৪৯ বছর ধরে ছুটছে মহাকাশে, পৃথিবী থেকে এতটাই দূরে ভয়েজার-১, সংকেত পৌঁছাতেই লাগে ২৪ ঘণ্টা!
পৃথিবী থেকে এত দূরে চলে গেছে মানুষের তৈরি একটি মহাকাশযান, যার কাছে পাঠানো সংকেত পৌঁছাতেই লাগে ২৪ ঘণ্টা! ৪৯ বছরেরও বেশি সময় ধরে ছুটে চলা ভয়েজার-১ গড়েছে মহাকাশ অভিযানের নতুন ইতিহাস।
পৃথিবী থেকে মানুষের পাঠানো সবচেয়ে দূরের মহাকাশযান ভয়েজার-১ এবার পৌঁছেছে এক নতুন মাইলফলকে। প্রায় ৪৯ বছর ধরে মহাকাশে ছুটে চলার পর ১৮ নভেম্বর পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব অতিক্রম করেছে এটি। মানুষের তৈরি কোনো বস্তু এর আগে পৃথিবী থেকে এত দূরে যায়নি।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা ১৯ নভেম্বর এই সাফল্যের কথা নিশ্চিত করে। তাদের হিসাবে, ভয়েজার-১ এখন পৃথিবী থেকে প্রায় ২৫ হাজার ৯০০ কোটি কিলোমিটার দূরে। এই দূরত্বকে বলা হয় এক আলোকদিন। অর্থাৎ আলো একটানা ২৪ ঘণ্টায় যতটা পথ অতিক্রম করে, সেই দূরত্বই এক আলোকদিন। বিষয়টি আরও সহজ করে বললে, পৃথিবী থেকে ভয়েজার-১-এর কাছে কোনো বার্তা পাঠালে তা পৌঁছাতে প্রায় ২৪ ঘণ্টা সময় লাগে। আবার মহাকাশযান থেকে কোনো সংকেত পৃথিবীতে ফিরে আসতেও লাগে আরও প্রায় ২৪ ঘণ্টা। ফলে পৃথিবী থেকে পাঠানো একটি নির্দেশের জবাব পেতে প্রায় দুই দিন অপেক্ষা করতে হয়।
১৯৭৭ সালের ৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ভয়েজার-১ যাত্রা শুরু করে। শুরুতে এর লক্ষ্য ছিল সৌরজগতের বৃহস্পতি ও শনিগ্রহ সম্পর্কে তথ্য সংগ্রহ করা। পরবর্তী সময়ে এটি আরও দূরের মহাকাশের দিকে এগিয়ে যেতে থাকে। দীর্ঘ এই যাত্রায় মহাকাশযানটি গ্রহগুলোর ছবি ও নানা গুরুত্বপূর্ণ তথ্য পৃথিবীতে পাঠিয়েছে।২০১২ সালে ভয়েজার-১ সূর্যের চারপাশের প্রভাববলয় পেরিয়ে আন্তনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করে। অর্থাৎ এটি এখন সূর্যের তৈরি কণিকা ও চৌম্বকক্ষেত্রের প্রধান প্রভাববলয়ের বাইরে অবস্থান করছে। তবে সৌরজগতের বাইরের এই বিশাল অঞ্চলে সূর্যের কিছু প্রভাব এখনো রয়েছে বলে বিজ্ঞানীরা মনে করেন।
এত দীর্ঘ সময় পরও মহাকাশযানটি কীভাবে কাজ করছে, তা বিজ্ঞানীদের কাছে বড় বিস্ময়। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এর যন্ত্রপাতিতে সমস্যা দেখা দিচ্ছে। গত ১৪ নভেম্বর থেকে ভয়েজার-১ পৃথিবীতে বৈজ্ঞানিক ও যন্ত্রের অবস্থা সম্পর্কিত তথ্য পাঠানো বন্ধ করে দিয়েছে। তবে এর সংকেত পাওয়া যাচ্ছে। সেই সংকেত ও মহাকাশযানের গতিপথের হিসাব ব্যবহার করেই নাসা এক আলোকদিন দূরত্বে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে।মহাকাশযানটির শক্তির উৎসও ধীরে ধীরে দুর্বল হয়ে আসছে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য নাসার প্রকৌশলীরা এর কিছু যন্ত্র বন্ধ করে দিয়েছেন। তারপরও যত দিন সম্ভব মহাকাশযানটির সঙ্গে যোগাযোগ চালু রাখার চেষ্টা করছেন তাঁরা।
ভয়েজার-১-এর যমজ মহাকাশযান ভয়েজার-২ একই বছর যাত্রা শুরু করেছিল। সেটিও এখন সৌরজগতের বাইরের অঞ্চলে রয়েছে। তবে ভিন্ন পথে চলার কারণে ভয়েজার-২ পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্বে পৌঁছাবে ২০৩৫ সালের দিকে। প্রায় অর্ধশতাব্দী ধরে চলা এই অভিযান মানুষের মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত খুলে দিয়েছে। ভয়েজার-১ এখনো পৃথিবী থেকে দূরে ছুটে চলেছে। একদিন হয়তো পৃথিবীর সঙ্গে এর যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। কিন্তু তত দিনে মহাকাশ সম্পর্কে মানুষের জ্ঞান বাড়াতে এর পাঠানো তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাবে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।