নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ট্রাম্পের ১৫ বিলিয়ন ডলারের মামলা, আদালতে বড় অগ্রগতি
নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানির মামলা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার আদালত মামলার একটি অংশ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন। তবে ট্রাম্পের সব অভিযোগ টেকেনি, ২৭টি অভিযোগ বাদ পড়েছে।
নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা ১৫ বিলিয়ন ডলারের মানহানির মামলায় নতুন মোড় এসেছে। ফ্লোরিডার একটি ফেডারেল আদালত মামলার একটি অংশ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন। তবে ট্রাম্পের করা সব অভিযোগ গ্রহণ করেননি বিচারক। ৩৪টি বিতর্কিত বক্তব্যের মধ্যে ৭টি নিয়ে আইনি লড়াই চলবে। বাকি ২৭টি অভিযোগ বাদ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফ্লোরিডার টাম্পায় এ আদেশ দেন ফেডারেল বিচারক স্টিভেন মেরিডে। নিউইয়র্ক টাইমস ও বই প্রকাশনা প্রতিষ্ঠান পেঙ্গুইন র্যান্ডম হাউস মামলাটি পুরোপুরি বাতিল করার আবেদন করেছিল। বিচারক সেই আবেদন পুরোপুরি গ্রহণ করেননি। ফলে মামলার বাকি অংশ নিয়ে আইনি প্রক্রিয়া সামনে এগোবে।
ট্রাম্পের অভিযোগ, নিউইয়র্ক টাইমস তাঁর ব্যবসায়িক জীবন, সম্পদের উৎস এবং ব্যক্তিগত পরিচিতি নিয়ে এমন কিছু তথ্য প্রকাশ করেছে, যা তাঁর সুনাম ক্ষতিগ্রস্ত করেছে। তাঁর দাবি, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এসব লেখা ও বই প্রকাশের মাধ্যমে তাঁকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছিল। এ কারণে তিনি অন্তত ১৫ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন।
মামলার অন্যতম বিষয় ছিল নিউইয়র্ক টাইমসের সাংবাদিক সুজান ক্রেইগ ও রাস বুয়েটনারের লেখা ‘লাকি লুজার’ নামের একটি বই। বইটিতে ট্রাম্পের পারিবারিক সম্পদ, ব্যবসা পরিচালনা এবং কীভাবে তিনি নিজের সফল ব্যবসায়ী পরিচিতি তৈরি করেছেন, তা নিয়ে আলোচনা করা হয়েছে। এ ছাড়া নিউইয়র্ক টাইমসের কয়েকটি প্রতিবেদনও মামলার আওতায় আনা হয়েছিল।
বিচারকের আদেশ অনুযায়ী, যেসব বক্তব্য নিয়ে মামলা চলবে, সেগুলোর মধ্যে ট্রাম্পের বিরুদ্ধে জটিল আর্থিক অপরাধে জড়িত থাকার অভিযোগসংক্রান্ত বক্তব্য রয়েছে। বিচারকের মতে, ট্রাম্পের অভিযোগ অনুযায়ী এসব বক্তব্য প্রকাশের আগে সাংবাদিকদের কাছে যথেষ্ট তথ্য বা বিশেষজ্ঞের মতামত ছিল কি না, তা নিয়ে আইনি প্রশ্ন রয়েছে। তবে মামলার ২৭টি অভিযোগ বাদ পড়ায় ট্রাম্পের দাবি অনেকটাই সীমিত হয়ে গেছে। বিশেষ করে তাঁর জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘দ্য অ্যাপ্রেন্টিস’ তৈরিতে ভূমিকা নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের বিরুদ্ধে করা অভিযোগ আদালত গ্রহণ করেননি।
অন্যদিকে নিউইয়র্ক টাইমস শুরু থেকেই ট্রাম্পের অভিযোগ অস্বীকার করে আসছে। সংবাদমাধ্যমটির বক্তব্য, মামলার অধিকাংশ অভিযোগ আদালত বাদ দিয়েছেন এবং বাকি অভিযোগগুলোরও কোনো আইনি ভিত্তি নেই। প্রতিষ্ঠানটি আরও বলেছে, সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর চাপ সৃষ্টি করতেই এ ধরনের মামলা করা হয়েছে। বই প্রকাশনা প্রতিষ্ঠান পেঙ্গুইন র্যান্ডম হাউসও তাদের বই ও লেখকদের অবস্থানের পক্ষে রয়েছে।
ট্রাম্প ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে নিউইয়র্ক টাইমস ও সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে মামলাটি করেন। পরে মামলার প্রথম অভিযোগপত্র আদালত থেকে বাদ পড়লে নতুন করে সংশোধিত অভিযোগ জমা দেওয়া হয়। এবার বিচারকের আদেশে মামলার কিছু অভিযোগ টিকে থাকায় আইনি লড়াই আরও সামনে এগোনোর সুযোগ তৈরি হয়েছে। তবে আদালতের এই সিদ্ধান্তকে ট্রাম্পের মামলায় জয় হিসেবে দেখার সুযোগ নেই। বিচারক শুধু জানিয়েছেন, কয়েকটি অভিযোগ নিয়ে বিচারিক প্রক্রিয়া চালানো যেতে পারে। নিউইয়র্ক টাইমস বা প্রকাশনা প্রতিষ্ঠানটি শেষ পর্যন্ত মানহানির জন্য দায়ী কি না, তা এখনো নির্ধারিত হয়নি। মামলার পরবর্তী শুনানি ও প্রমাণ পর্যালোচনার পরই বিষয়টি পরিষ্কার হবে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।