নিষিদ্ধ সংগঠনের নাশকতা রুখতে কঠোর হুঁশিয়ারি; ওয়ার্ডে দুইবারের বেশি মিছিল হলে নেতৃবৃন্দকে শোকজের ঘোষণা
আসন্ন পহেলা ডিসেম্বর নয়াপল্টনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সমাবেশ এবং ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস সফল করতে কঠোর সাংগঠনিক অবস্থান নিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। যেকোনো মূল্যে নিষিদ্ধ সংগঠনের নাশকতা ও জনবিরোধী অপতৎপরতা রুখতে নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়ে মহানগর নেতৃবৃন্দ ঘোষণা দিয়েছেন, কোনো ওয়ার্ড বা ইউনিটের অধীনে দুইবারের বেশি নিষিদ্ধ সংগঠনের মিছিল হলে সংশ্লিষ্ট ওয়ার্ডের নেতৃবৃন্দকে শোকজ ও জবাবদিহিতার মুখোমুখি হতে হবে।
পহেলা ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠেয় সমাবেশ এবং আসন্ন ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস সফল করতে ব্যাপক সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। পহেলা ডিসেম্বরের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে আয়োজিত এক কর্মী ও প্রস্তুতি সভায় মহানগর নেতৃবৃন্দ স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিদেশে নিরাপদে অবস্থান করে দেশে অশান্তি সৃষ্টির লক্ষ্যে যেকোনো ধ্বংসাত্মক কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করা হলে তা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে এবং জড়িতদের আইনের হাতে তুলে দেওয়া হবে।

সম্প্রতি পুনর্গঠিত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মীসভায় সভাপতিত্ব ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মহানগর দক্ষিণের আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। সভা পরিচালনা করেন মহানগর দক্ষিণের সদস্যসচিব তানভীর আহমেদ রবিন। এতে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি, নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদির ভূঁইয়া জুয়েল এবং যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম।
আইন হাতে তুলে নেব না, তবে আইনের হাতে তুলে দেব: আবদুস সালাম
সভায় নেতাকর্মীদের বিগত ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম ও নির্যাতনের অভিজ্ঞতা ভুলে না যাওয়ার আহ্বান জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, কারো মধুর প্ররোচনায় বা ফাঁদে পা দিয়ে নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না।
৫ আগস্টের পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, "আমরা ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো ধরনের ডিস্টার্ব বা ক্ষতি করিনি। তারা আমাদের ওপর যে অত্যাচার, নির্যাতন ও জেল-জুলুম চালিয়েছিল, আমরা তাদের ক্ষমা করে দিয়েছিলাম। কিন্তু তারা যে দেশে সুখ-শান্তিতে ব্যবসা-বাণিজ্য করে নিজ অবস্থানে রয়েছে, সেটি তাদের নেত্রী শেখ হাসিনা পছন্দ করছেন না। তিনি ভাবছেন, তার পরিবার ও আত্মীয়-স্বজন যেভাবে দেশছাড়া হয়েছে, তাহলে দেশে থাকা আওয়ামী লীগের লোকজন কেন শান্তিতে থাকবে? সেই অশান্তি সৃষ্টির জন্যই তিনি একের পর এক ধ্বংসাত্মক কর্মসূচি দিয়ে যাচ্ছেন।"
আবদুস সালাম কঠোর নির্দেশনা দিয়ে বলেন, "যারা এই ধ্বংসাত্মক কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। আমরা ১৭ বছর নির্যাতিত হয়েছি, কিন্তু আমরা আইন হাতে তুলে নেব না; বরং তাদের শক্তভাবে প্রতিহত করে আইনের হাতে—পুলিশের হাতে তুলে দেব। এজন্য কারো জন্য অপেক্ষা না করে প্রতিটি ওয়ার্ডে নেতাকর্মীদের সক্রিয় অবস্থানে থাকতে হবে।"
দুইবারের বেশি মিছিল হলেই ওয়ার্ড নেতৃবৃন্দকে শোকজ: তানভীর আহমেদ রবিন
সদস্যসচিব তানভীর আহমেদ রবিন সাংগঠনিক জবাবদিহিতার বিষয়ে কঠোর অবস্থান তুলে ধরে বলেন, "আমরা একটি বিষয়ে কঠোর নির্দেশনা দিচ্ছি—কোনো ওয়ার্ড, ইউনিট বা থানার অধীনে যদি দুইবারের বেশি নিষিদ্ধ সংগঠনের মিছিল বা জনবিরোধী ধ্বংসাত্মক কার্যক্রম সংঘটিত হয়, তবে সংশ্লিষ্ট ওয়ার্ড বা ইউনিটের নেতৃবৃন্দকে শোকজ করা হবে। তাদের জবাবদিহি করতে হবে যে কেন তারা এই অপতৎপরতা রুখতে পারলেন না। আর ছাড় নয়, এখনই সময় তাদের প্রতিহত করার।"
তিনি আরও জানান, পহেলা ডিসেম্বর নয়াপল্টনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য সমাবেশ এবং ১৬ই ডিসেম্বরের কর্মসূচি সফল করতে নবগঠিত নেতৃত্বের সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতেই এই সভার আয়োজন করা হয়েছে।
বর্তমানের শান্তি ও নিরাপত্তা রক্ষা করতে হবে: আ ন ম সাইফুল ইসলাম
যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম নেতাকর্মীদের বিগত ১৭ বছরের দুঃসহ দিনগুলোর কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, "বর্তমানে কে কী পেলেন বা পেলেন না, দল কী দিল বা দিল না—সেই হিসাব না করে একটি হিসাব করুন যে, আপনারা এখন নিজ বাড়িতে শান্তিতে থাকতে পারছেন, ঘুমাতে পারছেন, নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য ও কাজকর্ম করছেন। একসময় বাসায় ঢুকলে নিচে পুলিশ বা ইনফরমার আসছে কি না, গুম বা খুনের শিকার হতে হয় কি না—তা পাহারা দেওয়ার জন্য নিজ সন্তানদের বারান্দায় বসিয়ে রাখতে হতো। আজ সেই আতঙ্ক নেই, এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না।"
তিনি সতর্ক করে বলেন, নেতাকর্মীদের অবহেলায় যদি আবার সেই পুরনো দুঃসময় ফিরে আসে, তবেই বোঝা যাবে কী হারানো হয়েছে। তাই দলের প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশের প্রতিটি মানুষের সুরক্ষা নিশ্চিত করতে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
আরও পাঁচ-সাতটি ১৬ই ডিসেম্বর মোকাবিলার প্রস্তুতি রয়েছে: জুয়েল
সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, "আমরা শুধু একটি ১৬ই ডিসেম্বর নয়, এরকম আরও পাঁচ-সাতটি ১৬ই ডিসেম্বর মোকাবিলা ও যেকোনো নাশকতা প্রতিহত করার জন্য সম্পূর্ণ প্রস্তুত আছি।"
ডিসেম্বর মাসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "আমাদের রাজনীতির বাতিঘর ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ডিসেম্বর মাসেই দেশ স্বাধীন করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি নিজে রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন বলেই প্রকৃত রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের অধিকাংশই জাতীয়তাবাদী দল বিএনপির সাথে যুক্ত। যারা ভারতে গিয়ে নাম বদলে 'অমুক দা, তমুক দা' সেজে মুক্তিযুদ্ধের ক্রেডিট নেওয়ার চেষ্টা করে, তাদের বিপরীতে জিয়াউর রহমান ছিলেন সম্মুখসমরের যোদ্ধা।" তিনি আরও বলেন, টানা দীর্ঘ সময় বিরোধী দলে থেকে মধ্যযুগীয় বর্বরতার শিকার হওয়ার অভিজ্ঞতা বাংলাদেশের আর কোনো দলের নেই; তাই জনতার শক্তি দিয়েই যেকোনো হুমকি প্রতিহত করা হবে।
ঐক্যবদ্ধ থাকার আহ্বান রফিকুল আলম মজনুর
সভায় সদ্য সাবেক আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি বিগত আন্দোলন-সংগ্রামে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীদের ত্যাগ ও সাহসী ভূমিকার প্রশংসা করেন। তিনি নবগঠিত কমিটির নেতৃত্বে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজপথে সক্রিয় থাকার এবং পহেলা ডিসেম্বর ও ১৬ই ডিসেম্বরের কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানান।
সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং আগামী দিনের কর্মসূচি বাস্তবায়নে নিজ নিজ এলাকার সাংগঠনিক প্রস্তুতির চিত্র তুলে ধরেন।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।