কারাগার থেকে আইসিই কর্মকর্তাদের চলে যেতে বললেন ক্যালিফোর্নিয়ার নারী নেতা!
কারাগারের সামনে আইসিই কর্মকর্তাদের কার্যক্রম বন্ধ করতে এবার সরাসরি তাঁদের মুখোমুখি হলেন ক্যালিফোর্নিয়ার কাউন্টি সুপারভাইজার নিকি ফরচুনাটো বাস। হাতে ছিল কাউন্টির নিষেধপত্র, আর দাবি ছিল—বিচারকের অনুমতি ছাড়া কাউন্টির জমিতে অভিযান চালানো যাবে না।
ক্যালিফোর্নিয়ার আলামেডা কাউন্টির সান্তা রিটা কারাগারের সামনে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার (আইসিই) কর্মকর্তাদের মুখোমুখি হয়েছেন কাউন্টি সুপারভাইজার নিকি ফরচুনাটো বাস। হাতে কাউন্টির আইনজীবীর পাঠানো নিষেধপত্র নিয়ে তিনি কর্মকর্তাদের কারাগার এলাকা ছেড়ে যেতে বলেন। এ সময় কয়েকজন আইসিই কর্মকর্তার সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। ঘটনাটির একটি ভিডিও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।
ঘটনাটি ঘটে ২৩ নভেম্বর, সোমবার। পরদিন ২৪ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে বিষয়টি সামনে আসে। ভিডিওতে দেখা যায়, বাস আইসিই কর্মকর্তাদের সামনে দাঁড়িয়ে কাউন্টির নীতিমালার কথা বলছেন এবং তাঁদের হাতে নিষেধপত্রটি দেখাচ্ছেন। তিনি জানতে চান, কর্মকর্তারা কোন আইনি অনুমতির ভিত্তিতে সেখানে কাজ করছেন। একজন কর্মকর্তা তাঁকে বলেন, তিনি কাউন্টির অধীনে কাজ করেন না। আরেকজন বলেন, কাউন্টির নিয়ম ফেডারেল সরকারের ওপর প্রযোজ্য নয়।
নিকি ফরচুনাটো বাসের অভিযোগ, আইসিই কর্মকর্তারা কারাগারে স্বজনদের দেখতে আসা একটি পরিবারকে তাঁদের গায়ের রং ও পরিচয়ের ভিত্তিতে সন্দেহ করেন। পরে তাঁদের গাড়ি পর্যন্ত ধাওয়া করেন। ওই পরিবারের সঙ্গে একটি শিশুও ছিল বলে তিনি জানান। বাসের ভাষ্য অনুযায়ী, তিনি সেখানে গিয়ে কর্মকর্তাদের কাছে জানতে চান, তাঁদের কাছে ওই ব্যক্তিদের আটক করার জন্য বিচারকের দেওয়া কোনো পরোয়ানা আছে কি না। তিনি বলেন, কাউন্টির মানুষের নিরাপত্তা এবং তাঁদের আইনি অধিকার রক্ষার দায়িত্ব তাঁর রয়েছে। কাউন্টির জমিতে অনুমতি ছাড়া এ ধরনের অভিযান চালানো গ্রহণযোগ্য নয় বলেও তিনি জানান। তবে ভিডিওতে ওই পরিবারের সদস্যদের আটকের বিষয়টি পুরোপুরি স্পষ্ট নয়।
এর আগে ৯ নভেম্বর আলামেডা কাউন্টির অন্তর্বর্তী আইন কর্মকর্তা আন্দ্রেয়া ওয়েডল আইসিইর সান ফ্রান্সিসকো কার্যালয়ে একটি নিষেধপত্র পাঠান। এতে বলা হয়, আইসিই কর্মকর্তাদের সান্তা রিটা কারাগার ও এর আশপাশের কাউন্টির মালিকানাধীন জায়গা অভিবাসন অভিযান পরিচালনার ঘাঁটি হিসেবে ব্যবহার করা বন্ধ করতে হবে। কাউন্টির দাবি, শেরিফের কার্যালয়ের কর্মকর্তারা একাধিকবার আইসিই সদস্যদের ওই এলাকা ছেড়ে যেতে বললেও তাঁরা তা মানেননি। কাউন্টির চিঠিতে আগের দুটি ঘটনার কথাও উল্লেখ করা হয়। ১ নভেম্বর আইসিইর এক কর্মকর্তা কারাগারের পার্কিং এলাকা থেকে একজনকে ধাওয়া করে ভেতরের লবিতে নিয়ে যান এবং সেখানে তাঁকে আটক করেন বলে কাউন্টির অভিযোগ। এরপর ৮ নভেম্বর কারাগারের লবিতে আইসিইর দুই কর্মকর্তার সঙ্গে সাধারণ মানুষের শারীরিক সংঘর্ষ হয় বলেও চিঠিতে বলা হয়েছে।
আলামেডা কাউন্টিতে চলতি বছরের শুরুতে একটি নিয়ম করা হয়। এতে বলা হয়েছে, বিচারকের দেওয়া বৈধ পরোয়ানা ছাড়া আইসিই কাউন্টির জমি ও ভবন ব্যবহার করে অভিবাসন অভিযান চালাতে পারবে না। কারাগারের পার্কিং এলাকা, প্রবেশপথ ও অন্যান্য সরকারি জায়গাকে অভিযানের ঘাঁটি হিসেবে ব্যবহার করাও নিষিদ্ধ বলে কাউন্টির নীতিতে উল্লেখ রয়েছে। তবে এ বিষয়ে ফেডারেল সরকারের অবস্থান আলাদা। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলেছে, অভিবাসন আইন প্রয়োগ করা ফেডারেল সরকারের দায়িত্ব। এ কাজের জন্য স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই বলেও বিভাগটি দাবি করেছে। ফলে কাউন্টির নিয়ম এবং ফেডারেল সরকারের ক্ষমতা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়েছে।
নিকি ফরচুনাটো বাস জানিয়েছেন, আইসিই কর্মকর্তারা কাউন্টির নিয়ম না মানলে পরবর্তী পদক্ষেপ নিয়ে কাউন্টি বোর্ডকে সিদ্ধান্ত নিতে হবে। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বিবেচনা করা হতে পারে। অন্যদিকে, ২৪ নভেম্বর আলামেডা কাউন্টির বোর্ড সভায় স্থানীয় বাসিন্দা ও সংগঠনের প্রতিনিধিরা আইসিইর কার্যক্রম বন্ধে কাউন্টির নিয়ম আরও কঠোরভাবে প্রয়োগের দাবি জানান। সান্তা রিটা কারাগারকে ঘিরে আইসিইর কার্যক্রম নিয়ে আলামেডা কাউন্টি ও ফেডারেল সরকারের মধ্যে বিরোধ আরও প্রকাশ্যে এসেছে। আগামী ৭ ডিসেম্বর কাউন্টির অভিবাসন অভিযান মোকাবিলার পরিকল্পনা নিয়ে একটি শুনানি হওয়ার কথা রয়েছে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।