থাইল্যান্ডের ডিটিভি ভিসায় নতুন শর্ত, ৩১ আগস্ট থেকে লাগবে স্থায়ী বসবাসের প্রমাণ ও পিসিসি
থাইল্যান্ডের ডিটিভি ভিসায় আবেদন করতে আগ্রহীদের জন্য তাই ৩১ আগস্ট থেকে নতুন নথির শর্তটি অবশ্যই মাথায় রাখতে হবে।
থাইল্যান্ডের ডিটিভি ভিসায় নতুন শর্ত, ৩১ আগস্ট থেকে লাগবে স্থায়ী বসবাসের প্রমাণ ও পিসিসি
থাইল্যান্ডের জনপ্রিয় ডেস্টিনেশন থাইল্যান্ড ভিসা (ডিটিভি) আবেদনের নিয়মে নতুন শর্ত যুক্ত করেছে ঢাকায় অবস্থিত থাই দূতাবাস। আগামী ৩১ আগস্ট থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে।
গত ২৬ আগস্ট প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে থাই দূতাবাস জানিয়েছে, এখন থেকে ডিটিভি ভিসার আবেদন করার সময় আবেদনকারীকে অতিরিক্ত কিছু গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হবে। নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারী বর্তমানে যে দেশে অবস্থান করছেন, সেই দেশের বৈধ ও সরকার-স্বীকৃত স্থায়ী বসবাসের প্রমাণপত্র দিতে হবে।
এর পাশাপাশি আবেদনকারীর নিজ দেশ অথবা বর্তমানে বসবাসের দেশ থেকে ইস্যু করা হালনাগাদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (পিসিসি) জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
দূতাবাসের নির্দেশনা অনুযায়ী, পিসিসি শুধু মূল ভাষায় থাকলে হবে না। এর সঙ্গে ইংরেজি অনুবাদও জমা দিতে হবে। অর্থাৎ আবেদনকারীদের পিসিসির মূল কপি এবং ইংরেজি অনুবাদ দুটিই প্রস্তুত রাখতে হবে।
দূতাবাস জানিয়েছে, আবেদনকারীদের পরিচয় ও নিরাপত্তা যাচাই প্রক্রিয়া আরও জোরদার করার লক্ষ্যেই এই নতুন নথির শর্ত যুক্ত করা হয়েছে। ফলে ডিটিভি ভিসার জন্য আবেদন করার আগে প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে প্রস্তুত করা গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে।
প্রযুক্তিগত হালনাগাদের কারণে গত রোববার থাইল্যান্ডের ই-ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ছিল। তবে ৩১ আগস্ট ই-ভিসা পোর্টাল পুনরায় চালু হওয়ার পর থেকেই নতুন নিয়ম কার্যকর হবে বলে দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নতুন নিয়মের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—প্রয়োজনীয় নথিপত্র ছাড়া ডিটিভি ভিসার আবেদন করলে সেটি বাতিল হিসেবে গণ্য হতে পারে।
তাই আবেদন করার আগে স্থায়ী বসবাসের বৈধ প্রমাণপত্র এবং হালনাগাদ পিসিসি প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
থাইল্যান্ডে দীর্ঘমেয়াদি ভ্রমণ, রিমোট ওয়ার্ক, সাংস্কৃতিক কার্যক্রম বা ডিটিভির আওতাভুক্ত অন্যান্য উদ্দেশ্যে যাওয়ার পরিকল্পনা থাকলে নতুন নিয়মটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
আবেদনকারীদের উচিত আবেদন জমা দেওয়ার আগে দূতাবাসের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী সব নথির বৈধতা, মেয়াদ ও ইংরেজি অনুবাদ ঠিক আছে কি না তা নিশ্চিত করা।