রাশিয়ার বোমা ও ড্রোন হামলায় ইউক্রেনে একদিনে নিহত ১০, আহত আরও ৪০ জন
ইউক্রেনের বিভিন্ন এলাকায় নতুন করে হামলা চালিয়েছে রাশিয়া। এক দিনের এসব হামলায় প্রাণ হারিয়েছেন ১০ জন, আহত হয়েছেন আরও ৪০ জন।
ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার নতুন দফার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম কিয়েভ ইন্ডিপেনডেন্ট। ইউক্রেনের দনিপ্রোপেত্রোভস্ক, খারকিভ, খেরসন, খমেলনিতস্কি ও ঝিতোমির অঞ্চলে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এসব হামলায় বিদ্যুৎ সরবরাহব্যবস্থা, গুদাম এবং কৃষি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাজধানী কিয়েভেও হামলা চালানো হয়। শহরটির সামরিক প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, সেখানে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, ১২ নভেম্বর রাতে রাশিয়া ইস্কান্দার ও এস-৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র এবং ১২৩টি দূরপাল্লার হামলাকারী ড্রোন ব্যবহার করে। এসব হামলা ঠেকাতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কাজ করেছে।
হামলার পর বিভিন্ন এলাকায় উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত স্থানে কাজ করেন। বিদ্যুৎ ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা এবং জরুরি পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা চললেও হামলা অব্যাহত রয়েছে। নতুন করে প্রাণহানি ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি দুই দেশের মধ্যে চলমান সংঘাতের ভয়াবহ পরিস্থিতি আবারও সামনে এনেছে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।