মেডিকেয়ার হারাতে পারেন ৩ লাখ বৈধ অভিবাসী, ফেব্রুয়ারি থেকে কার্যকর হচ্ছে নতুন নিয়ম
নতুন আইনের আওতায় প্রায় ৩ লাখ অভিবাসীকে মেডিকেয়ার সুবিধার যোগ্যতা যাচাইয়ের চিঠি পাঠানো হচ্ছে। প্রয়োজনীয় কাগজপত্র জমা না দিলে ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে অনেকের স্বাস্থ্যবিমা বন্ধ হতে পারে।
যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রায় ৩ লাখ বৈধ অভিবাসীর মেডিকেয়ার স্বাস্থ্যবিমার যোগ্যতা নিয়ে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। সামাজিক নিরাপত্তা প্রশাসন (এসএসএ) সংশ্লিষ্ট ব্যক্তিদের চিঠি পাঠিয়ে জানিয়েছে, নতুন আইনের কারণে তাঁদের কেউ কেউ সরকারি স্বাস্থ্যবিমার সুবিধা হারাতে পারেন।
২৪ নভেম্বর প্রকাশিত ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বিধিনিষেধের আওতায় শরণার্থী, আশ্রয়প্রাপ্ত ব্যক্তি, সাময়িক সুরক্ষার আওতায় থাকা অভিবাসী এবং মানবপাচারের শিকার কিছু মানুষ প্রভাবিত হতে পারেন।
২০২৫ সালের জুলাইয়ে পাস হওয়া নতুন আইনে মেডিকেয়ারের যোগ্যতা সীমিত করা হয়েছে। এখন মূলত যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্থায়ী বাসিন্দা, নির্দিষ্ট কিউবান-হাইতিয়ান প্রবেশকারী এবং বিশেষ চুক্তির আওতাভুক্ত কয়েকটি অঞ্চলের নাগরিকেরা অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে এই সুবিধা পাবেন।
সরকারি নির্দেশনা অনুযায়ী, যাঁদের যোগ্যতা নিশ্চিত করা যাচ্ছে না, তাঁদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। তা না হলে ২০২৭ সালের ১ ফেব্রুয়ারি থেকে তাঁদের মেডিকেয়ার সুবিধা বন্ধ হতে পারে।
এই পরিবর্তনের ফলে বাংলাদেশি বয়স্ক ও অসুস্থ প্রবাসীদেরও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। বিশেষ করে যাঁরা শরণার্থী বা আশ্রয়প্রাপ্ত অবস্থায় মেডিকেয়ার সুবিধা নিচ্ছেন, তাঁদের সরকারি চিঠি ও নির্ধারিত সময়সীমার দিকে নজর রাখা জরুরি।
সামাজিক নিরাপত্তা প্রশাসন জানিয়েছে, নাগরিকত্ব বা বৈধ অভিবাসন অবস্থার প্রমাণ অনলাইনে মাই সোশ্যাল সিকিউরিটি অ্যাকাউন্টের মাধ্যমে জমা দেওয়া যাবে। প্রয়োজনে স্থানীয় সামাজিক নিরাপত্তা কার্যালয়েও কাগজপত্র জমা দেওয়া যাবে।
তবে এই পরিবর্তন সব অভিবাসীর জন্য নয়। যুক্তরাষ্ট্রের নাগরিক ও যোগ্য গ্রিন কার্ডধারীরা অন্যান্য শর্ত পূরণ করলে মেডিকেয়ার সুবিধা পাবেন। এ ছাড়া সামাজিক নিরাপত্তা অবসর ভাতা বা অক্ষমতাজনিত ভাতার যোগ্যতা ও অর্থ প্রদানের নিয়মে এই পরিবর্তন প্রভাব ফেলছে না।
তাই যাঁরা সরকারি চিঠি পেয়েছেন, তাঁদের চিঠির নির্দেশনা অনুসরণ করে দ্রুত অভিবাসন অবস্থার প্রমাণ জমা দেওয়া উচিত। প্রয়োজনে সামাজিক নিরাপত্তা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে নিজের যোগ্যতা যাচাই করতে হবে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।