ব্রেকিং
নির্বাচনে হেরেই অধিবেশনে অনুপস্থিত, বেতন বন্ধের দাবি তুললেন রিপাবলিকান নেতা মারফিইরান যুদ্ধের অর্থায়ন নিয়ে কংগ্রেসে তীব্র বিরোধ, সরকারি অচলাবস্থার শঙ্কা বাড়ছে আবারযুক্তরাষ্ট্রে বাড়ির দাম ও ঋণের খরচ বেড়ে যাওয়ায় নিজের বাড়ি কেনার স্বপ্ন পূরণ হচ্ছে না অনেকেরইরানে হামলার আগে ট্রাম্পকে কংগ্রেসের অনুমতি নিতে হবে? সিনেটে আটকে গেল প্রস্তাবচাকরি আছে, নিয়োগ নেই! যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে বাড়ছে প্রতিযোগিতা

যুক্তরাষ্ট্র-কানাডার প্রতিরক্ষা সম্পর্কে নতুন সংকট, গোপন নির্দেশনায় বিধিনিষেধ

যুক্তরাষ্ট্র ও কানাডার দীর্ঘদিনের ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্কে নতুন করে টানাপড়েন তৈরি হয়েছে। কানাডার সঙ্গে সামরিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে গোপন নির্দেশনা জারি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ট্রাম্প প্রশাসনের সঙ্গে অটোয়ার রাজনৈতিক ও বাণিজ্যিক বিরোধের মধ্যেই ওয়াশিংটনের এমন পদক্ষেপ দুই দেশের সম্পর্কে নতুন সংকটের ইঙ্গিত দিচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। দুই দেশের প্রতিরক্ষা সম্পর্কে বাড়ছে টানাপড়েন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। দুই দেশের প্রতিরক্ষা সম্পর্কে বাড়ছে টানাপড়েন।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, হেগসেথের জারি করা গোপন নির্দেশনার বিষয়ে আগে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন মার্কিন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে হেগসেথের মুখপাত্র শন পারনেল বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা লক্ষ্য অর্জনে সহায়ক এবং দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ককে আরও শক্তিশালী করে—এমন কার্যক্রমকে অগ্রাধিকার দিচ্ছে পেন্টাগন। একই সঙ্গে দুই দেশের ভূখণ্ড ও অভিন্ন অঞ্চলের নিরাপত্তা জোরদার এবং ন্যাটোর দায়িত্ব পালনে কানাডার সক্ষমতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তবে নতুন বিধিনিষেধের কারণে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং ন্যাটো ও উত্তর আমেরিকার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা নোরাডের (নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড) সহযোগিতা প্রভাবিত হবে না বলে জানিয়েছেন পারনেল।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত ন্যাটোর দুই প্রতিষ্ঠাতা সদস্য যুক্তরাষ্ট্র ও কানাডা। দেশ দুটির মধ্যে রয়েছে ৫ হাজার ৫২৫ মাইল দীর্ঘ সীমান্ত। কয়েক দশক ধরে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক বজায় রাখার পাশাপাশি আফগানিস্তানসহ বিভিন্ন যুদ্ধে মার্কিন বাহিনীর সঙ্গে অংশ নিয়েছে কানাডার সেনারা। আফগানিস্তান যুদ্ধে দেশটির অন্তত ১৫৮ সেনা নিহত এবং আরও দুই হাজার সেনা আহত হন।

এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময়কারী জোট ‘ফাইভ আইস’-এর সদস্য কানাডা। জোটের এক সদস্য দেশের কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে আনুষ্ঠানিক কোনো পরিবর্তনের ঘোষণা আসেনি। তবে গত এক বছরে বিভিন্ন মাধ্যমে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আগের তুলনায় কম তথ্য ভাগাভাগি করেছেন।

ট্রাম্পের মেয়াদে সম্পর্কে অবনতি

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্র ও কানাডার সম্পর্কের অবনতি আরও স্পষ্ট হয়েছে। কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যে পরিণত করার প্রস্তাব দিয়ে বারবার বিতর্ক সৃষ্টি করেছেন ট্রাম্প।

২০২৫ সালের মে মাসে হোয়াইট হাউসে এক বৈঠকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি স্পষ্ট জানিয়ে দেন, তার দেশ বিক্রির জন্য নয় এবং কখনোই বিক্রি হবে না।

বাণিজ্য বিরোধেও বাড়ছে দূরত্ব

প্রতিবেশী দুই দেশের সম্পর্কে চাপ বাড়িয়েছে বাণিজ্য বিরোধও। কানাডার ইস্পাত, অ্যালুমিনিয়ামসহ বিভিন্ন পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে অটোয়াও। পাশাপাশি মার্কিন অস্ত্রের ওপর নির্ভরতা কমানোর উদ্যোগ নিয়েছে কানাডা।

গত মার্চে কার্নি জানান, ন্যাটোর দীর্ঘদিনের লক্ষ্যমাত্রা অনুযায়ী কানাডা প্রতিরক্ষা ব্যয় মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশে উন্নীত করেছে। অন্যদিকে রাশিয়ার হুমকির কথা উল্লেখ করে ন্যাটো সদস্যদের জন্য ২০৩৫ সালের মধ্যে প্রতিরক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়ের নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এদিকে কানাডার সামরিক বাহিনী নিয়ে হেগসেথের একাধিক বিদ্রূপাত্মক মন্তব্যও দুই দেশের সম্পর্কে তিক্ততা বাড়িয়েছে।

গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের প্রধান অ্যাডমিরাল স্যামুয়েল পাপারোকে এক সাংবাদিক প্রশ্ন করেন, কানাডার বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর নির্দেশ দেওয়া হলে তিনি কী করবেন।

জবাবে পাপারো এমন পরিস্থিতিকে সম্পূর্ণ অবাস্তব বলে মন্তব্য করেন। ব্যঙ্গ করে তিনি বলেন, তার কাছে মঙ্গলগ্রহের বাসিন্দাদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা সম্পর্কেও জানতে চাওয়া যেতে পারে।

ট্যাগ: যুক্তরাষ্ট্রকানাডারপ্রতিরক্ষাসম্পর্কেনতুনসংকট

প্রতিবেদক

CSB News USA

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।