মেধাবীদের খুঁজে বের করে এগিয়ে নিতে এইচআর প্রফেশনালদের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ মেধাবীদের খুঁজে বের করে তাঁদের প্রতিভা ও দক্ষতা বিকাশে কার্যকর ভূমিকা রাখতে মানবসম্পদ পেশাজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও বিশ্ববাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তোলা জরুরি। এ ক্ষেত্রে মেধাবীদের যথাযথ মূল্যায়ন ও দক্ষতা বাড়াতে মানবসম্পদ পেশাজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
আজ শনিবার রাজধানীর বনানীর হোটেল শেরাটনে বাংলাদেশ মানবসম্পদ সংগঠনগুলোর ফেডারেশনের আয়োজনে ‘অষ্টম জাতীয় মানবসম্পদ সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনের মূল বিষয় ছিল ‘মানবসম্পদ ও কৃত্রিম বুদ্ধিমত্তা: ভবিষ্যতের জন্য দক্ষতার পুনর্গঠন’।জনপ্রশাসন উপদেষ্টা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংক্রিয় প্রযুক্তি ও ডিজিটাল ব্যবস্থা উৎপাদন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য এবং সরকারি প্রশাসনসহ সব ক্ষেত্রে পরিবর্তন আনছে। প্রযুক্তি উন্নয়নের বড় চালিকাশক্তি হলেও প্রকৃত অগ্রগতি তৈরি করে মানুষ। তাই প্রযুক্তির পাশাপাশি মানুষের দক্ষতা ও কাজের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।
দেশের কর্মসংস্থান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে প্রতিবছর প্রায় ২০ লাখ তরুণ কর্মজীবনে প্রবেশ করছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২৪ সালের শ্রমশক্তি জরিপ অনুযায়ী, ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণদের মধ্যে বেকারত্বের হার প্রায় ৮ দশমিক ৫ শতাংশ। উচ্চশিক্ষিত তরুণদের ক্ষেত্রে এ হার প্রায় ২৫ শতাংশ। এ পরিস্থিতি মোকাবিলায় শিক্ষা ও প্রশিক্ষণব্যবস্থাকে চাকরির বাজারের চাহিদার সঙ্গে মিল রেখে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, শুধু বেশিসংখ্যক স্নাতক তৈরি করাই যথেষ্ট নয়। তরুণদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তাঁরা চাকরির উপযোগী দক্ষতা অর্জন করতে পারেন, উৎপাদনশীল কাজে যুক্ত হতে পারেন এবং নতুন কিছু উদ্ভাবন করতে পারেন। এ প্রসঙ্গে তিনি জানান, নির্বাচনী ইশতেহারে শিক্ষায় মোট দেশজ উৎপাদনের ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার অঙ্গীকার করা হয়েছে। এ অঙ্গীকার বাস্তবায়নে দক্ষ জনশক্তি গড়ে তোলাকে বিশেষ গুরুত্ব দিতে হবে।
ইসরায়েল ও জার্মানির উদাহরণ তুলে ধরে উপদেষ্টা বলেন, গবেষণা, উন্নত প্রযুক্তি, কারিগরি শিক্ষা এবং দক্ষ জনশক্তি তৈরিতে বিনিয়োগ একটি দেশের অর্থনীতিতে বড় পরিবর্তন আনতে পারে। এ জন্য বিশ্ববিদ্যালয়, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে হবে। এতে শিক্ষার্থীরা চাকরির বাজারের প্রকৃত চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।
তিনি বলেন, তৈরি পোশাকশিল্পসহ দেশের বিভিন্ন উৎপাদন খাতে স্বয়ংক্রিয় প্রযুক্তি, আধুনিক উৎপাদনব্যবস্থা, ডিজিটাল পণ্য সরবরাহ এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পণ্যের মান যাচাইয়ের ব্যবহার বাড়ালে উৎপাদন বাড়বে। একই সঙ্গে সফটওয়্যার তৈরি, সাইবার নিরাপত্তা, ব্যবসায়িক সেবা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কাজের ক্ষেত্রে দেশের সক্ষমতা বাড়াতে হবে। শুধু বিদেশে শ্রমিক পাঠানো নয়, দক্ষ পেশাজীবী, প্রযুক্তিসেবা ও নতুন উদ্ভাবনের ক্ষেত্রেও বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। এ ক্ষেত্রে গ্রামের তরুণদের জন্য ডিজিটাল অর্থনীতিতে কাজ করার সমান সুযোগ নিশ্চিত করা জরুরি।
মানবসম্পদ উন্নয়নে তিনটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রথমত, শিক্ষা ও কর্মক্ষেত্রে নিয়মিত প্রশিক্ষণ এবং নতুন দক্ষতা অর্জনের সুযোগ নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ও নৈতিক ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে ব্যক্তিগত গোপনীয়তা, ন্যায্য অধিকার ও সমাজের সব মানুষের অংশগ্রহণের সুযোগ বজায় থাকে। তৃতীয়ত, প্রযুক্তির পরিবর্তনের পাশাপাশি মানবিক নেতৃত্ব, সততা, সহমর্মিতা ও আবেগ বুঝে কাজ করার দক্ষতা বাড়াতে হবে।
এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, অসাধারণ মেধা, দক্ষতা ও দূরদর্শিতা একজন মানুষকে একটি প্রতিষ্ঠানের পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব রাখার সক্ষমতা দেয়। তাই যোগ্য ও মেধাবী কর্মী খুঁজে বের করা, তাঁদের দক্ষতা বাড়ানো এবং পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার উপযোগী কর্মপরিবেশ তৈরি করা মানবসম্পদ পেশাজীবীদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তিনি আরও বলেন, অর্থনীতিতে নতুন নতুন খাত তৈরি, উৎপাদন বাড়ানো এবং বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে দক্ষ জনশক্তি তৈরিতে বিনিয়োগকে সড়ক, বন্দর, বিদ্যুৎ ও অন্যান্য অবকাঠামো নির্মাণের মতোই গুরুত্ব দিতে হবে। এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে প্রত্যেক তরুণের দক্ষতা অর্জনের সুযোগ থাকবে, প্রত্যেক কর্মী কর্মজীবনে নতুন দক্ষতা শিখতে পারবেন এবং প্রতিটি প্রতিষ্ঠান নতুন উদ্ভাবন ও পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারবে।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ড. মো. মোশাররফ হোসাইন। অনুষ্ঠানে দেশি-বিদেশি মানবসম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়নবিষয়ক বিশেষজ্ঞ, শিক্ষাবিদ এবং পেশাজীবীরা অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন যুক্তরাজ্যের মাইকেল এ. পটার ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মাইকেল এ. পটার, কানাডার অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ. লান্ড, ভারতের আহমেদাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের সাবেক অধ্যাপক ও টিভিআরএলএসের চেয়ারম্যান অধ্যাপক ড. টি. ভি. রাও, ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব পার্সোনেল ম্যানেজমেন্টের সাবেক জাতীয় সভাপতি ড. এম. এইচ. রাজা, ভারতের ইন্ডিয়ান সোসাইটি ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের কলকাতা শাখার চেয়ারম্যান সুরিত শোম, শ্রীলঙ্কার চার্টার্ড ইনস্টিটিউট অব পার্সোনেল ম্যানেজমেন্টের সভাপতি ড. নিল বোগাহালান্দে, শ্রীলঙ্কার বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপক ও ওই সংগঠনের সাবেক সভাপতি অধ্যাপক ড. অজন্তা ধর্মাশিরি এবং ফিলিপাইনের অধ্যাপক ড. জুড উইলিয়ামস জেনিলো।বাংলাদেশ মানবসম্পদ সংগঠনগুলোর ফেডারেশন দেশের মানবসম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়নবিষয়ক ২৫টি অলাভজনক সংস্থার শীর্ষ সংগঠন। দেশের মানবসম্পদ পেশাজীবীদের প্রতিনিধিত্ব করা, নীতিনির্ধারণে ভূমিকা রাখা এবং পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে সংগঠনটি কাজ করে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।