বিমানবন্দর ও আকাশপথের ব্যবস্থা উন্নত করতে ৩০১০ কোটি ডলার চাইছে ট্রাম্প প্রশাসন
বিমান চলাচলের নিরাপত্তা বাড়ানো, পুরোনো প্রযুক্তি বদলানো এবং বিমানবন্দরের সুযোগ-সুবিধা উন্নত করতে কংগ্রেসের কাছে বিপুল অর্থ চেয়েছে ট্রাম্প প্রশাসন।
যুক্তরাষ্ট্রের বিমানবন্দর ও আকাশপথে বিমান চলাচলের ব্যবস্থা আধুনিক করতে কংগ্রেসের কাছে অতিরিক্ত ৩০১০ কোটি ডলার চেয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। পুরোনো প্রযুক্তি পরিবর্তন, বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার উন্নয়ন এবং বিমানবন্দরের অবকাঠামো শক্তিশালী করার জন্য এই অর্থ ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে।
হোয়াইট হাউস ও দেশটির পরিবহন বিভাগ জানিয়েছে, প্রস্তাবিত অর্থের মধ্যে ১৮০০ কোটি ডলার ব্যয় করা হবে বিমানবন্দর উন্নয়নে। এর মধ্যে প্রায় ১০০০ কোটি ডলার রাখা হয়েছে বিমানবন্দরের যাত্রী ওঠানামার স্থান ও টার্মিনাল উন্নয়নের জন্য। বাকি অর্থ দিয়ে বিভিন্ন বিমানবন্দরের সুযোগ-সুবিধা ও অবকাঠামো উন্নত করার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা আধুনিক করতে ১০১০ কোটি ডলার চাওয়া হয়েছে। এর মধ্যে ৭২০ কোটি ডলার ব্যয় করা হবে নতুন কম্পিউটার ব্যবস্থা ও নিয়ন্ত্রণকেন্দ্রের কর্মীদের জন্য আধুনিক যন্ত্রপাতি স্থাপনে। আরও ২০০ কোটি ডলার ব্যয় করার পরিকল্পনা রয়েছে বিমান চলাচল নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত পুরোনো টাওয়ারগুলো পরিবর্তন বা উন্নত করতে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের অনেক বিমান চলাচল নিয়ন্ত্রণকেন্দ্রে কয়েক দশক আগের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। পুরোনো কম্পিউটার, যোগাযোগব্যবস্থা ও তথ্য আদান-প্রদানের পদ্ধতির কারণে বিভিন্ন সময় বিমান চলাচলে সমস্যা দেখা দিয়েছে। এসব দুর্বলতা দূর করে বিমান চলাচলকে আরও নিরাপদ ও দ্রুত করতে নতুন প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আগে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেস বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা উন্নত করতে ১২৫০ কোটি ডলার অনুমোদন করেছিল। এবার সেই কাজ আরও এগিয়ে নিতে অতিরিক্ত অর্থ চাওয়া হয়েছে।
পরিবহন খাতের কর্মকর্তাদের মতে, নতুন প্রযুক্তি চালু হলে বিমান চলাচল নিয়ন্ত্রণে কর্মীরা আরও সহজে প্রয়োজনীয় তথ্য পাবেন। এতে বিমান চলাচলের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি ফ্লাইটের দেরি কমানো এবং বিমানবন্দরগুলোর কার্যক্রম উন্নত করার সুযোগ তৈরি হবে। তবে হোয়াইট হাউসের চাওয়া এই ৩০১০ কোটি ডলার এখনো অনুমোদিত হয়নি। অর্থ ছাড়ের জন্য কংগ্রেসের সম্মতি প্রয়োজন। ফলে প্রস্তাবটি অনুমোদিত হলেই কেবল পরিকল্পনা অনুযায়ী অর্থ ব্যয় করা সম্ভব হবে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।