নিউইয়র্কে শিশুদের মানসিক স্বাস্থ্যে কতটা ক্ষতি করছে ফেসবুক-টিকটক? সতর্কবার্তা নিয়ে আদালতে মামলা
শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি ঠেকাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কবার্তা দেখানো বাধ্যতামূলক করতে যাচ্ছে নিউইয়র্ক। তবে নতুন এই আইনের বিরুদ্ধে আদালতে মামলা করেছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর একটি সংগঠন।
শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যের সুরক্ষায় সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কবার্তা দেখানো বাধ্যতামূলক করার আইন করেছে নিউইয়র্ক। তবে আইনটি কার্যকর হওয়ার আগেই এর বিরুদ্ধে আদালতে মামলা করেছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর একটি সংগঠন। সংগঠনটির দাবি, এই আইন সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোর মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে রয়টার্সের ১৪ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, NetChoice নামের সংগঠনটি নিউইয়র্কের ফেডারেল আদালতে এই মামলা করেছে। সংগঠনটির সদস্যদের মধ্যে গুগল, মেটা, স্ন্যাপ ও টিকটকের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠান রয়েছে।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল ২০২৫ সালের ১৯ ডিসেম্বর সতর্কবার্তা সংক্রান্ত আইনটিতে স্বাক্ষর করেন। আইন অনুযায়ী, যেসব সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীদের দীর্ঘ সময় ধরে আটকে রাখার মতো বিভিন্ন ব্যবস্থা রয়েছে, সেসব প্ল্যাটফর্মকে মানসিক স্বাস্থ্যের সম্ভাব্য ক্ষতি সম্পর্কে সতর্কবার্তা দেখাতে হবে। বিশেষ করে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও চালু হওয়া, শেষ না হওয়া পর্যন্ত নিচের দিকে স্ক্রল করতে থাকা এবং ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী একের পর এক কনটেন্ট দেখানোর মতো ব্যবস্থার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে।
সতর্কবার্তায় বলা হবে, সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু সুবিধা থাকলেও অতিরিক্ত ব্যবহার তরুণদের মানসিক স্বাস্থ্যের জন্য বড় ধরনের ক্ষতির সঙ্গে সম্পর্কিত হতে পারে। ব্যবহারকারীরা এসব সুবিধা চালু করলে এবং দীর্ঘ সময় ব্যবহার করলে সতর্কবার্তা দেখতে পাবেন। এই বার্তা এড়িয়ে যাওয়ার সুযোগও থাকবে না নিউইয়র্কের কর্মকর্তাদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার শিশু-কিশোরদের মধ্যে হতাশা, উদ্বেগ এবং ঘুমের সমস্যাসহ বিভিন্ন মানসিক সমস্যার ঝুঁকি বাড়াতে পারে। তাই ব্যবহারকারীদের সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্যদিকে, NetChoice বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার এ ধরনের সতর্কবার্তা দেখানো হলে ব্যবহারকারীদের স্বাভাবিকভাবে কনটেন্ট দেখার সুযোগ বাধাগ্রস্ত হবে। তাদের দাবি, সরকার কোম্পানিগুলোকে নির্দিষ্ট বক্তব্য প্রচারে বাধ্য করতে পারে না। এ কারণে তারা আইনটি কার্যকর হওয়া বন্ধ করতে আদালতের সহায়তা চেয়েছে। আইনটি ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে আদালতে করা মামলার কারণে এর বাস্তবায়ন নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। আদালত শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়, তার ওপর নিউইয়র্কের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের জন্য এই নতুন নিয়ম কার্যকর হবে কি না, তা নির্ভর করছে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।