জানুয়ারি থেকে ব্রিটেনে গ্যাস ও বিদ্যুতের বিল বাড়ছে ২৬ শতাংশ, বাড়তি খরচে চাপে পরিবারগুলো
নতুন বছরের শুরুতেই বাড়ছে জ্বালানি ব্যয়। প্রায় দুই কোটি পরিবারকে গুনতে হতে পারে অতিরিক্ত অর্থ।
নতুন বছরের শুরুতেই বাড়তি খরচের চাপে পড়তে যাচ্ছেন যুক্তরাজ্যের লাখো পরিবার। আগামী ২০২৭ সালের জানুয়ারি থেকে দেশটিতে গ্যাস ও বিদ্যুতের বার্ষিক মূল্যসীমা ২৬ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সাধারণ ব্যবহারের একটি পরিবারের গ্যাস ও বিদ্যুতের বার্ষিক ব্যয়ের নির্ধারিত সীমা ১ হাজার ৭২৩ পাউন্ড থেকে বেড়ে ২ হাজার ১৬৬ পাউন্ড হবে। অর্থাৎ বছরে অতিরিক্ত ৪৪৩ পাউন্ড খরচের মুখে পড়তে পারে পরিবারগুলো।
এই পরিবর্তনে পরিবর্তনশীল মূল্যচুক্তিতে থাকা প্রায় দুই কোটি পরিবার প্রভাবিত হতে পারে। তবে প্রকৃত বিল নির্ভর করবে পরিবারের জ্বালানি ব্যবহারের পরিমাণ ও চুক্তির ধরনের ওপর।
বিশ্ববাজারে গ্যাসের দাম বেড়ে যাওয়াকে এই মূল্যবৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচলে বিঘ্ন এবং কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহে সীমাবদ্ধতার কারণে জ্বালানির পাইকারি দাম বেড়েছে।
যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলোর জন্যও এই পরিবর্তন গুরুত্বপূর্ণ। বাড়িভাড়া, যাতায়াত, খাবার ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খরচের পাশাপাশি গ্যাস ও বিদ্যুতের ব্যয় বাড়লে মাসিক বাজেটে নতুন চাপ তৈরি হতে পারে।
তবে সবার বিল একই হারে বাড়বে না। নির্ধারিত মূল্যসীমা সাধারণ ব্যবহারের হিসাবের ওপর ভিত্তি করে তৈরি। পরিবারের জ্বালানি ব্যবহারের পরিমাণ অনুযায়ী প্রকৃত বিল কমবেশি হতে পারে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।