দেশে ফেরার প্রস্তুতিতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চাইলেন শেখ হাসিনা
দুই বছরের বেশি সময় ধরে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার দেশে ফেরার পথ তৈরি করতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে সরকারের কাছে আবেদন করেছেন তিনি। তবে তাঁর আবেদন ঘিরে সরকারের অবস্থান কঠোর।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ভারতে চলে যাওয়ার দুই বছরেরও বেশি সময় পর দেশে ফেরার পথ সুগম করতে তিনি এই পদক্ষেপ নিয়েছেন।
ব্লুমবার্গ নিউজের হাতে পাওয়া একটি চিঠিতে দেখা গেছে, শেখ হাসিনার আইনজীবীরা বাংলাদেশ সরকারকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন।
চিঠিতে আইনজীবীরা লিখেছেন, “আমি বিনীতভাবে অনুরোধ করছি, একটি নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।” আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, কর্তৃপক্ষ তাঁর আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে।বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট দেওয়ার সম্ভাবনা নাকচ করেছে এবং তাঁকে ভারত থেকে প্রত্যর্পণের আহ্বান পুনর্ব্যক্ত করেছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, “তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।” তিনি আরও বলেন, ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া উচিত।
২০২৪ সালের আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে তাঁর ১৫ বছরের শাসনের অবসান ঘটে। বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী দমন-পীড়নের পর তিনি ভারতে চলে যান। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই দমন-পীড়নে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন।
এরপরও শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার অঙ্গীকার করেছেন। ২০২৫ সালের নভেম্বরে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে দমন-পীড়নকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড ঘোষণা করেন। শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। বাংলাদেশ ভারতের কাছে তাঁকে প্রত্যর্পণের আবেদন জানিয়েছে।
শেখ হাসিনার ভারতে অবস্থান দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে টানাপোড়েনের একটি কারণ হয়ে উঠেছে। নতুন দিল্লি দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিল। তবে বর্তমানে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে ভারত।
নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শেখ হাসিনার ব্যবহৃত একটি ঠিকানায় পাঠানো ইমেইলেরও কোনো জবাব পাওয়া যায়নি।
শেখ হাসিনার সহযোগী আবু ওবায়দা আরিন বলেন, “বর্তমান সরকার শেখ হাসিনাকে প্রয়োজনীয় ভ্রমণ নথি দিতে অনিচ্ছুক বলে প্রমাণিত হয়েছে। পাসপোর্ট কোনো রাজনৈতিক অনুগ্রহ নয়, এটি একটি মৌলিক অধিকার। সব বাধা সত্ত্বেও তিনি বাংলাদেশে ফিরে আসার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।”






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।