ব্রেকিং
নিদাল হাসানের মৃত্যুদণ্ড বন্ধের আবেদন, আদালতের সিদ্ধান্ত সোমবারমায়ামি বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে ছাড়িয়ে গেল ফেডেক্সের কার্গো বিমানটাঙ্গাইলে নিখোঁজের একদিন পর বাড়ির পেছন থেকে ৩ বছরের শিশু আদিবার মরদেহ উদ্ধারজন্মসূত্রে নাগরিকত্ব কেড়ে নেওয়ার ট্রাম্পের নতুন চেষ্টা আটকে দিলেন মার্কিন ফেডারেল বিচারকব্রিটেনে বিদেশি শিক্ষার্থীদের ঘিরে নতুন শিক্ষা-কর, বাড়তে পারে বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ

আওয়ামী লীগের অনুষ্ঠানে জুলাইয়ে নিহতদের স্মরণ, তারেক রহমানের প্রশংসা করলেন হ্যারি কে টমাস!

নিউইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনায় ২০২৪ সালের আন্দোলনে নিহতদের স্মরণ করেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস। একই অনুষ্ঠানে তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতা পরিবর্তনেরও প্রশংসা করেছেন তিনি।

হ্যারি কে টমাস।
হ্যারি কে টমাস।

নিউইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনায় ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে নিহতদের স্মরণ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত হ্যারি কে টমাস। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের প্রশংসা করেছেন তিনি। তবে অতীতের অন্যায়ের বিচার প্রতিশোধের মাধ্যমে নয়, বরং নিরপেক্ষ আদালতের মাধ্যমে হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন সাবেক এই মার্কিন কূটনীতিক।

স্থানীয় সময় ২৪ নভেম্বর নিউইয়র্কে ‘ঢাকা কোন পথে: বাংলাদেশ আজ ও আগামীকাল’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেন হ্যারি কে টমাস। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনায় শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং যুক্তরাষ্ট্রের নীতিবিষয়ক বিশ্লেষক মাইকেল রুবিনসহ আরও কয়েকজন অংশ নেন।

বক্তব্যে ২০২৪ সালের আন্দোলনে প্রাণহানির প্রসঙ্গ তুলে টমাস বলেন, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরের হিসাব অনুযায়ী, ওই বছরের গ্রীষ্মে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন। তাঁদের অনেকেই নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারান। তবে তিনি শুধু আন্দোলনকারীদের নয়, সহিংসতায় নিহত পুলিশ ও অন্য নিরাপত্তাকর্মীদেরও স্মরণ করার কথা বলেন।

টমাসের বক্তব্য অনুযায়ী, ওই সময় ৪৪ জন পুলিশ সদস্য এবং অন্য নিরাপত্তা বাহিনীর আটজন সদস্যও নিহত হন। তিনি বলেন, প্রতিটি মৃত্যুর পেছনে একজন মানুষের জীবন ও পরিবার রয়েছে। তাই নিহত সবাইকে স্মরণ করা প্রয়োজন। তিনি বিশেষভাবে রংপুরের আবু সাঈদ এবং নারায়ণগঞ্জে সংঘর্ষ দেখার সময় ছাদে থাকা অবস্থায় নিহত ছয় বছরের এক শিশুর কথা উল্লেখ করেন। আবু সাঈদ পুলিশের সামনে দুই হাত ছড়িয়ে দাঁড়ানোর পর গুলিবিদ্ধ হয়েছিলেন বলে তিনি স্মরণ করেন।

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে টমাস বলেন, বহুদলীয় গণতন্ত্র কোনো দেশকে বাইরে থেকে চাপিয়ে দেওয়া যায় না। একটি দেশের মানুষকেই ভোটের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ বেছে নিতে হয়। তাঁর মতে, গণতন্ত্রের জন্য জনগণের সমর্থন পাওয়া সরকার যেমন প্রয়োজন, তেমনি শক্তিশালী বিরোধী দলও দরকার। বিরোধী দল সরকারের কাজের সমালোচনা করবে, জবাবদিহি চাইবে এবং জনগণের সামনে বিকল্প তুলে ধরবে। গত ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। নির্বাচনের ফল নিয়ে কারও ভিন্নমত থাকলেও ভোটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা পরিবর্তনের বিষয়টি স্বীকৃতি পাওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

তবে নতুন সরকারের কাজেরও সমালোচনা করেছেন সাবেক এই রাষ্ট্রদূত। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের পর্যবেক্ষণ উল্লেখ করে তিনি বলেন, বিরোধী হিসেবে বিবেচিত ব্যক্তিদের যথেচ্ছভাবে আটক এবং মানবাধিকার সুরক্ষার ব্যবস্থা দুর্বল হওয়ার অভিযোগ রয়েছে। ২০২৪ সালে নিহতদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হলে অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে সংবিধান অনুযায়ী সুষ্ঠু বিচার করতে হবে। কাউকে অভিযোগ ছাড়াই আটকে রেখে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘদিনের বিরোধ ও বিভাজন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। বিএনপি ও আওয়ামী লীগসহ রাজনৈতিক পক্ষগুলোকে পুরোনো বিরোধ ভুলে দেশের ভবিষ্যতের জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তাঁর বক্তব্য, এক পক্ষের জয় মানেই অন্য পক্ষের পরাজয়—এমন রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়েও কথা বলেন টমাস। বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং পোশাকশ্রমিকদের ন্যায্য মজুরির মতো বিষয়ে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, বাংলাদেশের অর্থনীতি ও মানুষের জীবনযাত্রার উন্নয়নে এসব ক্ষেত্রে পারস্পরিক অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আওয়ামী লীগের অনুষ্ঠানে অংশ নিয়েও হ্যারি কে টমাসের বক্তব্যে উঠে এসেছে জুলাইয়ের প্রাণহানি, বর্তমান সরকারের মানবাধিকার পরিস্থিতি, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন এবং রাজনৈতিক সহনশীলতার বিষয়। তাঁর বক্তব্যের মূল বার্তা ছিল—অতীতের অন্যায়ের বিচার হতে হবে আইনের মাধ্যমে, প্রতিশোধের মাধ্যমে নয়।

ট্যাগ: হ্যারি কে টমাসআওয়ামী লীগতারেক রহমানজুলাই গণঅভ্যুত্থান

প্রতিবেদক

Desk Report

Reporter

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।