সম্মেলন থেকে ফেরার পথে প্রিন্সটনের চীনা পিএইচডি শিক্ষার্থীকে আটক করল মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে স্নায়ুবিজ্ঞানবিষয়ক সম্মেলনে অংশ নিয়ে ফেরার পথে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের চীনা পিএইচডি শিক্ষার্থী ইভা ই জিকে আটক করেছে দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই)। বৃহস্পতিবার রোনাল্ড রিগ্যান ন্যাশনাল বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয়।
প্রিন্সটন বিশ্ববিদ্যালয় এবং তাঁর গবেষণাগারের সদস্যরা এ তথ্য জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচালিত সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি প্রিন্সটোনিয়ান’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইভাকে ভার্জিনিয়ার চান্টিলিতে আটক রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইভা প্রিন্সটন নিউরোসায়েন্স ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের পিএইচডি শিক্ষার্থী। তিনি সোসাইটি ফর নিউরোসায়েন্সের সম্মেলনে অংশ নিতে ওয়াশিংটন ডিসিতে গিয়েছিলেন। সেখানে তিনি নিজের গবেষণার একটি পোস্টার উপস্থাপন করেন। সম্মেলন শেষে ফেরার সময় বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয় বলে জানিয়েছে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ব্রোডি ল্যাব।
বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুলের ডিন রডনি ডি প্রিস্টলি এক বিবৃতিতে বলেন, ইভার আটকের খবর তাঁকে এবং বিশ্ববিদ্যালয় পরিবারের অনেক সদস্যকে উদ্বিগ্ন করেছে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ইভার আইনি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আইনজীবীর ব্যবস্থা করেছে। তাঁর পরিবার, আইনজীবী ও সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। দ্রুতই ইভা যেন প্রিন্সটনে তাঁর পড়াশোনা আবার শুরু করতে পারেন, সেই প্রত্যাশা করছে বিশ্ববিদ্যালয়।
ইভাকে আটকের বিষয়ে যা বলছে আইসিই
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) শুক্রবার রাতে নিউজউইককে দেওয়া এক বিবৃতিতে জানায়, ১৯ নভেম্বর রোনাল্ড রিগ্যান ন্যাশনাল বিমানবন্দরে একটি লক্ষ্যভিত্তিক অভিযান চালিয়ে ইভাকে আটক করা হয়। বিভাগটি তাঁকে ‘চীনের একজন অবৈধ অভিবাসী’ হিসেবে উল্লেখ করেছে।
বিবৃতিতে বলা হয়, ২০১৬ সালের ১৬ মার্চ ইভাকে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তাঁর দেশ ছাড়ার নির্ধারিত তারিখ ছিল একই বছরের ১৫ সেপ্টেম্বর। ডিএইচএসের দাবি, পরবর্তী সময়ে আবেদন বিচারাধীন থাকলেও তা তাঁকে বৈধ অভিবাসন মর্যাদা দেয়নি। এ ছাড়া যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য তাঁর কখনো বৈধ অনুমোদন ছিল না বলেও দাবি করেছে সংস্থাটি।
বিবৃতিতে আরও বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে অবৈধভাবে অবস্থানরত অভিবাসীদের অভ্যন্তরীণ বিমান ভ্রমণের সুযোগ আর সহ্য করা হবে না। তাঁদের যুক্তরাষ্ট্র ত্যাগের জন্য স্বেচ্ছায় আত্মসমর্পণ বা স্বদেশে ফিরে যাওয়ার বিষয়েও কঠোর অবস্থান নেওয়া হয়েছে।
ডিএইচএস জানিয়েছে, আটক অভিবাসীদের স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়ার জন্য বিনা মূল্যে বিমান টিকিট এবং ৩ হাজার ডলার দেওয়ার সুযোগ রয়েছে। ইভাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে নেওয়া হবে এবং বহিষ্কারসংক্রান্ত কার্যক্রম চলাকালে তাঁকে আইসিইর হেফাজতে রাখা হবে।
যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযান
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক হারে অভিবাসী বহিষ্কারের উদ্যোগের ফলে যুক্তরাষ্ট্রের অভিবাসননীতিতে আইসিই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশজুড়ে অভিবাসীদের আটক ও বহিষ্কারের অভিযানও জোরদার করেছে সংস্থাটি।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ অর্থবছরে আইসিই ৪ লাখ ৮৩ হাজার ২০০ জনকে বহিষ্কার এবং ৪ লাখ ৯১ হাজারের বেশি অভিবাসীকে আটক করেছে। সংস্থাটির ইতিহাসে এক অর্থবছরে এটি সর্বোচ্চ আটক ও বহিষ্কারের সংখ্যা বলে দাবি করা হয়েছে।
তবে ট্রাম্প প্রশাসন বলছে, অভিবাসন আইন কার্যকর করা এবং অপরাধীদের দেশ থেকে বহিষ্কার করাই এ অভিযানের মূল লক্ষ্য। অন্যদিকে বিভিন্ন সরকারি তথ্য ও স্বাধীন বিশ্লেষণে দেখা গেছে, আটক ব্যক্তিদের অনেকেরই কোনো অপরাধের রেকর্ড নেই। এমনকি শিক্ষার্থী এবং বৈধ প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করা অভিবাসীরাও এ অভিযানের আওতায় পড়ছেন।
ইভার পরিচয় ও শিক্ষাজীবন
ইভা ই জি ২০১৬ সালে চীনের সাংহাই থেকে যুক্তরাষ্ট্রে আসেন। নিউইয়র্কের ব্রঙ্কস হাইস্কুল অব সায়েন্সে পড়াশোনা করেন তিনি। ২০২০ সালে প্রকাশিত ওই স্কুলের শিক্ষার্থী পরিচালিত সাময়িকীর একটি প্রোফাইল অনুযায়ী, শুরুতে ইংরেজি ভাষায় তাঁর কিছুটা সমস্যা হলেও পরবর্তী সময়ে বিজ্ঞান গবেষণায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন।
হৃদ্রোগের চিকিৎসা উন্নয়নে জিনোমিকস ব্যবহারের ওপর গবেষণার জন্য তিনি রিজেনেরন সায়েন্স ট্যালেন্ট সার্চের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছিলেন। ২০২৪ সালে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে কম্পিউটার সায়েন্স ও গণিতে ডিগ্রি অর্জন করেন তিনি। পাশাপাশি অর্থনীতিতে বিশেষায়িত পড়াশোনাও করেন।
প্রিন্সটনের ব্রোডি ল্যাব জানিয়েছে, ১৯ নভেম্বর আটক হওয়ার আগে ইভা স্ল্যাকের মাধ্যমে সহকর্মীদের কাছে সাহায্য চেয়ে বার্তা পাঠিয়েছিলেন। এরপর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাঁকে মুক্ত করতে আইনজীবীরা কাজ করছেন।
ইভার সহকর্মী ও প্রিন্সটনের পিএইচডি গবেষক হোর্হে ইয়ানার নিউজউইককে বলেন, ইভা একজন মেধাবী, সহযোগিতাপ্রবণ ও বিনয়ী গবেষক। তাঁর গবেষণায় অবদান এবং সহকর্মীদের সঙ্গে কাজ করার দক্ষতা প্রশংসনীয়। তাঁকে দ্রুত মুক্তি দিয়ে নিরাপদে ফিরিয়ে আনা প্রয়োজন।
ব্রোডি ল্যাবের আরেক গবেষক ন্যাথানিয়েল ডাও বলেন, ইভার গবেষণার আগ্রহ ও দক্ষতা অত্যন্ত বিস্তৃত। তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞান থেকে শুরু করে প্রাণীর শারীরবৃত্তীয় গবেষণা পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে তাঁর কাজ রয়েছে। সহকর্মীদের মধ্যে বিভিন্ন কর্মশালা ও অনুষ্ঠানের আয়োজনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ইভার গবেষণা তত্ত্বাবধায়ক ও প্রিন্সটনের নিউরোসায়েন্স বিভাগের অধ্যাপক কার্লোস ব্রোডি তাঁর আটকের সমালোচনা করেছেন। ‘দ্য ডেইলি প্রিন্সটোনিয়ান’-কে তিনি বলেন, ইভা একজন আইন মেনে চলা শিক্ষার্থী। তাঁকে আটক করে বহিষ্কারের উদ্যোগ নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। এটি নিষ্ঠুরতা এবং এর মাধ্যমে যুক্তরাষ্ট্র নিজেরই ক্ষতি করছে।
এদিকে নিউজউইক জানিয়েছে, এ বিষয়ে মন্তব্য জানতে আইসিইর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নিউ জার্সির দুই সিনেটর কোরি বুকার ও অ্যান্ডি কিমের কার্যালয় এবং রাজ্য সরকারের কাছেও বক্তব্য চাওয়া হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করেনি সিনেটর অ্যান্ডি কিমের কার্যালয় ও প্রিন্সটন বিশ্ববিদ্যালয়।
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুলের ডিন রডনি প্রিস্টলি শিক্ষার্থীদের এক ই-মেইলে জানিয়েছেন, ইভার পরিবার, আইনজীবী ও সহকর্মীদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে বিশ্ববিদ্যালয়।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।