নতুন ওষুধ দ্রুত বাজারে আনার বিশেষ ব্যবস্থা বন্ধ, পাচ্ছে না নতুন ওষুধের অনুমতি
দ্রুত ওষুধ অনুমোদনের জন্য বিশেষ কর্মসূচি চালু করেছিল ট্রাম্প প্রশাসন। কিন্তু সাবেক প্রধান দায়িত্ব ছাড়ার পর থেকে নতুন কোনো ওষুধ এই সুবিধা পাচ্ছে না। কর্মসূচিটির ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
যুক্তরাষ্ট্রে দ্রুত ওষুধ অনুমোদনের জন্য চালু করা বিশেষ কর্মসূচি কার্যত বন্ধ হয়ে গেছে। নতুন কোনো ওষুধকে এই কর্মসূচির আওতায় বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে না। বিষয়টি উঠে এসেছে বার্তা সংস্থা রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে।
২০২৫ সালের জুনে ট্রাম্প প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এই কর্মসূচি চালু করে। এর নাম দেওয়া হয়েছিল কমিশনার্স ন্যাশনাল প্রায়োরিটি ভাউচার কর্মসূচি। এর উদ্দেশ্য ছিল জনস্বাস্থ্য, জাতীয় নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ চিকিৎসার প্রয়োজন রয়েছে—এমন কিছু ওষুধের অনুমোদন দ্রুত সম্পন্ন করা সাধারণত কোনো ওষুধের নিরাপত্তা ও কার্যকারিতা যাচাই করে অনুমোদন দিতে কয়েক মাস বা তার বেশি সময় লাগে। কিন্তু এই বিশেষ কর্মসূচির আওতায় নির্বাচিত ওষুধের ক্ষেত্রে এক থেকে দুই মাসের মধ্যে সিদ্ধান্ত দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।
এ পর্যন্ত ২২টি ওষুধ এই কর্মসূচির আওতায় বিশেষ সুবিধা পেয়েছে। এর মধ্যে ১২টি ওষুধ অনুমোদন পেয়েছে। কয়েকটি ওষুধের অনুমোদন স্বাভাবিক সময়ের তুলনায় আট মাস বা তারও বেশি আগে সম্পন্ন হয়েছে। তবে এফডিএর সাবেক প্রধান মার্টি মাকারি গত মে মাসে দায়িত্ব ছাড়ার পর থেকে নতুন কোনো ওষুধকে এই কর্মসূচির সুবিধা দেওয়া হয়নি। একই সঙ্গে ওষুধ অনুমোদনের কাজ দ্রুত করার জন্য গঠিত বিশেষ পরিষদের কার্যক্রমও থেমে গেছে।
রয়টার্সের হাতে আসা অভ্যন্তরীণ নথি এবং সংশ্লিষ্ট ছয়জনের দেওয়া তথ্য অনুযায়ী, কর্মসূচির আওতায় থাকা নতুন আবেদনগুলোও সামনে এগোচ্ছে না। ফলে দ্রুত অনুমোদনের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা এখন কার্যত থমকে আছে এদিকে, কর্মসূচিটি নিয়ে শুরু থেকেই সমালোচনা ছিল। বিশেষজ্ঞদের আশঙ্কা, খুব অল্প সময়ে ওষুধ অনুমোদনের সিদ্ধান্ত নিতে গেলে ওষুধের নিরাপত্তা ও কার্যকারিতা যাচাইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়তে পারে। এ ছাড়া রাজনৈতিক প্রভাবের কারণে ওষুধ অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
তবে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, কর্মসূচিটি এখনো চালু রয়েছে। এ বিষয়ে পাওয়া মতামত পর্যালোচনা করে কর্মসূচির কাঠামো উন্নত করার কাজ চলছে। অর্থাৎ, কর্মসূচিটি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়নি। তবে নতুন ওষুধকে বিশেষ সুবিধা দেওয়া বন্ধ থাকায় এর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ওষুধ অনুমোদনের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি রোগীদের নিরাপত্তা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। তাই বিশেষজ্ঞদের মতে, নতুন ওষুধ বাজারে ছাড়ার আগে যথাযথ পরীক্ষা ও বৈজ্ঞানিক যাচাইয়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।