পুরোনো বয়ান নয়, দোষারোপ নয়—সংযত ভাষায় দেশবাসীকে আসা জাগালো তারেক রহমান

দীর্ঘ সময় সরাসরি রাজনীতির মাঠে না থাকলেও রাজনীতির বাস্তবতা থেকে বিচ্ছিন্ন ছিলেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একজন দর্শক হিসেবে রাজনীতি দেখার অভিজ্ঞতা থেকেই তাঁর সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট হয়েছে সংযম, আত্মসমালোচনা ও পরিবর্তনের ইঙ্গিত।

PostImage

পুরোনো বয়ান নয়, দোষারোপ নয়—সংযত ভাষায় দেশবাসীকে আসা জাগালো তারেক রহমান


যুবায়ের হোসাইন, ঢাকা : রাজনীতিতে সক্রিয় না থেকেও রাজনীতিকে গভীরভাবে বোঝা যায়—এই বাস্তবতাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ সময় ধরে সরাসরি রাজনীতির মাঠে উপস্থিত থাকতে না পারলেও, একজন ‘দর্শক’ হিসেবে রাজনীতিকে দেখার অভিজ্ঞতা যে একজন নেতাকে কতটা বদলে দিতে পারে, তার স্পষ্ট প্রতিফলন দেখা গেছে তাঁর সাম্প্রতিক বক্তব্য ও আচরণে।

দীর্ঘ বক্তৃতা, অতীত গৌরবের পুনরাবৃত্তি কিংবা রাজনৈতিক প্রতিপক্ষকে দোষারোপ—এসব চিরাচরিত রাজনৈতিক উপাদান থেকে সচেতনভাবেই সরে এসেছেন তিনি। বরং সাধারণ মানুষের মতো করে রাজনীতি দেখার অভিজ্ঞতা থেকেই তিনি উপলব্ধি করেছেন, বারবার বাপ–দাদার গল্প শুনতে শুনতে মানুষ ক্লান্ত। সেই উপলব্ধি থেকেই তিনি পুরোনো বয়ানের পথে হাঁটেননি।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ পরিবর্তন এসেছে প্রতীকে ও আচরণে। ‘স্পেশাল চেয়ার’ ছেড়ে সাধারণ চেয়ারে বসা নিছক আনুষ্ঠানিকতা নয়; এটি রাজনীতিতে দূরত্ব কমানোর এক প্রতীকী বার্তা। নিজেকে সাধারণ মানুষের ঊর্ধ্বে তুলে ধরলে যে এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি হয়—যার পরিণতি পর্যন্ত দেশ ছাড়ার বাস্তবতাও হতে পারে—সে অভিজ্ঞতা থেকেই তারেক রহমান এবার সচেতনভাবে নিজেকে মানুষের কাছাকাছি রাখার চেষ্টা করেছেন।

তার বক্তব্যে আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল সংযম। তিনি বুঝেছেন, কিছু বিশেষ মুহূর্তের বক্তব্য মানুষের স্মৃতিতে দীর্ঘদিন থেকে যায়। সে কারণেই আবেগতাড়িত দীর্ঘ ভাষণের পরিবর্তে তিনি অল্প কথায়, ভেবেচিন্তে নিজের বক্তব্য শেষ করেছেন। রাজনৈতিক মঞ্চে অপ্রয়োজনীয় কথা বলে ফেলার ঝুঁকি এড়াতেও এটি ছিল এক পরিণত সিদ্ধান্ত।

তবে ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি কিছু সীমাবদ্ধতাও চোখে পড়েছে বিশ্লেষকদের। তারেক রহমানের ভাষা এখনো পুরোপুরি সাধারণ মানুষের ভাষায় রূপ নিতে পারেনি। বক্তব্যে এখনো নেতাসুলভ, কিছুটা জেনেরিক রাজনৈতিক ভাষার প্রাধান্য ছিল। অথচ বাংলাদেশের বাস্তবতায় প্রায় ষোলো কোটি মানুষ রাজনীতি করে জীবিকা নির্বাহ করে না; তারা সাধারণ নাগরিক। তাদের জীবন, সংগ্রাম, দুশ্চিন্তা ও ভাষাই হওয়া উচিত রাজনৈতিক বক্তব্যের মূল কেন্দ্রবিন্দু।

বিশেষ করে যখন এত বড় পরিসরে ‘প্ল্যান’-এর কথা বলা হয়েছে, তখন সেটি কেবল স্লোগান নয়—একটি বাস্তব, স্পষ্ট ও সময়োপযোগী পরিকল্পনা হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে। সেই পরিকল্পনা যদি কেবল দলীয় স্বার্থে সীমাবদ্ধ থাকে, তবে তা মানুষের আশা পূরণ করবে না। পরিকল্পনাকে হতে হবে জনগণের পক্ষে, জনগণের জন্য।

তবু সবকিছু মিলিয়ে একটি বিষয় অস্বীকার করার সুযোগ নেই—পরিবর্তনের যে ইঙ্গিত তারেক রহমান দিয়েছেন, তা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, সংযত ভাষা এবং আত্মসমালোচনার ছাপ—এসবই ইতিবাচক রাজনীতির লক্ষণ।

রাজনীতিতে প্রত্যাবর্তন যদি এত আড়ম্বরপূর্ণ হয়, তবে জনমনে একটি প্রত্যাশাও তৈরি হয়—এই যাত্রার শেষটা যেন হয় তার চেয়েও বেশি সম্মানের। সময়ই বলে দেবে, এই পরিবর্তনের ইঙ্গিত বাস্তবে কতটা রূপ নেয়। তবে আপাতত এটুকু বলা যায়, দর্শক হয়ে রাজনীতি দেখার অভিজ্ঞতা তারেক রহমানকে নতুন করে ভাবতে শিখিয়েছে—আর সেটিই আজকের সবচেয়ে বড় সংবাদ।

সিএসবি নিউজ-এর আরও খবর