চার জনপ্রিয় এআই দিয়ে হামলার পরিকল্পনা করা সম্ভব, জানাল সরকারি পরীক্ষা
চ্যাটজিপিটি, ক্লড, জেমিনি ও গ্রক—চার জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারি পরীক্ষায় উদ্বেগজনক তথ্য পাওয়া গেছে। নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে হামলার পরিকল্পনায় সহায়ক তথ্য পাওয়ার বিষয়টি উঠে এসেছে।
বিশ্বের জনপ্রিয় চারটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে হামলার পরিকল্পনা তৈরিতে সহায়ক তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা। পরীক্ষায় দেখা গেছে, নিরাপত্তাব্যবস্থায় বাধা থাকলেও বিশেষ কৌশল ব্যবহার করে সেই বাধা এড়িয়ে হামলার পরিকল্পনায় ব্যবহার করা যেতে পারে এমন তথ্য পাওয়া সম্ভব। বিষয়টি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের সরকারি জবাবদিহি দপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। পরীক্ষায় অংশ নেওয়া চারটি কৃত্রিম বুদ্ধিমত্তা হলো ওপেনএআইয়ের চ্যাটজিপিটি, অ্যানথ্রপিকের ক্লড, গুগলের জেমিনি এবং স্পেসএক্সের গ্রক।
২০২৬ সালের বসন্তে সরকারি পরীক্ষকেরা এসব কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে দুটি সম্ভাব্য হামলার পরিস্থিতি পরীক্ষা করেন। এর মধ্যে একটি ছিল বিস্ফোরক ব্যবহার করে বড় ধরনের প্রাণহানির ঝুঁকি তৈরি করা এবং অন্যটি ছিল দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা তৈরি করা।পরীক্ষায় দেখা যায়, চারটি কৃত্রিম বুদ্ধিমত্তাই কোনো না কোনোভাবে হামলার পরিকল্পনা তৈরিতে সহায়ক তথ্য দিয়েছে। দুইটি ব্যবস্থা থেকে বিস্ফোরক ব্যবহারসংক্রান্ত তথ্য পাওয়া যায়। অন্য দুইটি থেকে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপর হামলার পরিকল্পনায় সহায়ক তথ্য পাওয়া যায়।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এসব ব্যবস্থার নিরাপত্তাব্যবস্থা প্রথমে ক্ষতিকর কিছু অনুরোধ প্রত্যাখ্যান করেছিল। কোথাও তথ্য দেওয়া বন্ধ করা হয়েছে, কোথাও ব্যবহারকারীর হিসাব বন্ধ করা হয়েছে। কিন্তু পরীক্ষকেরা বিশেষ কিছু কৌশল ব্যবহার করে সেই বাধা এড়িয়ে আবারও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে সক্ষম হন। চারটি কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে হামলার পরিকল্পনায় ব্যবহার করা যেতে পারে এমন তথ্য পেতে ১২ ঘণ্টারও কম সময় লেগেছে। সরকারি পরীক্ষকেরা বিশেষজ্ঞদের সহায়তায় পাওয়া তথ্যের কার্যকারিতাও যাচাই করেছেন।
এই পরীক্ষার ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নিউ হ্যাম্পশায়ারের ডেমোক্র্যাট দলের সিনেটর ম্যাগি হাসান। তাঁর মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তাঝুঁকি এখন আর শুধু ভবিষ্যতের আশঙ্কা নয়। অসৎ উদ্দেশ্যে কেউ এসব প্রযুক্তি ব্যবহার করলে বড় ধরনের বিপদ তৈরি হতে পারে। ম্যাগি হাসান জানিয়েছেন, নতুন কংগ্রেসের কার্যক্রম শুরু হলে কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা নিয়ে শুনানির আয়োজন করবেন। একই সঙ্গে এসব প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে নতুন আইন তৈরির বিষয়েও কাজ করতে চান তিনি।
অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, তারা নিজেদের প্রযুক্তির নিরাপত্তা নিয়ে নিয়মিত পরীক্ষা চালায় এবং ঝুঁকি কমাতে কাজ করছে। প্রতিষ্ঠানগুলোর বক্তব্য অনুযায়ী, সরকারি পরীক্ষাটি কয়েক মাস আগে পুরোনো সংস্করণ ব্যবহার করে করা হয়েছিল। এরপর তাদের ব্যবস্থায় নিরাপত্তার উন্নতি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের এই সরকারি পরীক্ষায় উঠে আসা তথ্য কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। বিশেষ করে নিরাপত্তাব্যবস্থা থাকা সত্ত্বেও সেগুলো এড়িয়ে ক্ষতিকর তথ্য পাওয়ার বিষয়টি প্রযুক্তি প্রতিষ্ঠান ও নীতিনির্ধারকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।