২০৩৫ নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড যৌথভাবে
১৯৬৬ সালের পর প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে যুক্তরাজ্য। ২০৩৫ সালের ফিফা নারী ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস।
সোমবার (২৩ নভেম্বর) সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা ও অনুমোদন দেওয়ার কথা রয়েছে। ফিফার বিশেষ কংগ্রেসের ভার্চ্যুয়াল সভায় ভোটের মাধ্যমে চার দেশের যৌথ আয়োজক হওয়ার বিষয়টি চূড়ান্ত করা হবে।
২০৩৫ সালের নারী বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দল। ৩৯ দিনব্যাপী এই টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে মোট ১০৪টি ম্যাচ।
‘অল টুগেদার’ নামে জমা দেওয়া যৌথ বিডে ১৯টি স্টেডিয়ামকে সম্ভাব্য ভেন্যু হিসেবে প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ইংল্যান্ডে ১৪টি, উত্তর আয়ারল্যান্ডে একটি, স্কটল্যান্ডে দুটি এবং ওয়েলসে দুটি স্টেডিয়াম রয়েছে।
এদিকে ফিফার বিশেষ কংগ্রেসে ২০৩১ সালের নারী বিশ্বকাপের যৌথ আয়োজক হিসেবে মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কোস্টারিকা ও জ্যামাইকার বিডও অনুমোদন পাওয়ার কথা রয়েছে।
২০৩১ সালের আসর থেকেই প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে নারী ফুটবল বিশ্বকাপ। এর মাধ্যমে নারী ফুটবলের সবচেয়ে বড় এই আসরে অংশগ্রহণকারী দলের সংখ্যা আরও বাড়বে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।