এপ্রোনে ডিউটি করতে গিয়ে নাজেহাল বিমানকর্মীরা, পাশ কেড়ে নেওয়াই কি সমাধান?
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এপ্রোন এলাকায় দায়িত্ব পালন করতে গিয়ে নানা ভোগান্তির অভিযোগ তুলেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মীরা। এপ্রোন পাশ সংগ্রহে অর্থ প্রদান, পাশ কেড়ে নেওয়া এবং বৈষম্যমূলক আচরণ নিয়ে বাড়ছে ক্ষোভ। নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বিমানকর্মীদের সম্মান ও হয়রানিমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করা কি জরুরি নয়?
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এপ্রোন এলাকায় দায়িত্ব পালন করতে গিয়ে নানা ভোগান্তির মুখে পড়ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মীরা। এপ্রোন পাশ সংগ্রহ, পাশ কেড়ে নেওয়ার প্রবণতা এবং অন্যান্য সংস্থার তুলনায় বৈষম্যমূলক আচরণ নিয়ে ক্ষোভ বাড়ছে জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সের কর্মীদের মধ্যে।
সংশ্লিষ্টদের অভিযোগ, এপ্রোন এলাকায় ডিউটি করতে হলে বিমান কর্তৃপক্ষের মাধ্যমে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) থেকে বিশেষ পাশ সংগ্রহ করতে হয়। এই পাশ ছাড়া কোনো বিমানকর্মী ভেতরে প্রবেশ বা ডিউটি করতে পারেন না।
অভিযোগ উঠেছে, জাতীয় এয়ারলাইন্সের কর্মী হয়েও ওই পাশ সংগ্রহের জন্য নির্দিষ্ট অঙ্কের টাকা দিতে হয়। বিমানকর্মীদের মতে, এটি জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠানের সঙ্গে বিমাতাসুলভ আচরণের শামিল। তাদের প্রশ্ন, বিমানের নিজস্ব স্থাপনায় অন্যান্য সংস্থার কর্মীদের প্রবেশের ক্ষেত্রেও যদি সিএএবির মতো পাশ ইস্যু করে আয়ের বিষয়টি ভাবা হয়, তাহলে পরিস্থিতি কেমন দাঁড়াবে?
আরেকটি বড় অভিযোগ এপ্রোন পাশ কেড়ে নেওয়া নিয়ে। কর্মীদের দাবি, এপ্রোন এলাকায় যেকোনো ঘটনা, রটনা বা পরিস্থিতিতে এভসেক কর্তৃক পাশ নিয়ে নেওয়ার প্রবণতা ইদানীং বেশ বেড়েছে।
কোন কারণে, কী পরিস্থিতিতে একজন বিমানকর্মীর এপ্রোন পাশ নেওয়া যাবে এবং কে নিতে পারবেন, সে বিষয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা চোখে পড়েনি বলে জানান তারা। তাদের মতে, পাশ নিয়ে নেওয়ার মধ্য দিয়ে প্রচ্ছন্নভাবে বিমানকর্মীকে অপরাধী হিসেবে দাঁড় করানো হয়।
ভোগান্তি এখানেই শেষ নয়। পাশ নিয়ে নেওয়ার পর এয়ারসাইডে থাকা বিমানের অ্যাডমিন সেল ও অফিসে যোগাযোগ করাও সম্ভব হয় না। ফলে ডিউটি পরিচালনাসহ জরুরি প্রশাসনিক কাজে চরম বিড়ম্বনায় পড়তে হয় কর্মীদের।
এদিকে এপ্রোন এলাকায় আনসার, পুলিশ, এপিবিএনসহ আরও অনেক সংস্থার কর্মীদের বিভিন্ন সময় অপরাধে জড়িত হওয়ার খবর প্রকাশ্যে এলেও তাদের পাশ কেড়ে নেওয়ার কোনো ঘটনা দেখা যায় না বলে অভিযোগ বিমানকর্মীদের।
তারা বলছেন, এপ্রোন পাশ সংশ্লিষ্ট বিষয়ে জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সের কর্মীদের নাজেহাল করা কাম্য নয়। কোনো সমস্যা, দুর্ঘটনা বা অপরাধ সংঘটিত হলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিমানের যথেষ্ট সক্ষমতা রয়েছে।
এপ্রোন এলাকায় সুষ্ঠুভাবে ডিউটি পরিচালনায় বিমানকর্মীদের আন্তরিকতার ঘাটতি নেই বলেও জানান তারা। তাদের মতে, এপ্রোন পাশ কেড়ে নেওয়া কোনো সমাধান নয়। বরং কর্তৃপক্ষকে অবহিত করে সংশ্লিষ্ট বিষয়ে মনিটরিংয়ের মাধ্যমে সমাধানের পথ বের করাই উত্তম।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।