আইবিএম কেন বিদেশি কর্মীদের চাকরির ভিসা ও গ্রিন কার্ডের ব্যবস্থা করা বন্ধ করছে?
বিদেশি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম। প্রতিষ্ঠানটির পরামর্শক বিভাগের অধিকাংশ পদে নতুন ভিসা ও গ্রিন কার্ডের জন্য স্পনসর করবে না তারা।
যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম তাদের পরামর্শক বিভাগের অধিকাংশ পদে বিদেশি কর্মীদের জন্য ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রে কাজ করতে আগ্রহী বিদেশি কর্মীদের জন্য প্রতিষ্ঠানটিতে চাকরির সুযোগ পাওয়া এবং দীর্ঘমেয়াদে থাকার অনুমতি পাওয়ার পথ কঠিন হতে পারে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আইবিএমের এই সিদ্ধান্ত তাদের কনসাল্টিং বা পরামর্শক বিভাগের অধিকাংশ পদের ক্ষেত্রে কার্যকর হবে। এই বিভাগে দেড় লাখের বেশি কর্মী রয়েছেন। তবে প্রতিষ্ঠানটির সব বিভাগে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করা হচ্ছে না।
আইবিএমের এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, দক্ষ কর্মীর ঘাটতি পূরণ করতে প্রতিষ্ঠানটি আগে বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন কর্মভিসা ব্যবস্থার সহায়তা নিত। তবে কয়েক বছর ধরে এসব ব্যবস্থার ব্যবহার কমেছে। কর্মীদের দক্ষতা, কাজের প্রয়োজন এবং গ্রাহকদের চাহিদায় পরিবর্তন আসায় অধিকাংশ পরামর্শক পদের ক্ষেত্রে স্পনসরশিপ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্লুমবার্গের হাতে আসা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ একটি নথির বরাত দিয়ে জানানো হয়েছে, এই সিদ্ধান্তের আওতায় পড়া কর্মীদের সামনে দুটি পথ রাখা হয়েছে। তাঁরা চাইলে যুক্তরাষ্ট্রের বাইরে আইবিএমের কোনো পদে কাজ চালিয়ে যেতে পারবেন। অন্যথায় বছরের শেষ নাগাদ প্রতিষ্ঠানটি ছেড়ে দিতে হবে। তবে কতজন কর্মী সরাসরি এই সিদ্ধান্তের প্রভাবে পড়বেন, সে সংখ্যা প্রকাশ করা হয়নি।
এই সিদ্ধান্ত বিশেষ করে তাঁদের জন্য গুরুত্বপূর্ণ, যাঁরা এইচ-১বি কর্মভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করছেন এবং ভবিষ্যতে চাকরিদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রিন কার্ড পাওয়ার আশা করছেন। কারণ, অনেক বিদেশি দক্ষ কর্মী যুক্তরাষ্ট্রে চাকরি পাওয়ার পাশাপাশি স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়ার জন্যও নিয়োগদাতা প্রতিষ্ঠানের সহায়তার ওপর নির্ভর করেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিদেশি কর্মী নিয়োগের বিষয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি ও চাপ বাড়ানোর মধ্যেই আইবিএমের এই সিদ্ধান্ত এসেছে। এর আগে মাইক্রোসফট, অ্যাডোবি এবং কয়েকটি বড় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের গ্রিন কার্ডের প্রাথমিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ স্থগিত করা হয়েছিল।
তবে আইবিএমের সিদ্ধান্তের অর্থ এই নয় যে প্রতিষ্ঠানটি সব বিদেশি কর্মীকে চাকরি থেকে বাদ দিচ্ছে কিংবা যুক্তরাষ্ট্রে তাদের সব ধরনের নিয়োগ বন্ধ করছে। সিদ্ধান্তটি মূলত পরামর্শক বিভাগের অধিকাংশ পদের জন্য ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপের সঙ্গে সম্পর্কিত।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।