এনভিডিয়ার সাবেক প্রধানকে ফিরিয়ে আনার পক্ষে ট্রাম্প, বোর্ডকে দিলেন দ্বিতীয় সুযোগের আহ্বান
এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে আবারও কোম্পানির দায়িত্বে দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে হুয়াংকে ‘মেধাবী ব্যক্তি’ হিসেবে আখ্যা দিয়ে তাকে দ্বিতীয় সুযোগ দেওয়ার জন্য এনভিডিয়ার পরিচালনা পর্ষদের প্রতি আহ্বান জানান তিনি। ট্রাম্পের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চিপ শিল্পে যুক্তরাষ্ট্রের অগ্রগতি ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন হুয়াং।
সংবাদ সম্মেলনে ট্রাম্প স্বীকার করেন, হুয়াং কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে প্রযুক্তি খাতে তার অবদান বিবেচনায় নিয়ে পদত্যাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত বলে মনে করেন তিনি।
ট্রাম্প বলেন, ‘তিনি কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু তিনি অত্যন্ত মেধাবী একজন মানুষ।’ এআই চিপ শিল্পে যুক্তরাষ্ট্রকে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে রাখার ক্ষেত্রে হুয়াংয়ের অবদানের কথাও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।
তিনি আরও বলেন, ‘আমি তাকে আবার ফিরে আসতে দেখতে চাই। আমরা এমন একটি দেশ, যেখানে মানুষ দ্বিতীয় সুযোগ পায়। তাকে আবার দেখতে পারলে ভালো লাগবে।’
এনভিডিয়াকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, কোম্পানিটি বুদ্ধিমানের মতো কাজ করলে হুয়াংয়ের অবদান স্বীকার করবে, তার ক্ষমা গ্রহণ করবে এবং তাকে আবার কাজে ফেরার সুযোগ দেবে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও হুয়াংকে নিয়ে আলোচনা করেছেন বলে জানান ট্রাম্প। তার দাবি, আলোচনায় শি জিনপিংও হুয়াংকে অত্যন্ত মেধাবী ব্যক্তি হিসেবে প্রশংসা করেছেন।
এ সময় নিজের প্রথম মেয়াদে ধনকুবের উদ্যোক্তা ইলন মাস্কের পক্ষ নেওয়ার বিষয়টিও তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, প্রতিভাবান ব্যক্তিদের সুরক্ষা দেওয়া প্রয়োজন, কারণ কোনো দেশের কাছেই এমন মানুষের সংখ্যা বেশি নয়।
এদিকে হুয়াংকে আবারও এনভিডিয়ায় ফিরিয়ে আনার পক্ষে অবস্থান নিয়েছেন প্রযুক্তি খাতের প্রভাবশালী ব্যক্তিরা। তাদের মধ্যে রয়েছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক।
নিউইয়র্ক টাইমসের ডিলবুক সামিটে বক্তব্য দিতে গিয়ে মাস্ক হুয়াংয়ের বিদায়কে বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানকে শিকাগো বুলস দল থেকে বাদ দেওয়ার সঙ্গে তুলনা করেন। তার মতে, হুয়াংয়ের মতো ব্যক্তিকে হারানোর সিদ্ধান্ত এনভিডিয়ার জন্য বুদ্ধিমানের কাজ হয়নি।
মাস্ক বলেন, এনভিডিয়ায় হুয়াংয়ের বিকল্প খুঁজে পাওয়া কঠিন। তিনি শুধু কোম্পানির নেতৃত্বই দেননি, সরবরাহব্যবস্থা পরিচালনা এবং দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের গুরুত্বপূর্ণ সরবরাহকারীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখার মতো একাধিক দায়িত্বও পালন করেছেন। কয়েক দশকে গড়ে ওঠা এসব সম্পর্ক এবং প্রযুক্তিগত দক্ষতা অন্য কারও পক্ষে সহজে প্রতিস্থাপন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
তবে ট্রাম্প ও মাস্কের সমর্থন সত্ত্বেও হুয়াংকে পুনরায় সিইও হিসেবে নিয়োগ দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। বোর্ড চেয়ারম্যান হার্ভে জোনস জানিয়েছেন, হুয়াংয়ের পদত্যাগ সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়েছে এবং তাকে ফিরিয়ে আনার পরিকল্পনা নেই। স্থায়ী উত্তরসূরি খুঁজতে প্রক্রিয়া শুরু হয়েছে। অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা কোলেট ক্রেসকে।
এ ছাড়া জাতীয় নিরাপত্তা নীতি ও রপ্তানি নিয়ন্ত্রণবিধি মেনে চলার বিষয়টি আরও জোরদার করতে নতুন একটি কমিটিও গঠন করেছে কোম্পানিটি।
গত ১২ নভেম্বর হুয়াংয়ের পদত্যাগের পর এ বিতর্কের সূত্রপাত হয়। অ্যালিস হুয়াং নামে মেগাস্পিডের সাবেক এক নির্বাহীর সঙ্গে তার কথিত সম্পর্কের তথ্য প্রকাশ্যে আসার পর বিষয়টি আলোচনায় আসে। মার্কিন গোয়েন্দাসংশ্লিষ্ট প্রতিবেদনে অ্যালিস হুয়াংকে চীনা গোয়েন্দা সংস্থার সন্দেহভাজন সম্পদ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এতে জাতীয় নিরাপত্তা এবং চীনের সঙ্গে এনভিডিয়ার ব্যবসায়িক সম্পর্ক নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
হুয়াং কংগ্রেসের তদন্তে সহযোগিতা করতে সম্মত হয়েছেন। আগামী ১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের তিনটি কমিটির সামনে হাজির হয়ে অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তার সম্পর্ক এবং এ-সংক্রান্ত জাতীয় নিরাপত্তা উদ্বেগ নিয়ে প্রশ্নের জবাব দেওয়ার কথা রয়েছে তার।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।