ইসলাম গ্রহণের পর জ্ঞান অর্জনে সিরিয়ায় কাটালেন ২০ বছর, এখন দুই প্রতিষ্ঠানের নেতৃত্বে ড. তামারা গ্রে
১৯৮৫ সালে যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ইসলাম গ্রহণ করেন ড. তামারা গ্রে। এরপর ইসলামের গভীর জ্ঞান অর্জনে জীবনের প্রায় ২০ বছর কাটিয়েছেন সিরিয়ায়। এখন মুসলিম নারীদের শিক্ষা ও নেতৃত্বের সুযোগ তৈরি করতে কাজ করছেন তিনি।
যুক্তরাষ্ট্রের মিনেসোটায় জন্ম ও বেড়ে ওঠা ড. তামারা গ্রের জীবনের মোড় ঘুরে যায় ১৯৮৫ সালে। সে বছর ইসলাম গ্রহণ করেন তিনি। তাঁর ইসলাম গ্রহণের পেছনে কোনো সাধারণ পড়াশোনা বা বইয়ের প্রভাব ছিল না; বরং গভীর এক আধ্যাত্মিক অনুভূতি তাঁকে ইসলামের পথে আসতে সাহায্য করেছিল। নিজের জীবনের এই অভিজ্ঞতার কথা তিনি ইয়াকিন ইনস্টিটিউটের এক সাক্ষাৎকারে তুলে ধরেছেন।
ইসলাম গ্রহণের পর তাঁর মনে নতুন একটি প্রশ্ন তৈরি হয়। যে ধর্মকে তিনি সত্য বলে বিশ্বাস করেছেন, সেই ধর্ম সম্পর্কে আরও গভীরভাবে জানবেন কীভাবে? বিশেষ করে একজন নারী হিসেবে ইসলাম সম্পর্কে প্রচলিত কিছু বই ও লেখায় নারীদের নিয়ে নেতিবাচক ধারণা দেখে তিনি হতাশ হয়েছিলেন। তাই অন্যের কথার ওপর নির্ভর না করে নিজেই ইসলাম সম্পর্কে ভালোভাবে জানার সিদ্ধান্ত নেন।
এই সিদ্ধান্ত থেকেই শুরু হয় তাঁর দীর্ঘ শিক্ষাজীবন। ইসলামি জ্ঞান অর্জনের জন্য তিনি সিরিয়ার দামেস্কে যান। সেখানে প্রায় ২০ বছর ধরে ইসলামি শিক্ষা, পবিত্র কোরআন ও আরবি ভাষা নিয়ে পড়াশোনা করেন। দীর্ঘ সময় ধরে শিক্ষকদের কাছ থেকে জ্ঞান অর্জনের পাশাপাশি ইসলামি শিক্ষার বিভিন্ন বিষয়ে নিজেকে তৈরি করেন।
২০১২ সালে সিরিয়ায় যুদ্ধের কারণে তিনি যুক্তরাষ্ট্রে ফিরে আসেন। তবে দামেস্কে অর্জন করা জ্ঞান ও অভিজ্ঞতা নিজের মধ্যে আটকে রাখেননি। বরং যুক্তরাষ্ট্রের মুসলিম নারীদের কাছে সেই শিক্ষার সুযোগ পৌঁছে দেওয়ার চিন্তা করেন তিনি। এরপর মুসলিম নারীদের শিক্ষা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের সুযোগ বাড়ানোর লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠা করেন রাবাতা। প্রতিষ্ঠানটি বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে মুসলিম নারীদের ধর্মীয় জ্ঞান অর্জন ও নিজেদের দক্ষতা বাড়াতে সহায়তা করে। একই উদ্যোগের উচ্চশিক্ষা কার্যক্রম হিসেবে গড়ে ওঠে রিবাত বিশ্ববিদ্যালয়।
বর্তমানে ড. তামারা গ্রে রাবাতার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি রিবাত বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট হিসেবেও কাজ করছেন তিনি। তাঁর প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম নারীরা ইসলামি শিক্ষা অর্জনের সুযোগ পাচ্ছেন। একসময় ইসলাম সম্পর্কে জানার আগ্রহ থেকে যে শিক্ষার পথচলা শুরু করেছিলেন, আজ সেই জ্ঞান অন্যদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন তিনি। তাঁর জীবনের গল্প শুধু ধর্ম গ্রহণের ঘটনা নয়, বরং দীর্ঘদিনের অধ্যবসায়, জ্ঞান অর্জন এবং অন্য নারীদের শিক্ষিত করে গড়ে তোলার এক অনুপ্রেরণামূলক উদাহরণ।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।