বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে মাস্টার্সের সুযোগ, আবেদন শুরু ১০ নভেম্বর
যুক্তরাজ্যে মাস্টার্স পড়তে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ। কমনওয়েলথ বৃত্তির মাধ্যমে টিউশন ফি, যাতায়াতের বিমানভাড়া ও থাকা-খাওয়ার খরচসহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে। আবেদন করা যাবে ৮ ডিসেম্বর পর্যন্ত।
যুক্তরাজ্যে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর। দেশটির সরকার পরিচালিত ‘কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ’ কর্মসূচির আওতায় ২০২৭-২৮ শিক্ষাবর্ষে মাস্টার্স পড়ার জন্য আবেদন শুরু হচ্ছে ১০ নভেম্বর থেকে। নির্বাচিত শিক্ষার্থীদের পড়াশোনার সম্পূর্ণ টিউশন ফি, যুক্তরাজ্যে যাওয়া-আসার বিমানভাড়া এবং মাসিক থাকা-খাওয়ার খরচ দেওয়া হবে। এই বৃত্তির জন্য বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত বেশ কয়েকটি দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
যুক্তরাজ্যের কমনওয়েলথ স্কলারশিপ কমিশনের তথ্য অনুযায়ী, এই বৃত্তির আওতায় সাধারণত এক বছর মেয়াদি পূর্ণকালীন মাস্টার্স ডিগ্রি নেওয়ার সুযোগ রয়েছে। ২০২৭ সালের সেপ্টেম্বর বা অক্টোবর থেকে নতুন শিক্ষাবর্ষের পড়াশোনা শুরু হবে। উন্নয়নশীল দেশগুলোর মেধাবী শিক্ষার্থী ও পেশাজীবীদের উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া এবং পড়াশোনা শেষে নিজ দেশে ফিরে দেশের উন্নয়নে কাজ করতে উৎসাহিত করাই এই কর্মসূচির অন্যতম লক্ষ্য।
এই বৃত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সম্পূর্ণ টিউশন ফি বহন করা হবে। পাশাপাশি যুক্তরাজ্যে যাওয়া এবং পড়াশোনা শেষে দেশে ফেরার অনুমোদিত বিমানভাড়া দেওয়া হবে। শিক্ষার্থীদের প্রতি মাসে থাকা-খাওয়ার খরচের জন্য অর্থসহায়তাও দেওয়া হবে। এ ছাড়া নির্দিষ্ট শর্ত অনুযায়ী শীতের পোশাক কেনা, গবেষণা বা থিসিসের কাজ, পড়াশোনাসংশ্লিষ্ট ভ্রমণ এবং ভিসার জন্য প্রয়োজনীয় যক্ষ্মা পরীক্ষার খরচেও সহায়তা পাওয়া যেতে পারে।
তবে এই বৃত্তি সবার জন্য উন্মুক্ত নয়। আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস করতে হবে। পাশাপাশি যুক্তরাজ্যে নিজের খরচে পড়াশোনা চালিয়ে যাওয়ার সামর্থ্য নেই—এমন শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারীদের ২০২৭ সালের সেপ্টেম্বরের মধ্যে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সাধারণভাবে যুক্তরাজ্যের দ্বিতীয় শ্রেণির প্রথম বিভাগ বা সমমানের ফল প্রয়োজন। তবে দ্বিতীয় শ্রেণির দ্বিতীয় বিভাগ বা সমমানের ফল থাকলেও সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করার সুযোগ রয়েছে।
আবেদনকারীর বয়সের কোনো নির্দিষ্ট সীমা নেই। তবে আগে কোনো উচ্চ আয়ের দেশে পড়াশোনা বা কাজ করার অভিজ্ঞতা থাকলে সে বিষয়ে নির্ধারিত শর্ত পূরণ করতে হবে। এ ক্ষেত্রে এক শিক্ষাবর্ষ বা তার বেশি সময় উচ্চ আয়ের দেশে পড়াশোনা বা কাজ করার বিষয়ে বৃত্তির নিয়ম রয়েছে। তাই আবেদন করার আগে যোগ্যতার সব শর্ত ভালোভাবে দেখে নেওয়া জরুরি।
আবেদনের জন্য শিক্ষার্থীদের দুটি কাজ করতে হবে। প্রথমে কমনওয়েলথ স্কলারশিপ কমিশনের অনলাইন আবেদনব্যবস্থা ‘সিএসসি সেন্ট্রাল’-এ বৃত্তির আবেদন জমা দিতে হবে। পাশাপাশি যে বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতে চান, সেই বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত কোর্সে ভর্তির জন্য আলাদাভাবে আবেদন করতে হবে। শুধু বৃত্তির আবেদন করলেই হবে না, পছন্দের বিশ্ববিদ্যালয়ের ভর্তির শর্তও পূরণ করতে হবে।
আবেদনের সময় বৈধ পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের কপি, শিক্ষাগত যোগ্যতার সব নম্বরপত্র এবং অন্তত দুইজনের স্বাক্ষর করা সুপারিশপত্র জমা দিতে হবে। ইংরেজি ছাড়া অন্য ভাষায় তৈরি নম্বরপত্রের ক্ষেত্রে অনুমোদিত ইংরেজি অনুবাদ দিতে হবে। আবেদনপত্রে পড়াশোনা শেষে অর্জিত জ্ঞান ও দক্ষতা কীভাবে বাংলাদেশের উন্নয়নে কাজে লাগানো হবে, সেটিও ব্যাখ্যা করতে হবে।
কমনওয়েলথ স্কলারশিপ কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী, আবেদন জমা দেওয়ার শেষ দিন ৮ ডিসেম্বর ২০২৬, মঙ্গলবার। যুক্তরাজ্যের সময় বিকেল ৪টার মধ্যে আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। বাংলাদেশ সময় অনুযায়ী শেষ সময় রাত ১০টা। নির্ধারিত সময়ের পরে আবেদন বা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে তা গ্রহণ করা হবে না।
এই বৃত্তির জন্য আবেদন করতে কোনো ফি দিতে হয় না। তাই কেউ বৃত্তি নিশ্চিত করে দেওয়ার কথা বলে টাকা চাইলে সতর্ক থাকতে হবে। আগ্রহী শিক্ষার্থীদের আবেদন শুরুর আগেই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখা এবং পছন্দের বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত শেষ সময় জেনে নেওয়া উচিত। বিস্তারিত নিয়ম ও আবেদন করা যাবে কমনওয়েলথ স্কলারশিপ কমিশনের সরকারি ওয়েবসাইটে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।