নাটোরে ‘জয় বাংলা’ স্লোগানে শতাধিক রাউন্ড গুলি, ককটেল বিস্ফোরণ
রাতে ঘটে যাওয়া গোলাগুলির ঘটনার পর ঘটনাস্থল থেকে এই গুলির খোসাগুলো উদ্ধার করা হয়। কাঠের বেঞ্চের উপর সাজিয়ে রাখা খোসাগুলো দেখতে ভিড় করেন স্থানীয়রা। কে বা কারা গুলি চালিয়েছে, এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নাটোরের দত্তপাড়া বাজারে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মুহুর্মুহু ফাঁকা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তিনটি মাইক্রোবাস, একটি পিকআপ ও একটি প্রাইভেটকারে করে আসা মুখোশধারী দুর্বৃত্তদের এমন তাণ্ডবে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নাটোর সদর উপজেলার দত্তপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, কয়েকটি যানবাহনে করে বাজারে এসে অবস্থান নেয় দুর্বৃত্তরা। এরপর ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দিতে তারা এলোপাতাড়ি ফাঁকা গুলি ছোড়ে। একই সঙ্গে সড়কে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্বৃত্তের সংখ্যা ছিল ২৫ থেকে ৩০ জন। তারা শতাধিক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি গাড়ি লক্ষ্য করেও গুলিবর্ষণ করা হয়। পরে তারা যানবাহন নিয়ে বনপাড়ার দিকে চলে যায়।
হঠাৎ গুলির শব্দ ও বিস্ফোরণে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। অনেকেই দোকানপাট বন্ধ করে নিরাপদ আশ্রয়ে চলে যান।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তবে কারা, কী উদ্দেশ্যে এমন ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ তুললেও পুলিশ এখনো কাউকে দায়ী করেনি।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।