মৃত্যুদণ্ড দেওয়ার সময় ব্যথায় কষ্ট পান বন্দি, তাঁকে মৃত ঘোষণা করতে লাগে ৬৩ মিনিট
মৃত্যুদণ্ড কার্যকরের সময় ব্যথায় কাতর হয়ে বারবার কষ্টের কথা জানান টেক্সাসের এক বন্দি। শিরায় ওষুধ দেওয়ার জন্য রক্তনালি খুঁজতে সমস্যায় পড়েন কারা কর্মকর্তারা। পুরো প্রক্রিয়া শেষ হতে সময় লাগে ৬৩ মিনিট।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড কার্যকরের সময় দীর্ঘক্ষণ ব্যথার কথা জানিয়ে কাতরাতে থাকেন ৭০ বছর বয়সী এক বন্দি। রেইনাল্ডো ডেনেস নামের ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের পুরো প্রক্রিয়া শেষ হতে ৬৩ মিনিট সময় লাগে। এ সময় তাঁকে প্রাণঘাতী ওষুধ দেওয়ার জন্য শিরায় সুচ প্রবেশ করাতে প্রয়োজনীয় রক্তনালি খুঁজতে সমস্যায় পড়েন কারা কর্মকর্তারা।বৃহস্পতিবার সন্ধ্যায় হান্টসভিলের একটি কারাগারে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ডেনেসকে ১৯৯৬ সালে হিউস্টনের হীরার ব্যবসায়ী জানোস সুজকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল।
অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়, মৃত্যুদণ্ড কার্যকরের আগে ডেনেস তাঁর স্বজনদের উদ্দেশে শেষ কথা বলেন। এরপর কারা কর্মকর্তাকে প্রক্রিয়া শুরু করার সংকেত দেন। কিন্তু প্রাণঘাতী ওষুধ প্রয়োগ শুরু হওয়ার পরপরই তিনি ব্যথার কথা বলতে থাকেন। একপর্যায়ে তিনি ঈশ্বরের কাছে কষ্ট থেকে মুক্তি চেয়ে আকুতি জানান। ডেনেস জানান, তাঁর ডান পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে। তিনি ব্যথাটিকে পেশিতে টান লাগার মতো বলে বর্ণনা করেন। একপর্যায়ে তিনি বলেন, তাঁর মনে হচ্ছে যা ঘটছে তা স্বাভাবিক নয়। তাঁকে যেন আর কষ্ট পেতে না হয়, সে জন্যও আকুতি জানান তিনি।
কারা কর্মকর্তারা প্রথমে তাঁর শরীরে ওষুধ দেওয়ার উপযুক্ত শিরা খুঁজে পেতে সমস্যায় পড়েন। পরে তাঁর বাঁ পা এবং ঘাড়ের বাঁ পাশে শিরায় সুচ প্রবেশ করানো হয়। মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরু হওয়ার ৬৩ মিনিট পর তাঁকে মৃত ঘোষণা করা হয়। তবে কারা কর্তৃপক্ষের বক্তব্য ডেনেসের অভিযোগ থেকে ভিন্ন। টেক্সাসের কারা বিভাগের মুখপাত্র আমান্ডা হার্নান্দেজ জানান, কর্মকর্তারা নির্ধারিত নিয়ম মেনেই কাজ করেছেন। তাঁর দাবি, বন্দি এমন কিছু জায়গায় ব্যথার কথা জানিয়েছিলেন, যেখানে ওষুধ দেওয়ার সুচ বসানো হয়নি। তাঁর ব্যথার অভিযোগ অতিরঞ্জিতও হতে পারে বলে মন্তব্য করেন ওই মুখপাত্র।
অন্যদিকে, ঘটনাস্থলে উপস্থিত আধ্যাত্মিক উপদেষ্টা জেফ হুড কারা কর্তৃপক্ষের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তাঁর মতে, মৃত্যুদণ্ড কার্যকরের সময় যা ঘটেছে, তা স্বাভাবিক ছিল না। ফলে এই ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি ও বন্দিদের শেষ মুহূর্তের কষ্ট নিয়ে।টেনেসি অঙ্গরাজ্যে এর আগে আরেকটি মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী ইনজেকশনের পদ্ধতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই টেক্সাসের এই ঘটনা সেই বিতর্ককে আবার সামনে এনেছে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।