নিউইয়র্কে সব শিক্ষার্থীর জন্য বিনা মূল্যে দুই বেলা খাবার, বরাদ্দ ৩৯৫ মিলিয়ন ডলার
পরিবারের আয় বিবেচনা ছাড়াই স্কুলে সকালের নাশতা ও দুপুরের খাবার পাবে শিক্ষার্থীরা। পাশাপাশি হালাল ও কোশার খাবারের সুযোগ বাড়াতে নতুন নির্দেশনা দিয়েছেন মেয়র জোহরান মামদানি।
নিউইয়র্কে স্কুলশিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে সকালের নাশতা ও দুপুরের খাবারের কর্মসূচি অব্যাহত রাখতে ২০২৬–২৭ অর্থবছরে ৩৯৫ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। পরিবারের আর্থিক অবস্থা যা-ই হোক, কর্মসূচির আওতাভুক্ত স্কুলের সব শিক্ষার্থী এই সুবিধা পাবে। একই সঙ্গে সরকারি খাবার কর্মসূচিতে ধর্মীয় বিধান অনুসারে হালাল ও কোশার খাবারের ব্যবস্থা উন্নত করতে নতুন উদ্যোগ নিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।নিউইয়র্ক অঙ্গরাজ্যের সর্বজনীন বিনা মূল্যের স্কুল খাবার কর্মসূচির আওতায় জাতীয় স্কুল ব্রেকফাস্ট ও লাঞ্চ কর্মসূচিতে অংশ নেওয়া স্কুলগুলোর শিক্ষার্থীরা বিনা মূল্যে দুই বেলা খাবার পাবে। এ ক্ষেত্রে পরিবারের আয় বা আর্থিক সামর্থ্য বিবেচনা করা হবে না। ফলে নিম্ন আয়ের পরিবারের পাশাপাশি অন্যান্য পরিবারের শিক্ষার্থীরাও একই সুবিধা পাবে।
অঙ্গরাজ্যের ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে এ কর্মসূচির জন্য ৩৯৫ মিলিয়ন ডলার রাখা হয়েছে। আগের অর্থবছরের তুলনায় বরাদ্দ বেড়েছে ৫৫ মিলিয়ন ডলার, যা প্রায় ১৬ দশমিক ২ শতাংশ বেশি। অঙ্গরাজ্যের বাজেটসংক্রান্ত তথ্য অনুযায়ী, জাতীয় স্কুল খাবার কর্মসূচিতে অংশগ্রহণকারী ৫ হাজারের বেশি স্কুলের প্রায় ২৭ লাখ ৬০ হাজার শিক্ষার্থী এর আওতায় রয়েছে। অন্যদিকে, গত ১৮ নভেম্বর নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি নির্বাহী আদেশ নম্বর ২৫-এ স্বাক্ষর করেন। এর মাধ্যমে সরকারি অর্থায়নে পরিচালিত বিভিন্ন খাবার কর্মসূচিতে ধর্মীয় খাদ্যবিধি অনুসরণকারীদের জন্য খাবারের সুযোগ আরও সুসংগঠিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন নির্দেশনায় হালাল ও কোশার খাবারের মান, যথাযথ সনদ, খাবারের সঠিক পরিচিতি এবং উপাদান সম্পর্কে স্বচ্ছ তথ্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মেয়রের খাদ্যনীতি দপ্তরকে আগামী এক বছরের মধ্যে এ বিষয়ে নির্দেশিকা তৈরি করতে বলা হয়েছে। নির্দেশিকাটি ২০২৭ সালের ১৮ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর কাছে পৌঁছানোর কথা রয়েছে।শুধু স্কুল নয়, সরকারি হাসপাতাল, বয়স্কদের সেবাকেন্দ্র, কারাগার ও গৃহহীন মানুষের আশ্রয়কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানের খাবার কর্মসূচিও এ উদ্যোগের আওতায় আসবে। মেয়রের দপ্তরের তথ্য অনুযায়ী, নিউইয়র্ক সিটির সরকারি সংস্থাগুলো প্রতি বছর ২২ কোটির বেশি খাবার ও হালকা নাশতা পরিবেশন করে।
মেয়র মামদানির নির্দেশনার উদ্দেশ্য হলো, ধর্মীয় বিশ্বাস ও খাদ্যবিধির কারণে কোনো মানুষ যেন সরকারি খাবারের সুবিধা গ্রহণ থেকে বঞ্চিত না হন। পাশাপাশি খাবারের উপাদান ও ধর্মীয় মান সম্পর্কে পরিষ্কার তথ্য পাওয়ার সুযোগ তৈরি করা। এখানে দুটি উদ্যোগের মধ্যে পার্থক্য রয়েছে। ৩৯৫ মিলিয়ন ডলারের বরাদ্দটি নিউইয়র্ক অঙ্গরাজ্য সরকারের স্কুল খাবার কর্মসূচির জন্য। অন্যদিকে, হালাল ও কোশার খাবার নিশ্চিত করার নির্বাহী আদেশটি নিউইয়র্ক সিটি সরকারের বিভিন্ন খাবার কর্মসূচি নিয়ে। দুটি উদ্যোগই নিউইয়র্কে বসবাসকারী পরিবার, শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষের খাবারের সুযোগ বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।