ব্রেকিং
১৪ ডিসেম্বর থেকে বাড়িভাড়া সহায়তায় নতুন নিয়ম, পরিবারের সবার কাগজপত্র যাচাই করবে সরকার১০ শতাংশের বেশি কমল শেয়ারবাজার, এআই শেয়ার বিক্রির চাপে বড় পতনযাত্রীদের সামনেই বিমানে ওঠার সময় দুইজনকে আটক করল অভিবাসন কর্মকর্তারাএফবিআইয়ের গুরুত্বপূর্ণ তথ্যভান্ডারে হ্যাকারদের সাইবার হামলা, উদ্বেগে ট্রাম্প প্রশাসন ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাবিদেশে তথ্যকেন্দ্র নির্মাণ করলেই মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর বিপুল করের হুঁশিয়ারি ট্রাম্পের

১৪ ডিসেম্বর থেকে বাড়িভাড়া সহায়তায় নতুন নিয়ম, পরিবারের সবার কাগজপত্র যাচাই করবে সরকার

পরিবারের একজন সদস্যের অভিবাসন কাগজপত্র ঠিক না থাকলে কি বন্ধ হয়ে যেতে পারে সবার বাড়িভাড়া সহায়তা? ট্রাম্প প্রশাসনের নতুন নিয়মে এমন পরিস্থিতির মুখে পড়তে পারেন যুক্তরাষ্ট্রের হাজারো পরিবার। ডিসেম্বর থেকেই শুরু হচ্ছে নতুন নিয়ম কার্যকরের প্রক্রিয়া।

যুক্তরাষ্ট্রে বাড়িভাড়া সহায়তার নতুন নিয়ম।
যুক্তরাষ্ট্রে বাড়িভাড়া সহায়তার নতুন নিয়ম।

যুক্তরাষ্ট্রে সরকারি সহায়তায় বাড়িভাড়া পরিশোধ করা অভিবাসী পরিবারগুলোর জন্য নতুন নিয়ম চূড়ান্ত করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। নতুন নিয়ম অনুযায়ী, সরকারি বাড়িভাড়া সহায়তা পেতে পরিবারের প্রত্যেক সদস্যের মার্কিন নাগরিকত্ব অথবা নির্দিষ্ট বৈধ অভিবাসন অবস্থার প্রমাণ দিতে হবে। পরিবারের কোনো সদস্য এই সহায়তা পাওয়ার যোগ্য না হলে পুরো পরিবারের সরকারি বাড়িভাড়া সহায়তা পাওয়ার সুযোগও সীমিত হয়ে যেতে পারে।যুক্তরাষ্ট্রের আবাসন ও নগর উন্নয়ন বিভাগ (এইচইউডি) ১২ নভেম্বর নতুন নিয়মটি চূড়ান্ত করে। আগামী ১৪ ডিসেম্বর থেকে এটি কার্যকর হওয়ার কথা। এই নিয়ম মূলত সরকারি আবাসন এবং সেকশন ৮ বাড়িভাড়া সহায়তাসহ নির্দিষ্ট কয়েকটি সরকারি কর্মসূচির ক্ষেত্রে প্রযোজ্য হবে।

আগে যেসব পরিবারে মার্কিন নাগরিক বা বৈধভাবে সহায়তা পাওয়ার যোগ্য সদস্যের পাশাপাশি অনথিভুক্ত অভিবাসী কিংবা অন্য কোনো অযোগ্য অভিবাসন অবস্থার সদস্য ছিলেন, তারাও একসঙ্গে বসবাস করতে পারতেন। তবে সরকারি সহায়তার টাকা হিসাব করা হতো শুধু যোগ্য সদস্যদের জন্য। অর্থাৎ পরিবারের সবাই বাড়িভাড়া সহায়তা পেতেন না, কিন্তু যোগ্য সদস্যদের অংশের জন্য সরকারি সহায়তা চালু থাকত। নতুন নিয়মে এই ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। এখন পরিবারের প্রত্যেক সদস্যের নাগরিকত্ব অথবা বৈধ অভিবাসন অবস্থার কাগজপত্র যাচাই করা হবে। ফলে কোনো পরিবারের একজন সদস্যও নির্ধারিত শর্ত পূরণ করতে না পারলে সেই পরিবার দীর্ঘমেয়াদে আগের মতো ভাগ করে বাড়িভাড়া সহায়তা পাওয়ার সুযোগ হারাতে পারে।

নতুন নিয়ম অনুযায়ী, আগে থেকেই সরকারি বাড়িভাড়া সহায়তা পাওয়া মিশ্র অভিবাসন অবস্থার পরিবারগুলোকে নিয়ম কার্যকর হওয়ার পর ৯০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। অন্যদিকে একই অভিবাসন অবস্থার পরিবারের যেসব সদস্যের কাগজপত্র আগে জমা দেওয়া হয়নি, তাদের পরবর্তী বার্ষিক বা অন্তর্বর্তী যাচাইয়ের সময় তা দিতে হবে। তবে নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে থেকেই সবার সহায়তা বন্ধ হয়ে যাচ্ছে না। কাগজপত্র যাচাই চলার সময় নির্দিষ্ট শর্তে সাময়িকভাবে আগের নিয়ম অনুযায়ী ভাগ করে সহায়তা দেওয়া হতে পারে। কিন্তু এই সুবিধা অনির্দিষ্টকাল চালু থাকবে না।

এদিকে, নতুন নিয়মের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়েছে। অভিবাসী ও বাড়িভাড়ার অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর আশঙ্কা, এর ফলে অনেক পরিবারকে বাড়ি ছাড়তে অথবা পরিবারের সদস্যদের আলাদা হয়ে থাকতে বাধ্য হতে হতে পারে। বিশেষ করে যেসব পরিবারের শিশু মার্কিন নাগরিক, কিন্তু বাবা-মায়ের অভিবাসন অবস্থা সরকারি সহায়তা পাওয়ার যোগ্য নয়, তারা বেশি সমস্যায় পড়তে পারে। মার্কিন সংবাদমাধ্যম জিবিএইচ নিউজ ২০ নভেম্বর জানিয়েছে, ম্যাসাচুসেটসের কয়েকটি বাড়িভাড়ার অধিকার নিয়ে কাজ করা সংগঠন নতুন নিয়ম বন্ধের দাবিতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতে মামলা করেছে। তাদের অভিযোগ, এই নিয়মের কারণে অনেক নিম্ন আয়ের পরিবার বাড়ি হারানোর ঝুঁকিতে পড়বে।

অন্যদিকে, ট্রাম্প প্রশাসনের দাবি, সরকারি বাড়িভাড়া সহায়তা শুধু যোগ্য ব্যক্তিদের জন্য নিশ্চিত করতেই এই নিয়ম করা হয়েছে। সরকারের মতে, এতে করদাতাদের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে। নতুন নিয়ম কার্যকর হলে যুক্তরাষ্ট্রে সরকারি বাড়িভাড়া সহায়তার ওপর নির্ভরশীল অনেক মিশ্র অভিবাসন অবস্থার পরিবারকে নতুন করে কাগজপত্র জমা দিতে হবে। নিয়মের কারণে কোনো পরিবার সহায়তা হারাবে কি না, তা নির্ভর করবে পরিবারের সদস্যদের অভিবাসন অবস্থা এবং সরকারি যাচাইয়ের ফলাফলের ওপর।

ট্যাগ: অভিবাসী পরিবারবাড়িভাড়া সহায়তাট্রাম্প প্রশাসনএইচইউডি

প্রতিবেদক

Desk Report

Reporter

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।