বিদেশি শিক্ষার্থীদের চার বছর থাকার নিয়ম পুরোপুরি বাতিল করল আদালত
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের সর্বোচ্চ চার বছর থাকার নিয়ম বাতিল করেছেন আদালত। ফলে আগের নিয়মে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ ফিরে পেয়েছেন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা।
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের থাকার সময় সর্বোচ্চ চার বছরে সীমাবদ্ধ করার সরকারি নিয়ম পুরোপুরি বাতিল করেছেন একটি ফেডারেল আদালত। এর ফলে আগের নিয়ম অনুযায়ী পড়াশোনা ও অনুমোদিত প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার সুযোগ বহাল থাকছে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য।
১৬ নভেম্বর ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফেডারেল আদালতের বিচারক এফ ডেনিস সেইলর এই রায় দেন। এর আগে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ নতুন একটি নিয়ম চালু করেছিল। এতে বিদেশি শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে থাকার সময় সর্বোচ্চ চার বছর নির্ধারণের কথা বলা হয়েছিল। চার বছরের বেশি সময় থাকতে হলে নতুন করে সরকারি অনুমতি নেওয়ার প্রয়োজন হতো।
নতুন নিয়মের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়, শিক্ষক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সংগঠন আদালতে মামলা করে। তাঁদের যুক্তি ছিল, এই নিয়ম চালু হলে দীর্ঘমেয়াদি পড়াশোনা ও গবেষণায় থাকা শিক্ষার্থীরা সমস্যায় পড়বেন। বিশেষ করে যাঁরা পিএইচডি করছেন, তাঁদের অনেকেরই চার বছরের বেশি সময় প্রয়োজন হয়। ফলে নতুন নিয়ম তাঁদের শিক্ষা ও গবেষণার কাজে অনিশ্চয়তা তৈরি করতে পারত।
মামলাটি পর্যালোচনা করে আদালত জানান, নতুন নিয়ম তৈরির ক্ষেত্রে সরকার যথাযথ কারণ দেখাতে পারেনি। নিয়মটির কারণে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়গুলোর কী ধরনের ক্ষতি হতে পারে, সেটিও যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়নি। আদালত সরকারি নিয়মটিকে আইন অনুযায়ী বাতিল ঘোষণা করেন।
আগের ব্যবস্থায় বিদেশি শিক্ষার্থীরা তাঁদের অনুমোদিত পড়াশোনা বা প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার সময় পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকতে পারতেন। তবে এ জন্য তাঁদের অভিবাসনসংক্রান্ত সব শর্ত মেনে চলতে হতো। নতুন নিয়মে এই সুযোগের পরিবর্তে সর্বোচ্চ চার বছরের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল।
নতুন নিয়মে আরও বলা হয়েছিল, শিক্ষার্থীদের এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে যাওয়া, পড়াশোনার বিষয় পরিবর্তন এবং শিক্ষার স্তর পরিবর্তনের ক্ষেত্রে বাড়তি বাধা থাকবে। পড়াশোনা শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র ছাড়ার জন্য পাওয়া অতিরিক্ত সময়ও কমানোর পরিকল্পনা ছিল। আদালতের নতুন রায়ে এসব পরিবর্তনও বাতিল হয়েছে।
এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি স্বস্তি পেয়েছেন দীর্ঘমেয়াদি পড়াশোনা ও গবেষণায় যুক্ত শিক্ষার্থীরা। কারণ অনেক সময় গবেষণা শেষ করতে, প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করতে কিংবা উচ্চতর ডিগ্রি অর্জন করতে চার বছরের বেশি সময় লাগে। নতুন নিয়ম বহাল থাকলে তাঁদের বাড়তি অনুমতির জন্য আবেদন করতে হতো। বাংলাদেশ থেকেও প্রতিবছর অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। তাঁদের মধ্যে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী রয়েছেন। আদালতের এই সিদ্ধান্তের ফলে তাঁরাও আগের নিয়ম অনুযায়ী পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ পাবেন।
তবে এই রায়ের অর্থ এই নয় যে শিক্ষার্থীরা ইচ্ছামতো যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন। তাঁদের বিশ্ববিদ্যালয়ে বৈধভাবে ভর্তি থাকা, পড়াশোনার নিয়ম মেনে চলা এবং ভিসার অন্যান্য শর্ত পূরণ করতে হবে। পাশাপাশি নিজেদের অভিবাসনসংক্রান্ত কাগজপত্রও ঠিক রাখতে হবে। সরকার চাইলে আদালতের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারে। তবে শুধু আপিল করলেই বাতিল হওয়া নিয়ম আবার কার্যকর হবে না। নতুন কোনো আদালতের আদেশ না আসা পর্যন্ত আগের নিয়মই বহাল থাকবে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।