মালয়েশিয়ায় অভিযানে ১৫২ বাংলাদেশি আটক, কী অভিযোগ তাঁদের বিরুদ্ধে?
মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের কাগজপত্র যাচাইয়ে বড় অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। একদিনের অভিযানে ১৫২ বাংলাদেশিসহ ৪৮৯ জন আটক হয়েছেন। তাঁদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে এবং কোন ভুলে পড়তে পারেন আইনি ঝামেলায়, জেনে নিন বিস্তারিত।
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে বিদেশি নাগরিকদের কাগজপত্র যাচাই করতে বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। শনিবার (২১ নভেম্বর) তামান শ্রী মুদা এলাকার বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৫২ বাংলাদেশিসহ মোট ৪৮৯ জনকে আটক করা হয়েছে। অভিযানের সময় মোট ৮৩১ জন বিদেশি নাগরিকের কাগজপত্র পরীক্ষা করা হয়। সকাল ১১টার দিকে শুরু হওয়া এই অভিযান চলে দুপুর ১টা পর্যন্ত। এলাকার ২৬টি বাণিজ্যিক ভবনে একযোগে তল্লাশি চালান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অভিযানে অভিবাসন বিভাগের পাশাপাশি পুলিশসহ বিভিন্ন সরকারি সংস্থার ২৫৪ জন কর্মকর্তা ও কর্মী অংশ নেন।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপমহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিবাসন আইন ভাঙার সন্দেহ রয়েছে। তাঁদের মধ্যে বৈধ ভ্রমণ নথি না থাকা, অনুমতির মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থান করা এবং কাজের অনুমতির শর্ত না মানার অভিযোগ রয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশির সংখ্যা সবচেয়ে বেশি। দেশভিত্তিক হিসাবে বাংলাদেশের ১৫২ জনের পাশাপাশি নেপালের ১১৫ জন, মিয়ানমারের ৯৯ জন, ভারতের ৬৫ জন, ইন্দোনেশিয়ার ৪৩ জন, পাকিস্তানের ১১ জন এবং শ্রীলঙ্কার চারজন রয়েছেন। আটক ব্যক্তিদের মধ্যে ৮৪ জন নারী। তাঁদের বয়স ১৯ থেকে ৬২ বছরের মধ্যে।
অভিযানে কাজের অনুমতি নিয়ে অনিয়মের বিষয়টিও সামনে এসেছে। কর্মকর্তারা দেখতে পেয়েছেন, কয়েকজন বিদেশি কর্মীর অনুমতিপত্রে নির্মাণ খাতে কাজের কথা থাকলেও তাঁরা রেস্তোরাঁয় কাজ করছিলেন। মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের নির্দিষ্ট খাতের অনুমতি নিয়ে অন্য খাতে কাজ করা নিয়মবিরুদ্ধ। একইভাবে কোনো প্রতিষ্ঠান অনুমোদন ছাড়া বিদেশি কর্মী নিয়োগ করলেও মালিকপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।
অভিযানের সময় ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার ৫০০ মালয়েশীয় রিঙ্গিত জরিমানা করেছে দেশটির কোম্পানি কমিশন। পাশাপাশি কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে জিজ্ঞাসাবাদ ও তদন্তে সহযোগিতার জন্য পাঁচটি সাক্ষী হাজিরার নোটিশ দেওয়া হয়েছে। আটক ৪৮৯ জনকে সেমেনিয়াহ অভিবাসন আটককেন্দ্রে নেওয়া হয়েছে। সেখানে তাঁদের কাগজপত্র ও অভিযোগ যাচাই করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মালয়েশিয়ার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।
এদিকে মালয়েশিয়ায় বিদেশি নাগরিকদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হয়েছে। দেশটির অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সারা দেশে ১২ হাজার ৪৭১টি অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে ১ লাখ ৬০ হাজারের বেশি বিদেশি নাগরিকের কাগজপত্র পরীক্ষা করা হয়। তাঁদের মধ্যে ৭৫ হাজারের বেশি মানুষকে বিভিন্ন অভিযোগে আটক করা হয়েছে। একই সময়ে সাজা শেষে ৫২ হাজারের বেশি বিদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এই পরিস্থিতিতে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের বৈধ পাসপোর্ট, ভিসা ও কাজের অনুমতিপত্র ঠিক আছে কি না, তা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে যে কাজের জন্য অনুমতি নেওয়া হয়েছে, সেই কাজই করছেন কি না, সেটিও খেয়াল রাখা প্রয়োজন। কারণ কাগজপত্রে সমস্যা বা অনুমতির বাইরে কাজ করার অভিযোগ উঠলে আটক ও আইনি জটিলতায় পড়তে পারেন কর্মীরা।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।