আমিরাতে নির্মাণকাজে গিয়ে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

আল আইনে কর্মস্থলে দুর্ঘটনায় গুরুতর আহত বাংলাদেশি যুবক জামশেদুলের মৃত্যু, ১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়ে নিভল প্রবাসের জীবনের আলো।

আমিরাতে নির্মাণকাজে গিয়ে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

আমিরাতে নির্মাণকাজে গিয়ে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু


সংযুক্ত আরব আমিরাতের আল আইন এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় সিঁড়ি থেকে পড়ে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মো. জামশেদুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি যুবক।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে সংযুক্ত আরব আমিরাতের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ১৬ আগস্ট দুর্ঘটনার পর থেকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন তিনি।

নিহত জামশেদুল ইসলাম চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজী আব্দুস সালামের বাড়ির মো. নজরুল ইসলামের ছেলে। ছয় বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান জামশেদুল। তিনি আবুধাবির মুসাফ্ফা এলাকায় বসবাস করতেন এবং নির্মাণকাজের সঙ্গে যুক্ত ছিলেন।

গত ১৬ আগস্ট মুসাফ্ফা এলাকা থেকে আল আইন এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করতে যান তিনি। সেখানে কাজ করার সময় হঠাৎ সিঁড়ি থেকে পড়ে যান জামশেদুল। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পর সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

দীর্ঘদিন আইসিইউতে চিকিৎসাধীন থেকে মৃত্যুর সঙ্গে লড়াই করেন জামশেদুল। পরিবারের সদস্যরা তার সুস্থ হয়ে ফিরে আসার অপেক্ষায় ছিলেন। তবে শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জামশেদুলের মৃত্যুর খবর দেশে পৌঁছালে তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিবারের ছোট ছেলে ও একমাত্র ভাইকে হারিয়ে স্বজনরা শোকে ভেঙে পড়েছেন।

নিহতের স্বজনরা জানিয়েছেন, জামশেদুলের মরদেহ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতেই রয়েছে। প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে মরদেহ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বজনদের আশা, চলতি সপ্তাহের মধ্যেই তার মরদেহ দেশে আনা সম্ভব হবে।

পরিবারের মুখে হাসি ফোটানোর আশায় প্রায় তিন বছর আগে প্রবাসে পাড়ি জমানো জামশেদুলের জীবন মাত্র ২৫ বছর বয়সেই থেমে গেল। তার মৃত্যুতে চট্টগ্রামের বোয়ালখালীর নিজ এলাকাতেও শোকের আবহ তৈরি হয়েছে।

সিএসবি নিউজ-এর আরও খবর