আগামীকাল থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিরাপত্তা সপ্তাহ শুরু, সচেতনতা ও সহযোগিতা কাম্য
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আগামীকাল থেকে শুরু হচ্ছে নিরাপত্তা সপ্তাহ। এ উপলক্ষে বিমানবন্দরের স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা বিধি মেনে চলা, পরিচয়পত্র প্রদর্শন এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আগামীকাল (রোববার) থেকে নিরাপত্তা সপ্তাহ শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে সংশ্লিষ্ট সকলের সচেতনতা ও সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।
নিরাপত্তা সপ্তাহ চলাকালে বিমানবন্দরের এপ্রোনসহ স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা বিধি কঠোরভাবে অনুসরণ, পরিচয়পত্র প্রদর্শন এবং অনুমোদিত এলাকায় চলাচলের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
এদিকে, এপ্রোন এরিয়ায় বিভিন্ন ঠুনকো অজুহাতে বিভিন্ন এজেন্সি ও প্রতিষ্ঠান কর্তৃক বিমান কর্মীদের আইডি কার্ড ও এপ্রোন পাশ নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, বিমানের নিরাপত্তা শাখা কর্তৃক ইস্যুকৃত আইডি কার্ড অন্য কেউ নিয়ে যাওয়ার বিষয়টি কর্মীদের জন্য আত্মমর্যাদা হানিকর।
তাদের দাবি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ব্যতীত অন্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে সাধারণত এ ধরনের ঘটনা দেখা যায় না। কেউ অন্যায় বা অপরাধ করলে তার প্রতিকারের জন্য সুনির্দিষ্ট রুলস রয়েছে। কিন্তু আইডি কার্ড নিয়ে নেওয়ার মতো অপমানজনক পদক্ষেপের মাধ্যমে বিমান কর্মীদের সুপরিকল্পিতভাবে নাজেহাল করা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে বিমানের নিরাপত্তা বিভাগের প্রতি ঘটনাগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী কর্মীরা।
নিরাপত্তা সপ্তাহকে সফল করতে বিমানের সকল বিভাগ, সংশ্লিষ্ট এজেন্সি ও বিমানবন্দরে কর্মরত সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।