সখীপুরে গ্রেপ্তার চার সাংবাদিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মির্জাপুরে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
টাঙ্গাইলের সখীপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার হওয়া চার সাংবাদিকের নিঃশর্ত মুক্তি, তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মির্জাপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) মির্জাপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের উদ্যোগে মির্জাপুর চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের নানা অসংগতি, অনিয়ম, দুর্নীতি ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরতে সংবাদ সংগ্রহ করেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক যেন হয়রানি, ভয়ভীতি কিংবা অন্যায় মামলার শিকার না হন, তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব। সখীপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে চার সাংবাদিক গ্রেপ্তারের ঘটনায় সাংবাদিক সমাজ উদ্বিগ্ন ও ক্ষুব্ধ।
বক্তারা অভিযোগ করেন, সংবাদ সংগ্রহের সময় ওই চার সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়ে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। তবে অভিযোগের সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করতে হবে। কেউ অপরাধ করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু পেশাগত দায়িত্ব পালনের কারণে কোনো সাংবাদিককে হয়রানি করা গ্রহণযোগ্য নয়।
তাঁরা আরও বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ কিংবা সংবাদ প্রকাশে বাধা সৃষ্টি করে সত্যকে আড়াল করা যাবে না। সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। এ ঘটনায় কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ বা বিশৃঙ্খলা সৃষ্টি করে থাকলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাঁদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
সমাবেশ থেকে গ্রেপ্তার চার সাংবাদিকের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
বক্তারা সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সাংবাদিকদের ন্যায়সংগত দাবিগুলো দ্রুত বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মির্জাপুরে কর্মরত বিভিন্ন জাতীয়, স্থানীয় ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।