চীনে প্রায় ৯ লাখ এআই চিপ বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র, কেন এই সিদ্ধান্ত?
চীনের কাছে উন্নত প্রযুক্তি বিক্রি নিয়ে কঠোর অবস্থানের কথা বলে আসছে যুক্তরাষ্ট্র। কিন্তু ছয় মাসে প্রায় ৯ লাখ এআই চিপ রপ্তানির অনুমতি দেওয়ার তথ্য প্রকাশের পর দেশটির নীতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে প্রায় ৯ লাখ উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ রপ্তানির অনুমতি দিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মে পর্যন্ত ছয় মাসে এসব চিপ রপ্তানির অনুমোদন দেওয়া হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটি এ তথ্য প্রকাশ করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের ১৯ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, মোট ৮ লাখ ৭৯ হাজার চিপ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল। এসব চিপ তৈরি করে যুক্তরাষ্ট্রের দুই বড় প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। তবে অনুমতি পাওয়া সব চিপ বাস্তবে চীনে পাঠানো হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। চীনের কয়েকটি বড় প্রতিষ্ঠানের জন্যও এসব চিপ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল। এর মধ্যে আলিবাবার জন্য ৭৫ হাজার, টেনসেন্টের জন্য ১ লাখ ৫০ হাজার, বাইদুর জন্য ৪৩ হাজার এবং বিওয়াইডির জন্য ৪ হাজার চিপের অনুমোদন ছিল। ওই ছয় মাসে চীনে মোট ৩৪ লাখ চিপ পাঠানোর অনুমতি চেয়েছিল বিভিন্ন প্রতিষ্ঠান। এর মধ্যে ৮ লাখ ৭৯ হাজার চিপ রপ্তানির অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ।
এই তথ্য প্রকাশের পর যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও প্রযুক্তি নিয়ন্ত্রণনীতি নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, ওয়াশিংটন দীর্ঘদিন ধরে চীনের হাতে উন্নত প্রযুক্তি পৌঁছানো সীমিত রাখার চেষ্টা করছে। দেশটির আশঙ্কা, এসব শক্তিশালী চিপ সামরিক কাজে কিংবা অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরিতে ব্যবহার করা হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তালিকায় আলিবাবা ও টেনসেন্টসহ সংশ্লিষ্ট কয়েকটি চীনা প্রতিষ্ঠানকে সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্কিত বলে চিহ্নিত করা হয়েছে। তবে এই তালিকায় থাকার অর্থ এই নয় যে, অনুমোদন পাওয়া চিপগুলো সামরিক কাজে ব্যবহার করা হয়েছে।
এদিকে এনভিডিয়া জানিয়েছে, চিপ রপ্তানির অনুমতিগুলো কঠোর শর্ত ও নির্দিষ্ট পরিমাণের মধ্যে সীমাবদ্ধ ছিল। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, তারা পরে চীনে এইচ২০০ মডেলের চিপ পাঠানো বন্ধ করেছে। অন্যদিকে এএমডি বলেছে, তারা যুক্তরাষ্ট্রের রপ্তানি আইন মেনে ব্যবসা পরিচালনা করে।যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের এই কমিটির প্রকাশ করা তথ্য নতুন করে আলোচনা তৈরি করেছে—চীনের কাছে উন্নত প্রযুক্তি বিক্রির ক্ষেত্রে মার্কিন সরকারের নিয়ন্ত্রণ কতটা কার্যকর। বিশেষ করে জাতীয় নিরাপত্তার কথা বলে প্রযুক্তি রপ্তানিতে কড়াকড়ি আরোপের পাশাপাশি বিপুলসংখ্যক চিপ বিক্রির অনুমতি দেওয়ার বিষয়টি নিয়ে সমালোচনা বাড়ছে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।