অভিবাসী শিশুদের বহিষ্কারের প্রক্রিয়া দ্রুত করছে ট্রাম্প প্রশাসন, বাড়ছে উদ্বেগ
এবার অভিবাসী শিশুদেরও বহিষ্কারের প্রক্রিয়া দ্রুত করার উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। এমনকি কিছু শিশুকে নিজে থেকে দেশ ছাড়তে ৩ হাজার ডলার দেওয়ার প্রস্তাবও দেওয়া হচ্ছে। নতুন এই পদক্ষেপে হাজারো শিশুর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিভাবকহীন অভিবাসী শিশুদের বহিষ্কারের প্রক্রিয়া দ্রুত করার উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শিশুদের অভিবাসন মামলার শুনানি দ্রুত শেষ করার পাশাপাশি নিজে থেকে দেশ ছেড়ে যাওয়ার জন্য অর্থ দেওয়ার প্রস্তাবও চালু করেছে সরকার। এসব পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্রে থাকা হাজারো অভিবাসী শিশুর ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম দ্য বিকন ১০ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, কানসাস সিটি এলাকায় অন্তত দুই ডজন অভিবাসী শিশু বর্তমানে দেশ থেকে বহিষ্কারের আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এসব শিশুর মধ্যে অনেকেই নির্যাতন, অবহেলা কিংবা পারিবারিক নিরাপত্তাহীনতার কারণে নিজ দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে এসেছিল। তাদের কেউ কেউ যুক্তরাষ্ট্রে আত্মীয়দের কাছে বসবাস করছে, আবার কেউ আশ্রয়কেন্দ্রেও রয়েছে।
আগে বিশেষ অভিবাসন মর্যাদা পাওয়া শিশুদের গ্রিন কার্ডের অপেক্ষায় থাকার সময় বহিষ্কারের হাত থেকে কিছু আইনি সুরক্ষা দেওয়া হতো। কিন্তু ট্রাম্প প্রশাসন ২০২৬ সালের ১০ মে থেকে নতুন আবেদনকারী ও নবায়নের ক্ষেত্রে সেই সুরক্ষার ব্যবস্থা বাতিল করে। ফলে আগে যেসব শিশু বহিষ্কারের ঝুঁকি থেকে কিছুটা নিরাপদ ছিল, তাদের অনেকেই এখন নতুন করে আইনি সমস্যার মুখে পড়েছে। এই পরিবর্তনে দেশজুড়ে প্রায় দেড় লাখ শিশু প্রভাবিত হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, শিশুদের বহিষ্কারের প্রক্রিয়া দ্রুত করতে আদালতের শুনানিও এগিয়ে আনা হচ্ছে। দ্য বিকনের প্রতিবেদনে বলা হয়েছে, কানসাস সিটির কয়েকটি শিশুর আদালতে শুনানির তারিখ ২০২৭ সালের তালিকা থেকে সরিয়ে আরও আগের সময়ে নির্ধারণ করা হয়েছে। এতে আইনজীবীরা অল্প সময়ের মধ্যে মামলার প্রস্তুতি নিতে সমস্যায় পড়ছেন।
এদিকে, মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ ১৩ অক্টোবর জানিয়েছে, অভিভাবকহীন অভিবাসী শিশুদের নিজে থেকে যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার জন্য ৩ হাজার ডলার দেওয়ার প্রস্তাব করছে স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ। তবে এই সুবিধা সব শিশুর জন্য নয়। সরকারি হেফাজতে থাকা, কমপক্ষে ১৪ বছর বয়সী এবং কোনো অপরাধী দলের সঙ্গে যুক্ত নয়—এমন শিশুরা এই অর্থ পাওয়ার যোগ্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত বছর একই ধরনের প্রস্তাবে অর্থের পরিমাণ ছিল ২ হাজার ৫০০ ডলার।
সরকারের দাবি, অভিভাবক ছাড়া যুক্তরাষ্ট্রে আসা অনেক শিশু পাচারকারী ও অপরাধীদের ঝুঁকিতে পড়ছে। তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবারের সঙ্গে পুনরায় মিলিয়ে দেওয়ার জন্য এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ও আইনজীবীরা সরকারের এই উদ্যোগের সমালোচনা করছেন। তাঁদের অভিযোগ, শিশুদের মামলার শুনানি দ্রুত শেষ করার ফলে অনেকেই পর্যাপ্ত সময় ও আইনজীবীর সহায়তা পাচ্ছে না। এমনকি নির্যাতন ও পাচারের শিকার হওয়া শিশুরাও দ্রুত বহিষ্কারের ঝুঁকিতে পড়তে পারে।
এ বিষয়ে কয়েকটি অধিকার সংগঠন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতে মামলাও করেছে। তাদের দাবি, শিশুদের মামলার ক্ষেত্রে পর্যাপ্ত আইনি সহায়তা ও ন্যায্য শুনানির সুযোগ নিশ্চিত করতে হবে। অন্যদিকে প্রশাসনের বক্তব্য, পুরোনো মামলার জট কমানো এবং অভিবাসন প্রক্রিয়া আইন অনুযায়ী দ্রুত শেষ করাই তাদের লক্ষ্য। অভিবাসী শিশুদের বিষয়ে ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ যুক্তরাষ্ট্রের অভিবাসননীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে যেসব শিশু বাবা-মা ছাড়া যুক্তরাষ্ট্রে এসেছে এবং আইনি সুরক্ষার ওপর নির্ভর করে সেখানে থাকার চেষ্টা করছে, তাদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।