চলছে। বৃত্তির নিয়ম অনুযায়ী, মাস্টার্স পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীরা প্রতি মাসে ১ হাজার ২০০ ইউরো পাবেন। অন্যদিকে পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের জন্য মাসিক অর্থসহায়তা ২ হাজার ১০০ ইউরো। বাংলাদেশি টাকায় এর পরিমাণ ইউরোর বিনিময় হারের ওপর নির্ভর করবে।
শুধু মাসিক অর্থসহায়তাই নয়, নির্বাচিত শিক্ষার্থীদের আন্তর্জাতিক ও ফ্রান্সের ভেতরে যাতায়াত, স্বাস্থ্যবিমা, থাকার জায়গা খুঁজে পেতে সহায়তা এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগও রয়েছে। নির্দিষ্ট নিয়ম অনুযায়ী যাতায়াতের বিমানভাড়াও বৃত্তির আওতায় আসতে পারে এই বৃত্তির আওতায় বিজ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি সামাজিক বিজ্ঞান ও মানবিক বিষয়ের বিভিন্ন শাখায় পড়াশোনার সুযোগ রয়েছে। এর মধ্যে জীববিজ্ঞান ও স্বাস্থ্য, পরিবেশ রক্ষা, গণিত ও ডিজিটাল প্রযুক্তি, প্রকৌশল, ইতিহাস, ফরাসি ভাষা ও সংস্কৃতি, আইন, রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি ও ব্যবস্থাপনা উল্লেখযোগ্য।
মাস্টার্স পর্যায়ে পড়াশোনার মেয়াদ ও পিএইচডির গবেষণার সময় অনুযায়ী বৃত্তির সময়সীমা নির্ধারণ করা হয়। মাস্টার্সের ক্ষেত্রে সর্বোচ্চ ২৪ মাস এবং কিছু প্রকৌশল ডিগ্রির ক্ষেত্রে ৩৬ মাস পর্যন্ত সুযোগ থাকতে পারে এই বৃত্তি বিদেশি নাগরিকদের জন্য। মাস্টার্স পর্যায়ে আবেদনকারীর বয়স সাধারণত ২৯ বছরের বেশি হওয়া যাবে না। পিএইচডির ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর। পাশাপাশি ভালো শিক্ষাগত ফলাফল, নির্দিষ্ট বিষয়ে পড়াশোনার যোগ্যতা এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের শর্ত পূরণ করতে হবে।
তবে শিক্ষার্থীরা সরাসরি ক্যাম্পাস ফ্রান্সে আবেদন পাঠাতে পারবেন না। প্রথমে ফ্রান্সের কোনো বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে হবে। প্রতিষ্ঠানটি শিক্ষার্থীর যোগ্যতা যাচাই করে আবেদন সমর্থন করলে তারাই ক্যাম্পাস ফ্রান্সের কাছে আবেদন জমা দেবে।
২০২৭ শিক্ষাবর্ষের জন্য ফ্রান্স এক্সেলেন্স আইফেল বৃত্তির আবেদনপ্রক্রিয়া চালু হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ভেদে শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন নেওয়ার শেষ সময় আলাদা হতে পারে। তাই আগ্রহীদের দ্রুত পছন্দের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজপত্র ও সময়সীমা জেনে নিতে হবে।
এই বৃত্তিতে সব ধরনের পড়াশোনার খরচ স্বয়ংক্রিয়ভাবে বিনা মূল্যে হয়ে যায় না। বৃত্তির অর্থ থেকে টিউশন ফি দেওয়া হয় না। তবে নির্দিষ্ট সরকারি বিশ্ববিদ্যালয়ে জাতীয় ডিগ্রির ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী নিবন্ধন ফি মওকুফের সুযোগ থাকতে পারে। ফলে ফ্রান্সে উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন এমন মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। আবেদন করার আগে বিশ্ববিদ্যালয় ও ক্যাম্পাস ফ্রান্সের সরকারি নির্দেশনা ভালোভাবে দেখে নেওয়া প্রয়োজন।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।