গাজায় চিকিৎসাকেন্দ্রের পাশে ইসরায়েলি হামলা, নিহত এমএসএফের দুই কর্মী
গাজা সিটিতে আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থার একটি চিকিৎসাকেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় দুই নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। তাঁদের পরিচয় নিয়ে সংস্থাটি ও ইসরায়েলি সামরিক বাহিনী ভিন্ন বক্তব্য দিয়েছে।
ফিলিস্তিনের গাজা সিটিতে আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্সের (এমএসএফ) একটি চিকিৎসাকেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় সংস্থাটির দুই কর্মী নিহত হয়েছেন। শুক্রবার রাতে চালানো এই হামলায় নিহত দুজনই ওই চিকিৎসাকেন্দ্রে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে সংস্থাটি। তাঁদের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে এমএসএফ।
সংস্থাটির ভাষ্য অনুযায়ী, হামলায় তাদের চিকিৎসাকেন্দ্রে সরাসরি আঘাত লাগে। কেন্দ্রটি এমএসএফের নিজস্ব লোগো দিয়ে স্পষ্টভাবে চিহ্নিত ছিল। এ ছাড়া চিকিৎসাকেন্দ্রটির অবস্থান ইসরায়েলি সামরিক বাহিনীকে আগেই জানানো হয়েছিল এবং তারা এ বিষয়ে অবগত ছিল বলে দাবি করেছে সংস্থাটি। এ ঘটনার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে তারা।
তবে নিহত দুই ব্যক্তির পরিচয় নিয়ে ভিন্ন দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তাদের দাবি, ওই দুই ব্যক্তি হামাসের সামরিক শাখার সদস্য ছিলেন এবং এমএসএফ পরিচালিত চিকিৎসাকেন্দ্রে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন। তাঁদের মধ্যে একজন হামাসের একটি আর্টিলারি দলের কমান্ডার ছিলেন বলেও দাবি করেছে ইসরায়েল। তবে এসব দাবির পক্ষে প্রকাশ্যে কোনো প্রমাণ দেয়নি তারা।
ইসরায়েলি সামরিক বাহিনী আরও বলেছে, হামলাটি কোনো হাসপাতালকে লক্ষ্য করে চালানো হয়নি এবং এতে চিকিৎসাসেবার অবকাঠামোর ক্ষতি হয়নি। তাদের দাবি, হামলার আগে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি কমাতে প্রয়োজনীয় সতর্কতা নেওয়া হয়েছিল। অন্যদিকে, এমএসএফ বলেছে, নিহত দুজন তাদের সহকর্মী ছিলেন এবং তাঁরা চিকিৎসাকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে কাজ করতেন। তাঁদের মৃত্যুর মধ্য দিয়ে গাজায় সংস্থাটির নিহত কর্মীর সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে।
এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসুস। তিনি গাজায় চিকিৎসাকেন্দ্র, স্বাস্থ্যকর্মী ও মানবিক সহায়তায় নিয়োজিত ব্যক্তিদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন। তাঁর বক্তব্য, যারা অন্যের জীবন বাঁচাতে নিজেদের জীবন ঝুঁকিতে ফেলছেন, তাঁদের সুরক্ষা দেওয়া উচিত, তাঁদের ওপর হামলা নয়। এমএসএফের মতো আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থাগুলো যুদ্ধকবলিত এলাকায় আহত ও অসুস্থ মানুষের চিকিৎসা দিয়ে থাকে। গাজায় চলমান সংঘাতের মধ্যে চিকিৎসাকেন্দ্র ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে এই ঘটনায়।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।