তৃতীয় টার্মিনালে বিমান কি শুধুই অতিথি? ‘৫ অসম শর্ত’ নিয়ে মুখ খুলল বিমান
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। জাপান কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভূমিকা এবং আলোচিত পাঁচটি চুক্তির শর্ত নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের কথা রয়েছে। উদ্বোধনের আগে টার্মিনালটির পরিচালনা ও গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে জাপান কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিনিধিত্ব না থাকা এবং সম্ভাব্য পাঁচটি বিতর্কিত চুক্তির শর্ত নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
এ পরিস্থিতিতে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে সংস্থাটির জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমদের মাধ্যমে সিএসবিনিউজকে লিখিত বক্তব্য দেওয়া হয়।
জাপান কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনায় নেই বিমান কেন?
গ্রাউন্ড হ্যান্ডলিং বিষয়ে জাপান কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো প্রতিনিধিকে সম্পৃক্ত না করার বিষয়ে জানতে চাইলে বিমান জানায়, বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) আইন, ২০১৫, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আইন, ২০১৭ এবং বেসামরিক বিমান চলাচল আইন, ২০১৭ অনুযায়ী দেশের বিমানবন্দরের অবকাঠামো পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) সংক্রান্ত মূল চুক্তি সম্পাদনের এখতিয়ার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং চুক্তিকারী কর্তৃপক্ষ হিসেবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ওপর ন্যস্ত।
বিমানের বক্তব্য অনুযায়ী, এ প্রক্রিয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কোনো চুক্তিকারী পক্ষ নয়। বরং বেবিচকের Air Navigation Order (ANO on Ground Handling Service, 2018) অনুযায়ী বিমান একটি ক্যাটাগরি-এ লাইসেন্সপ্রাপ্ত গ্রাউন্ড হ্যান্ডলিং সেবাদানকারী প্রতিষ্ঠান ও এয়ারলাইন অপারেটর।
এ কারণে এ বিষয়ে মন্তব্য করা বিমানের পক্ষে সমীচীন নয় বলে সংস্থাটি জানিয়েছে।
পাঁচটি অসম চুক্তির শর্ত নিয়ে কী বলল বিমান?
তৃতীয় টার্মিনালের অপারেশন ও গ্রাউন্ড হ্যান্ডলিং বিষয়ে পাঁচটি অসম চুক্তির শর্তের আলোচনা সম্পর্কে জানতে চাইলে বিমান জানায়, এ বিষয়ে তারা কোনো চুক্তি বা চুক্তির শর্তাবলি সম্পর্কে অবগত নয়।
তবে তৃতীয় টার্মিনালের অপারেশন ও গ্রাউন্ড হ্যান্ডলিং সংক্রান্ত বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, জাপান কনসোর্টিয়াম এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যে আলোচনা চলমান রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
আলোচিত পাঁচটি শর্ত কী?
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, জাপান কনসোর্টিয়ামের প্রস্তাবিত পাঁচটি শর্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। শর্তগুলো হলো—
১. ১৫ বছর প্রতিযোগী বিমানবন্দর পরিচালনায় বিধিনিষেধ
প্রস্তাবিত শর্ত অনুযায়ী, আগামী ১৫ বছর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে অন্য কোনো প্রতিযোগী বেসামরিক বিমানবন্দর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। তবে পরিকল্পনা, নির্মাণ কিংবা সামরিক স্থাপনা তৈরির ক্ষেত্রে এ বিধিনিষেধ প্রযোজ্য হবে না বলে প্রকাশিত তথ্যে উল্লেখ করা হয়েছে।
২. রাজস্ব ভাগাভাগি
প্রকাশিত তথ্য অনুযায়ী, তৃতীয় টার্মিনাল পূর্ণাঙ্গভাবে চালু হলে বাংলাদেশ মোট রাজস্বের ২৭ শতাংশ পাবে। তবে আংশিকভাবে চালু থাকার প্রথম আট মাসে বাংলাদেশের রাজস্বের অংশ ১৩ দশমিক ৫ শতাংশ হতে পারে বলে আলোচনায় এসেছে।
৩. আইন পরিবর্তনের সুরক্ষা (Change in Law)
ভবিষ্যতে বাংলাদেশের আইন পরিবর্তনের ফলে কোনো আর্থিক প্রভাব তৈরি হলে তার দায়ভার কে বহন করবে, তা নিয়ে শর্ত রয়েছে। এ ক্ষেত্রে জাপান কনসোর্টিয়ামকে সুরক্ষা দেওয়ার বিষয়টি বেবিচকের আপত্তির কারণ হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
৪. নির্মাণ ত্রুটির দায় (Defects Liability)
টার্মিনাল নির্মাণে কোনো ধরনের ত্রুটি ধরা পড়লে তার দায়ভার এবং মেরামতের দায়িত্ব কোন পক্ষ বহন করবে, তা নিয়েও মতবিরোধের তথ্য সামনে এসেছে।
৫. বিমান ও পুরোনো টার্মিনাল-১ ও ২-এর ভবিষ্যৎ
জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাবিত শর্ত অনুযায়ী, গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের পেমেন্টসংক্রান্ত বিষয় বিমানের এয়ারলাইন ব্যবসার ক্ষেত্রেও প্রযোজ্য করার কথা বলা হয়েছে। অর্থাৎ পরিচালনার দায়িত্ব বিদেশি পক্ষের কাছে গেলেও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায় ও ঝুঁকি বিমানের ওপর থাকার বিষয়টি আলোচনায় এসেছে।
পাশাপাশি তৃতীয় টার্মিনাল চালু হলে পুরোনো টার্মিনাল-১ ও ২ দিয়ে কোনো ফ্লাইট পরিচালনা করা যাবে না—এমন শর্তের কথাও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
তবে এসব শর্তের বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তি বা চুক্তির শর্তাবলি নিশ্চিত করেনি।
বিমানের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে
বিমানের দেওয়া বক্তব্য থেকে স্পষ্ট, তৃতীয় টার্মিনালের মূল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ চুক্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সরাসরি কোনো পক্ষ নয়। এ চুক্তির দায়িত্ব বেবিচকের ওপর ন্যস্ত। অন্যদিকে বিমান একটি লাইসেন্সপ্রাপ্ত গ্রাউন্ড হ্যান্ডলিং সেবাদানকারী প্রতিষ্ঠান ও এয়ারলাইন অপারেটর হিসেবে কাজ করছে।
তবে দীর্ঘদিন ধরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিয়ে আসা দেশের জাতীয় পতাকাবাহী এয়ারলাইনকে বাদ দিয়ে আলোচনা হলে ভবিষ্যতে তাদের দায়িত্ব, জনবল, যন্ত্রপাতি এবং সেবার মান কীভাবে নির্ধারিত হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।
বিশেষজ্ঞদের মতে, জাপানের অর্থায়ন ও কারিগরি সহযোগিতা বাংলাদেশের বিমান চলাচল খাতের জন্য গুরুত্বপূর্ণ। তবে যেকোনো পরিচালনা চুক্তিতে রাষ্ট্রের রাজস্ব স্বার্থ, বিমান চলাচলের স্বাধীনতা এবং ভবিষ্যৎ অবকাঠামো উন্নয়নের সুযোগ সুরক্ষিত রাখা জরুরি।
সব মিলিয়ে তৃতীয় টার্মিনালের পরিচালনা ও গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়ে আলোচনা এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে। উদ্বোধনের প্রস্তুতির পাশাপাশি চুক্তির শর্ত, পরিচালন কাঠামো এবং জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সের ভবিষ্যৎ ভূমিকা নিয়েও বাড়ছে আগ্রহ।
এখন দেখার বিষয়, তৃতীয় টার্মিনালের আনুষ্ঠানিক উদ্বোধনের পর এর পরিচালনা ও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব শেষ পর্যন্ত কার হাতে যায় এবং সেখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অবস্থান কী হয়।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।