বাংলাদেশ থেকে পাট, পোশাক ও ওষুধ নিতে আগ্রহী আফ্রিকার দেশ এসওয়াতিনি
আফ্রিকার দেশ এসওয়াতিনির সঙ্গে বাণিজ্য ও স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ। জলবায়ু সম্মেলনের ফাঁকে দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
আফ্রিকার দেশ এসওয়াতিনির সঙ্গে বাণিজ্য, স্বাস্থ্যসেবা ও পরিবেশবান্ধব পণ্যের ব্যবসা বাড়ানোর নতুন সম্ভাবনা তৈরি করতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে দেশটির প্রধানমন্ত্রী রাসেল ড্লামিনির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৈঠকে বাংলাদেশের পাটজাত পণ্য, তৈরি পোশাক ও ওষুধ রপ্তানি বাড়ানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।
১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে এসওয়াতিনির পর্যটন ও পরিবেশবিষয়ক মন্ত্রী জেন মখোন্তা-সিমেলানে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ উপস্থিত ছিলেন।
বৈঠকে শামা ওবায়েদ ইসলাম জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকারের কথা তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখা, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে অনুদান পাওয়া এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়ন নিশ্চিত করা জরুরি।
তিনি আরও জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্য নিয়েছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দুই দেশের একই ধরনের অগ্রাধিকার রয়েছে বলে উল্লেখ করেন এসওয়াতিনির প্রধানমন্ত্রী। আগামী ৩২তম জলবায়ু সম্মেলন আফ্রিকার দেশ ইথিওপিয়ায় আয়োজনের আগে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের পাট নিয়ে বিশেষ আগ্রহ দেখান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, পাট পরিবেশবান্ধব, সহজে পচনশীল এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে ব্যবহারযোগ্য। এসওয়াতিনিতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ করার উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি দেশটিকে পাটের ব্যাগ ও পাটজাত পণ্য ব্যবহারের পরামর্শ দেন।
বাংলাদেশের পাটের তৈরি বিভিন্ন পণ্য দেখতে এসওয়াতিনির প্রধানমন্ত্রীকে জলবায়ু সম্মেলনের সবুজ অঞ্চলে অবস্থিত বাংলাদেশের পাটের প্রদর্শনী কেন্দ্র পরিদর্শনের আমন্ত্রণ জানান তিনি। পাশাপাশি বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে পরিবেশবান্ধব উৎপাদন ও পুনর্ব্যবহারের উদ্যোগের কথা তুলে ধরে এসওয়াতিনিকে আরও বেশি বাংলাদেশি পোশাক আমদানির আহ্বান জানান।
স্বাস্থ্যসেবাও দুই দেশের আলোচনায় গুরুত্বপূর্ণ জায়গা পায়। এসওয়াতিনির প্রধানমন্ত্রী তাঁর দেশের স্বাস্থ্য খাতের বিভিন্ন প্রয়োজনের কথা তুলে ধরেন। জবাবে শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশের ওষুধশিল্পের সক্ষমতার কথা জানান। তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে ১৫০টিরও বেশি দেশে মানসম্মত ও তুলনামূলক কম দামের ওষুধ রপ্তানি করছে। এসওয়াতিনির প্রয়োজন মেটাতে বাংলাদেশ ওষুধ সরবরাহে সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফিরিয়ে নিতে এসওয়াতিনির আরও জোরালো সমর্থন চান বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বৈঠকের শেষে এসওয়াতিনির প্রধানমন্ত্রীকে বাংলাদেশের পাটের কাপড় দিয়ে তৈরি একটি বিশেষ জ্যাকেট উপহার দেন শামা ওবায়েদ ইসলাম। উপহারটি পেয়ে সন্তোষ প্রকাশ করেন রাসেল ড্লামিনি। বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের প্রচারে প্রতিমন্ত্রীর উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।